শুটিং বিশ্বকাপে ফের সোনা ভারতের, ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড ইভেন্ট থেকে এল ব্রোঞ্জও
শুটিং বিশ্বকাপে ফের সোনা ভারতের, ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড ইভেন্ট থেকে এল ব্রোঞ্জও
শুটিং বিশ্বকাপে ভারতের সফলতা অব্যাহত। এবার ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড টিম ইভেন্ট থেকে সোনা জিতল মানু ভাকের ও সৌরভ চৌধুরী জুটি। একই ইভেন্ট থেকে ব্রোঞ্জ পদক জিতল ভারতের যশস্বিনী দেসওয়াল ও অভিষেক ভার্মার জুটি। এই সাফল্যে মুগ্ধ ভারতের ক্রীড়া প্রেমীরা। ভারতীয় শুটারদের এমন পারফরম্যান্স জারি থাকলে টোকিও অলিম্পিক থেকে পদক আসবে বলে মনে করা হচ্ছে।

সোমবার দিল্লির দিল্লির ডক্টর কার্নি সিং শুটিং রেঞ্জে ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড টিম ইভেন্টের ফাইনালে ইরানের সঙ্গে লড়াই হয় ভারতের মানু ভাকের ও সৌরভ চৌধুরী জুটির। ১৬-১২ পয়েন্টের ব্যবধানে মোকবিলা জিতে নেন দুই ভারতীয়। তুরস্কের জুটিকে ১৭-১৩ পয়েন্টে হারিয়ে একই ইভেন্ট থেকে ব্রোঞ্জ পদক জিতেছেন ভারতের যশস্বিনী দেসওয়াল ও অভিষেক ভার্মা। একই বিশ্বকাপের বিভিন্ন ইভেন্ট থেকে সোনা ও ব্রোঞ্জ জেতা এই দুই ভারতীয় শুটার বিশ্ব ক্রমতালিকার শীর্ষ স্থানে পৌঁছে গিয়েছেন।
এর আগে আইএসএসএফ বিশ্বকাপের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে সোনা জিতেছেন ভারতের যশস্বিনী দেসওয়াল। রূপো জিতেছেন ভারতেরই মানু ভাকের। দিল্লির ডক্টর কার্নি সিং শুটিং রেঞ্জে ইভেন্টের আট প্রতিযোগীর ফাইনালে ২৩৮.৮ শট নিয়ে শীর্ষ স্থান দখল করেন যশস্বিনী। দ্বিতীয় স্থানে থাকা মনু ভাকেরের ঝুলিতে থাকে ২৩৬.৭ শট। ২১৫.৯ শটের অধিকারি বেলারুশের ভিক্টোরিয়া চাইকা ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্ট থেকে ব্রোঞ্জ পদক জিতেছেন।
করোনা ভাইরাসের আবহে নয়াদিল্লিতে চলতে থাকা শুটিং বিশ্বকাপে ভারতকে প্রথম পদক এনে দেন দিব্যাংশ পানওয়ার। ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে ব্রোঞ্জ জেতেন জয়পুরের শুটার। রবিবার ১০ মিটার এয়ার রাইফেলের দলগত ইভেন্টে রুপো জেতে ভারত। ভারতের এই দলে ছিলেন দীপক কুমার, পঙ্কজ কুমার ও ঐশ্বর্য প্রতাপ সিং তোমর। ১০ মিটার এয়ার পিস্তলে মহিলাদের দলগত ইভেন্টে রূপো জেতেন ভারতীয় মহিলারা। ১০ মিটার এয়ার রাইফেলের মিক্সড ইভেন্টের ফাইনালে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিল দিব্যাংশ সিং পানওয়ার এবং এলাভেনিল ভালারিভান জুটি।
সব মিলিয়ে চলতি ইভেন্ট থেকে এখনও পর্যন্ত মোট ১২টি পদক জিতেছে ভারত। তার মধ্যে পাঁচটি সোনা, তিনটি রূপো এবং চারটি ব্রোঞ্জ। দ্বিতীয় স্থানে থাকা আমেরিকার পদক সংখ্যা ৬।












Click it and Unblock the Notifications