মমতা সহমর্মী প্রতিবাদী কুস্তিগীরদের প্রতি, দিল্লি পুলিশের ভূমিকা নিয়ে তুলোধনা মোদী সরকারকে
দিল্লি পুলিশ রাতের অন্ধকারে যন্তর মন্তরে প্রতিবাদী কুস্তিগীরদের উপর চড়াও হয় বলে অভিযোগ। বজরং পুনিয়া, সাক্ষী মালিক, ভিনেশ ফোগাটদের অভিযোগ, মহিলা কুস্তিগীরদের পুলিশি নিগ্রহের মুখে পড়তে হয়েছে।
বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই কুস্তিগীরদের পাশে থাকার বার্তা দিয়েছিলেন। রং না দেখে দোষীদের শাস্তির দাবিও জানিয়েছিলেন। যন্তর মন্তরে ধরনাস্থলে গিয়ে কুস্তিগীরদের সঙ্গে দেখা করেছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ দোলা সেন।

যখন গতকাল রাতে দিল্লি পুলিশের সঙ্গে কুস্তিগীরদের সংঘর্ষ হয় তখন মমতা বন্দ্যোপাধ্যায় মালদহে। আজ বিকেলে মালদহেই দলীয় কর্মসূচি থেকে তৃণমূল কংগ্রেসের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, দিল্লিতে রাতে দিল্লি পুলিশ গিয়ে মহিলা কুস্তিগীরদের মারধর করেছে। সেখানে কটা কেন্দ্রীয় দল পাঠানো হয়েছে?
ভারতের কুস্তি ফেডারেশনের সভাপতি তথা বিজেপি সাংসদ ব্রিজ ভূষণ শরণ সিং যৌন নির্যাতন ও হেনস্থায় অভিযুক্ত। নাবালিকা-সহ ৭ মহিলা কুস্তিগীর অভিযোগ করেছেন। অভিযোগকারীদের হুমকি ও আর্থিক প্রলোভন দেওয়ার অভিযোগও রয়েছে। ব্রিজের শাস্তির দাবিতে ২৩ এপ্রিল থেকে যন্তর মন্তরে ধরনা চলছে কুস্তিগীরদের।

সেখানে আজও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা হাজির থাকছেন। আজ কলকাতায় কংগ্রেসের তরফেও কুস্তিগীরদের পাশে থাকার বার্তা দিয়ে মিছিল বের করা হয়। অভিযুক্ত ব্রিজ ভূষণের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের দাবি জানানোর পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ কেন্দ্রীয় সরকার ও শাসক দলের নীরবতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।
যাবতীয় ঝড়ঝাপটার মধ্যেই ধরনা কর্মসূচিতে অনড় কুস্তিগীররা। ব্রিজ ভূষণের শাস্তির প্রক্রিয়া ত্বরান্বিত করার লক্ষ্যে তিন কুস্তিগীর সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন। যেহেতু অভিযুক্তর বিরুদ্ধে এফআইআর হয়েছে এবং অভিযোগকারীদের নিরাপত্তা প্রদান করা হয়েছে সেই কারণ দেখিয়ে এই পিটিশন শুনতে চায়নি শীর্ষ আদালত।

সুপ্রিম কোর্টের নির্দেশকে সম্মান জানিয়েই কুস্তিগীররা প্রতিবাদ যে চালিয়ে যাবেন তা স্পষ্ট করে দিয়েছেন। রিও অলিম্পিকে ব্রোঞ্জজয়ী সাক্ষী মালিক সুপ্রিম কোর্টের নির্দেশকে তাঁদের পক্ষে ধাক্কা বলেও মানতে নারাজ। সুপ্রিম কোর্ট কুস্তিগীরদের আইনজীবীকে বলেছে, নতুন কোনও বিষয়ে বলার থাকলে তা হাইকোর্ট বা বিচারবিভাগীয় ম্য়াজিস্ট্রেটকে জানাতে।
কুস্তিগীররা পদক ফেরত দিয়ে প্রতিবাদের ধার আরও বাড়ানোর ভাবনাচিন্তাও চালাচ্ছেন বলে জানা যাচ্ছে। যন্তর মন্তরে কুস্তিগীরদের জন্য খাট নিয়ে এক আপ নেতা গেলে বাধা দেয় পুলিশ। তা থেকেই গণ্ডগোল হয়। আজ কুস্তিগীরদের সঙ্গে দেখা করেন মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল।












Click it and Unblock the Notifications