কুস্তিগীরদের সমর্থনে পথে মমতা বন্দ্যোপাধ্যায়, বৃহস্পতিবার ফের প্রতিবাদ কর্মসূচি
সাক্ষী-বজরংদের সমর্থনে এবার পথে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার হাজরা থেকে রবীন্দ্র সদন পর্যন্ত একটি মিছিলে পা মেলান মুখ্যমন্ত্রী। এই মিছিলেন ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি সহ বাংলার ক্রীড়াবিদরা।
মঙ্গলবারই মমতা জানান, রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের উদ্যোগে বাংলার ক্রীড়াবিদরা একজোট হয়ে এই মিছিলে অংশ নেবেন। সাক্ষী মালিক, ভিনেশ ফোগাট, বজরং পুনিয়াদের প্রতিবাদকে স্বীকৃতি দিয়ে মিছিল করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বুধবার হাজরা থেকে রবীন্দ্র সদন পর্যন্ত মিছিল হল। যাতে অংশ নিলেন রাজ্যের ক্রীড়াবিদরা।

কুস্তিগীরদের প্রতি আগেই নিজের সমর্থন জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। বুধবার তারই অঙ্গ হিসাবে মহানগরীর রাজপথে মিছিলে অংশ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে তিনি ঘোষণা করেন বৃহস্পতিবার গোষ্ঠ পাল মূর্তির সামনে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে।
বুধবার বিকেলে হাজরা মোড় থেকে শুরু হয় প্রতিবাদ মিছিল। এই মিছিলে অংশ নেন বাংলার ক্রীড়া জগতের বিশিষ্ট ব্যক্তিরা। ফুটবল, ক্রিকেটের পাশাপাশি অন্য খেলাধুলার প্রতিনিধিরাও মমতার ডাকা মিছিলে অংশ নেন। জাতীয় পতাকা ছাড়াও মিছিলে অংশ নেওয়া মানুষের হাতে ছিল উই ওয়ান্ট জাস্টিস লেখা প্ল্যাকার্ড।

মিছিল শেষে মমতা বন্দ্যোপাধ্যায় কু্স্তিগীরদের উপর পুলিশি হামলার তীব্র িনন্দা করেন। একইসঙ্গে প্রশ্ন তোলেন কেন ব্রিজ ভূষণকে গ্রেফতার করা হচ্ছে না? মমতার বক্তব্য, 'কুস্তিগীররা মাসখানেকের উপর রাস্তায় পড়ে আছেন, প্রতিদিন তাঁদের মারা হচ্ছে। তাঁরা বিচার চাইছেন। তাঁদের উপর যে নির্যাতন করেছে তাঁকে গ্রেফতারের দাবি জানিয়েছে। সুপ্রিম কোর্টও রায় দিয়েছে। কিন্তু বিজেপি সরকার তাঁকে গ্রেফতার করতে পারছে না, তাদের নেতা বলে।’

একইসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, 'আমাদের এখানে তৃণমূল কংগ্রেসের কেউ জড়িত থাকলে আমাদের সরকার তাঁকে গ্রেফতার করে। অভিযোগের সত্যত্যা থাকলে তাঁকে গ্রেফতার করেছি। আমার মতে এটা খুব লজ্জার দিন যে ক্রীড়াবিদরা সারা জীবন কষ্ট করে অলিম্পিকে পদক জিতেছেন, তাঁরা পদক বির্সজনের জন্য হরিদ্বার ঘাটে চলে যাচ্ছেন।’

মিছিল শেষে আগামীদিনের আন্দোলনের রূপরেখাও তৈরি করে দেন মুখ্যমন্ত্রী। বুধবার প্রতিবাদ মিছিল শেষে মমতা বলেন, 'আজকের মিছিলে যেভাবে প্রাক্তন ফুটবলার ক্রিকেটার থেকে শুরু করে আইএফএ-বিওএ অংশ নিয়েছে তাতে আমি প্রত্যেককে ধন্যবাদ জানাই। আগামীকাল আপনারা বিকেল ৪.৩০ মিনিটে মোমবাতি নিয়ে গোষ্ঠ পালের মূর্তির সামনে আসবেন। সেখানে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন হবে।’
ইতিমধ্যেই সারা দেশে তাঁদের আন্দোলনকে ছড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কুস্তিগীররা। এবার তাতে অংশ নিল বাংলাও।












Click it and Unblock the Notifications