মালয়েশিয়া ওপেনের প্রথম রাউন্ড থেকে বিদায় সাইনা নেহওয়াল-কিদাম্বি শ্রীকান্ত
মালয়েশিয়া ওপেনের প্রথম রাউন্ড থেকে বিদায় সাইনা নেহওয়াল-কিদাম্বি শ্রীকান্তের
কমনওয়েলথ গেমসে দুই বারের চ্যাম্পিয়ন সাইনা নেহওয়াল মালয়েশিয়া ওপেন সুপার ১০০০-এর প্রথম রাউন্ড থেকে বিদায় নিলেন। বিশ্ব ক্রমতালিকায় একাদশতম স্থানে থাকা হান ইউ-এর বিরুদ্ধে তিন গেমের ম্যাচে পরাজিত হন সাইনা। শুধু সাইনা নেহওয়াল-ই নন, এ দিন প্রথম রাউন্ডে পরাজিত হয়ে মালয়েশিয়া ওপেন থেকে ছিটকে গিয়েছেন কিদাম্বি শ্রীকান্ত এবং আকার্ষি কাশ্যপ।

মালয়েশিয়া ওপেন থেকে বিদায় সাইনা নেহওয়ালের:
কমনওয়েলথ গেমসে দুই বারের চ্যাম্পিয়ন সাইনা নেহওয়াল মালয়েশিয়া ওপেন সুপার ১০০০-এর প্রথম রাউন্ড থেকে বিদায় নিলেন। এই ম্যাচ শুরু থেকেই ছিল উত্তেজনায় ভরা। প্রথম গেমে ১২-২১ ব্যবধানে পরাজিত হন সাইনা। দ্বিতীয় গেমে চিনা প্রতিদ্বন্দ্বীকে ২১-১৭ ব্যবধানে পরাজিত করে ম্যাচে সমতা ফিরিয়ে আনেন ভারতীয় সাটলার। কিন্তু সেই ছন্দ ম্যাচের ভাগ্য নির্ধারণকারী তৃতীয় গেমে বজায় রাখতে পারেননি সাইনা নেহওয়াল। তিনি ১২-২১ ব্যবধানে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নেন তিনি।

ছিটকে গিয়েছেন কিদাম্বি শ্রীকান্ত:
সাইনা নেহওয়ালের মতোই মালয়েশিয়া ওপেনের প্রথম রাউন্ড থেকে ছিটকে গিয়েছেন কিদাম্বি শ্রীকান্ত এবং আকার্ষি কাশ্যপ। বিশ্বের প্রাক্তন এক নম্বর তারকা শ্রীকান্তকে স্ট্রেট গেমে পরাজিত করেন জাপানের প্রতিযোগী কেনটা নিশিমোতো। ৪২ মিনিটের ম্যাচে শ্রীকান্তের বিপক্ষে খেলার ফল১৯-২১ এবং ১৪-২১। প্রথম গেমে কিদাম্বী যদিও বা প্রতিদ্বন্দ্বীতা করার মরিয়া চেষ্টা করেছিলেন কিন্তু দ্বিতীয় গেমে সেই ভাবে কোনও বাধাই সৃষ্টি করতে পারেননি। অন্যদিকে কাশ্যপকে বলতে গেলে প্রথম রাউন্ডের ম্যাচে দাঁড়াতেই দেয়নি চাইনিজ তাইপের প্রতিপক্ষ সু ওয়েন চি। তিনি ১০-২১ এবং ৮-২১ ব্যবধানে কাশ্যপকে পরাজিত করেন।

ডবলসে নামবে গোপীচাঁদ-জলি জুটি:
এই দিনই কিছু পরে মহিলাদের ডবলসে গায়েত্রী গোপীচাঁদ এবং ট্রেসা জলির জুটি মুখোমুখি হবে হংকং-এর ইয়ুং গা তিং এবং ইয়ুং পুই লামের বিরুদ্ধে। পুরুষদের ডবলসে কৃষ্ণ গারাগা এবং বিষ্ণুবর্ধন পাঞ্জলা মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়ার কাং মিন হিউক এবং সিও সিউং জাই-এর বিরুদ্ধে।

শুরুতেই শিক্ষা:
বছরের প্রথম টুর্নামেন্টেই শুরুর রাউন্ড থেকে ছিটকে যাওয়ার ফলে সাবধানতার সংকেত পেয়ে গেলেন ভারতীয় ব্যাডমিন্টনের তারকারা। সারা মরসুম এখনও অনেক প্রতিযোগীতা পড়ে রয়েছে। প্যারিসে হতে চলা অলিম্পিক ২০২৪-এর জন্য যোগ্যতা অর্জনকারী পর্ব শুরু হয়ে যাবে এই বছর থেকেই। ফলে সামনে অনেক কঠিন টুর্নামেন্ট এবং চ্যালেঞ্জ হতে চলেছে। মালয়েশিয়া ওপেন থেকে শিক্ষা নিয়ে ভুলগুলো শুধরে নিতে পারলে অনেকটাই সুবিধা হবে সাইনা-কিদাম্বীদের।












Click it and Unblock the Notifications