মালয়েশিয়া মাস্টার্স ব্যাডমিন্টন খেতাব জিতলেন সাইনা নেহওয়াল
বছরের প্রথম খেতাব মালয়েশিয়া মাস্টার্স গ্রাঁ প্রি জিতলেন ভারতের ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল। চোট সারিয়ে আসার পরে এটাই পেশাদার সার্কিটে সাইনার প্রথম খেতাব।
সিবু, ২২ জানুয়ারি : বছরের প্রথম খেতাব মালয়েশিয়া মাস্টার্স গ্রাঁ প্রি জিতলেন ভারতের ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল। চোট সারিয়ে আসার পরে এটাই পেশাদার সার্কিটে সাইনার প্রথম খেতাব। এদিন থাইল্যান্ডের প্রনপাউয়ি চোচুয়ংকে ২২-২০ ও ২২-২০ ব্যবধানে হারিয়ে এই খেতাব জেতেন তিনি।
এই প্রতিযোগিতায় শীর্ষ বাছাই হয়ে খেলতে নেমেছিলেন সাইনা। তবে বিশ্বের ৬৭ নম্বর খেলোয়াড় প্রনপাউয়িকে হারাতে যথেষ্ট বেগ পেতে হল সাইনাকে। এদিন ম্যাচের শুরুটা সাইনার ভালো হয়নি। প্রথমেই ০-৪ ব্যবধানে পিছিয়ে গিয়েছিলেন তিনি। ১১-৫ পর্যন্ত প্রনপাউয়িই এগিয়ে ছিলেন।

তবে প্রথম সেটের দ্বিতীয়ার্ধে কামব্যাক করেন সাইনা। শেষপর্যন্ত ২২-২০ ব্যবধানে প্রথম সেট জেতেন। তবে দ্বিতীয় সেটের শুরুতেও সেই একই ঘটনা ঘটে। ৩-০-তে এগিয়ে যান থাই খেলোয়াড় প্রনপাউয়ি। তবে এই সেটেও সাইনা দুর্দান্ত খেলে ম্যাচে ফিরে আসেন ও সেট জেতেন।
মালয়েশিয়া মাস্টার্সে ভারতীয় ব্যাডমিন্ট তারকারা ভালোই খেলে থাকেন। গতবছর এই টুর্নামেন্ট জিতেছিলেন অলিম্পিকে রুপোজয়ী পিভি সিন্ধু। আর এবছর সেই ধারা অব্যাহত রেখে জিতলেন সাইনা নেহওয়াল।












Click it and Unblock the Notifications