অলিম্পিকে সোনা জিততে চান টোকিও থেকে ব্রোঞ্জ নিয়ে ফেরা বিবেক সাগর, ভোপালে উচ্ছ্বাস
অলিম্পিক থেকে সোনা জিততে চান টোকিও গেমসে সাড়া জাগানো মধ্যপ্রদেশের হকি নায়ক বিবেক সাগর।
টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ পদক জিতে ভারতের পুরুষ হকি দল একাধারে যেমন দেশকে গর্বিত করেছে, অন্যদিকে ইতিহাসও রচনা করেছে। তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া মধ্যপ্রদেশের বিবেক সাগর রাজ্যে পৌঁছে রাজকীয় সংবর্ধনায় ভাসলেন। সেই সঙ্গে জানালেন যে এখানেই থামছে ভারতীয় হকি দলের যাত্রা। মেন ইন ব্লু অলিম্পিক থেকে সোনা নিয়েই ক্ষান্ত হবে বলেও জানিয়েছেন বিবেক। বিশ্বমঞ্চে রাজ্যের মাথা উঁচু করা হকি তারকার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।

ভারতীয় হকি দলের ইতিহাস রচনা
১৯৮০ সালে অলিম্পিক শেষবার পদক জিতেছিল ভারতীয় পুরুষ হকি দল। সেবার স্পেনকে হারিয়ে সোনা ঘরে তুলেছিল টিম ইন্ডিয়া। তারপর থেকে অলিম্পিকে ভারতের পারফরম্যান্স গ্রাফ ক্রমে নিচের দিকে নামতে শুরু করেছিল। ২০১৬ সালের রিও অলিম্পিকে কিছুটা পরিস্থিতির পরিবর্তন হয়। পাঁচ বছর আগের ওই গেমসের কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছেছিল ভারতীয় হকি দল। তাই টোকিও অলিম্পিক ছিল মনপ্রীত সিং, মনদীপ সিংদের কাছে প্রমাণ করার মঞ্চ। সেই মতো খেলেছেনও তাঁরা। গ্রুপ পর্বে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাত গোলের ধাক্কা সামলে টোকিও গেমসের সেমিফাইনালে পৌঁছয় মেন ব্লু। ৪৯ বছর পর অলিম্পিকের শেষ চারে পৌঁছেও শক্তিশালী বেলজিয়ামের কাছে হেরে যায় ভারতের পুরুষ হকি দল। তবে তৃতীয় স্থান নির্ধারক ম্যাচে জার্মানিকে ৫-৪ গোলে হারিয়ে বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়াযজ্ঞে ৪১ বছর পর পদক (ব্রোঞ্জ) জয়ের আশা পূরণ করেন বিবেক সাগররা।

সোনা জিততে চান সাগর
টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ পদক জিতে ইতিহাস রচনা করেছে ভারতের পুরুষ হকি দল। এই সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান ছিল মধ্যপ্রদেশের মিডফিল্ডার বিবেক সাগরের। যিনি বৃহস্পতিবার রাজ্যে ফিরে রাজকীয় সংবর্ধনায় ভেসেছেন। জানিয়েছেন অলিম্পিক থেকে দেশকে বহু কাঙ্খিত ব্রোঞ্জ পদক এনে দিতে পেরে তিনি গর্বিত। তবে তিনি এবং তাঁর দল এখানেই থেমে থাকতে চান না, তাও বলেছেন বিবেক। জানিয়েছেন ২০২৪ সালের প্যারিস অলিম্পিকে সোনা জেতাই মেন ইন ব্লুর লক্ষ্য।

রাজকীয় অভ্যর্থনা
টোকিও অলিম্পিক থেকে ব্রোঞ্জ জিতে রাজ্যে ফেরা বিবেক সাগর রাজকীয় সংবর্ধনায় ভেসেছেন। বৃহস্পতিবার ভোপালের রাজা ভোজ বিমানবন্দরে ভারতীয় হকি তারকাকে শুভেচ্ছা জানান মধ্যপ্রদেশের ক্রীড়ামন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়া। রাজ্যের গর্বকে মালা পরিয়ে বরণ করার পাশাপাশি তাঁর গলায় ঝুলে থাকা ব্রোঞ্জ পদককে মাথায় ঠেকান বসুন্ধরা। বিবেককে কাঁধে তুলে নেন মধ্যপ্রদেশ স্পোর্টস অ্যাকাডেমির খেলোয়াড়েরা। বিবেকের অলিম্পিক পদক ছুঁয়ে দেখেন বাকিরা।

মুখ্যমন্ত্রীর প্রশংসা ও স্বীকৃতি
টোকিও অলিম্পিক থেকে ব্রোঞ্জজয়ী বিবেক সাগরের কীর্তিতে মুগ্ধ হয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। ভোপালের মিন্টো হলে হওয়া এক অনুষ্ঠানে বিশ্বমঞ্চে রাজ্যের নাম উজ্জ্বল করা হকি তারকার হাতে এক কোটি টাকার চেক তুলে দেন শিবরাজ। বিবেককে ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট অফ পুলিশের চাকরি দেওয়ার কথা জানান মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী। টোকিও গেমসের হকিতে ভারতকে গর্বিত করা তারকার পরিবার রাজ্য সরকারের তরফে পাচ্ছে বাড়িও। একই দিনে টোকিও গেমসে চতুর্থ হওয়া দেশের মহিলা হকি দলের প্রতি সদস্যের জন্য ৩১ লক্ষ টাকা আর্থিক পুরস্কার ঘোষণা করেছেন শিবরাজ সিং চৌহান। তার আগে ভোপালের স্মার্ট সিটি পার্কে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৃক্ষরোপন কর্মসূচিতে অংশ নেন সাগর।












Click it and Unblock the Notifications