টোকিও যুদ্ধে সিন্ধু-মেরি-দীপিকাদের পাশে সচিন, কিংবদন্তির ভিডিও ভাইরাল
টোকিও যুদ্ধে সিন্ধু-মেরি-দীপিকাদের পাশে সচিন, কিংবদন্তির ভিডিও ভাইরাল
আগামী ২৩ জুলাই থেকে শুরু হতে চলা টোকিও অলিম্পিক থেকে অন্যান্য বারের থেকে বেশি পদক আশা করছে দেশের ক্রীড়া প্রেমীরা। করোনা ভাইরাসের কারণে পরিস্থিতি চ্যালেঞ্জিং হলেও এবার যত সংখ্যক ভারতীয় অ্যাথলিট অলিম্পিকে অংশ নিতে চলেছেন, তা এক রেকর্ড। তাই দ্বিগুন উৎসাহে পিভি সিন্ধু, মেরি কম, দীপিকা কুমারীদের গলা ফাটাতে শুরু করেছে দেশ। উদ্যোগী হয়েছে সরকার। সেই উদ্যোগে এবার সামিল হলেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি সচিন তেন্ডুলকর।
|
সচিন তেন্ডুলকরের বার্তা
টোকিও অলিম্পিকে অংশ নিতে চলা ভারতীয় অ্যাথলিটদের জন্য সোশ্যাল মিডিয়ায় # Cheer4India প্রচার কর্মসূচি চালু করেছে কেন্দ্রীয় সরকার। তাতে সামিল হয়েছেন সচিন তেন্ডুলকর। এক ভিডিওতে তিনি বলেছেন, করোনা ভাইরাসের আবহে গোটা বিশ্ব চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। একই অবস্থা ভারতীয় অ্যাথলিটদেরও। তাই প্রতিবন্ধকতা কাটিয়ে দেশের হয়ে টোকিও অলিম্পিকে প্রতিনিধিত্ব করতে চলা পিভি সিন্ধু, মেরি কমদের সাফল্য কামনা করেছেন মাস্টার ব্লাস্টার। সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করেছে বিসিসিআই। তা ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে।

ভারতীয় ক্রিকেটারদের শুভেচ্ছা
অলিম্পিকে অংশ নিতে এক এক করে টোকিও পৌঁছতে শুরু করেছেন ভারতীয় অ্যাথলিটরা। সোমবার থেকে দীপিকা কুমারী, অতনু দাস, পিভি সিন্ধু, মনিকা বাত্রা, মেরি কমদের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। তার আগে #Cheer4India প্রচারে সামিল হয়ে দেশের অ্যাথলিটদের শুভেচ্ছা জানিয়েছিলেন ভারতের এ প্রজন্মের সেরা পুরুষ ও মহিলা ক্রিকেটাররা। বিরাট কোহলি, রোহিত শর্মা, অজিঙ্ক রাহানেদের পাশাপাশি দেশের টোকিও যোদ্ধাদের সাফল্য কামনা করেছেন হরমনপ্রীত কৌর, জেমেইমা রডরিগজরা।

ভারতীয় অ্যাথলিটদের অনুশীলন শুরু
রবিবার অ্যাথলিটের যে দল ভারত থেকে টোকিও পৌঁছেছে, তাতে সামিল রয়েছেন তিরন্দাজরা। যাঁদের থেকে এবার পদক আশা করছে দেশের ক্রীড়া মহল। প্যারিস বিশ্বকাপে তিনটি সোনা জিতে বিশ্ব ক্রমতালিকার শীর্ষ স্থানে পৌঁছে যাওয়া ভারতের দীপিকা কুমারী সোমবারই অনুশীলনে নেমে পড়েন। সঙ্গী হিসেবে পান স্বামী তথা সতীর্থ অতনু দাসকে। অনুশীলনে নেমে পড়েছেন দেশের ব্যাডমিন্টন, টেবিল টেনিস, বক্সিং, শুটিং বিভাগে অংশ নিতে চলা দেশের তাবড় অ্যাথলিটরাও।

একে একে টোকিও পৌঁছচ্ছেন অ্যাথলিটরা
দেশের রোয়িং এবং সেলিং দল টোকিও পৌঁছেছে বেশ কিছুদিন আগে। শনিবার ক্রোয়েশিয়া থেকে গেমস ভিলেজে পৌঁছন ভারতীয় শুটাররা। রবিবার ৫৪ জন অ্যাথলিট সহ ভারতীয়দের এক বড় দল টোকিও পৌঁছয়। যে দলে পিভি সিন্ধু, মেরি কম, দীপিকা কুমারী, মনিকা বাত্রা, মীরাবাঈ চানুর মতো তারকারা রয়েছেন। সোমবার নয়াদিল্লি থেকে টোকিওগামী বিমান ধরলেন সানিয়া মির্জা ও অঙ্কিতা রায়না। সবমিলিয়ে ভারত থেকে মোট ১১৯ জন অ্যাথলিট টোকিও গেমসে অংশ নিতে চলেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে অলিম্পিকে এমন নজির এই প্রথম।
ছবি সৌ:বিসিসিআই












Click it and Unblock the Notifications