৫৪ বছরে ফের বক্সিং রিংয়ে ফিরছেন কিংবদন্তি টাইসন, প্রতিপক্ষ জোন্স
৫৪ বছরে ফের বক্সিং রিংয়ে ফিরছেন কিংবদন্তি টাইসন, প্রতিপক্ষ জোন্স
৫৪ বছর বয়সে ফের বক্সিং রিংয়ে ফিরছেন কিংবদন্তি মাইক টাইসন। ১২ সেপ্টেম্বর 'আয়রন মাইক'কে ফের লড়াই করতে দেখা যাবে। তাঁর প্রতিপক্ষ ৫১ বছরের রয় জোন্স। যাঁকে ২০১৮ সালে শেষ বার বক্সিং রিংয়ে দেখা গিয়েছিল।

১৯৮৬ সালে মাত্র ২০ বছর বয়সে হেভিওয়েট বক্সিং চ্যাম্পিয়ন হয়ে সর্বকালের সেরা রেকর্ড গড়া মাইক টাইসন, ২০০৫ সালে রিং-কে বিদায় জানিয়েছিলেন। কেরিয়ারের শেষ ম্যাচে কেভিন ম্যাকব্রাইটের বিরুদ্ধে তাঁকে হার হজম করতে হয়েছিল। সেই জ্বালা মেটাতেই হয়তো অবসর ভেঙে আরও একবার বক্সিং রিংয়ে নামতে চলেছেন কিংবদন্তি মাইক। অবসর নেওয়ার আগে ৫৮ বার রিংয়ে নেমেছেন টাইসন। ৫০ বার তিনি জয়ী হয়েছেন। প্রথম হেভিওয়েট বক্সার হিসেবে ডব্লুউবিএ, ডব্লুউবিসি ও আইবিএফ খেতাব জিতেছেন মাইক।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে মাইক টাইসন ও রয় জোন্সের মধ্যে এই প্রদর্শনী বক্সিং ম্যাচ হবে মোট আট রাউন্ডের। তিন ঘণ্টা ধরে লড়াই চলতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। ভার্চুয়াল সোশ্যাল মিডিয়া ও মিউজিক প্ল্যাটফর্ম ট্রিলারে ম্যাচটির লাইভ স্ট্রিমিং হবে বলেও জানিয়েছেন উদ্যোক্তরা। এই ম্যাচ খেলতে উদগ্রীব টাইসন ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছেন। তাঁর শরীর চর্চার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। মাইক লিখেছেন যে তিনি ফিরে এসেছেন।
এই প্রদর্শনী ম্যাচ মাইক টাইসনের প্রতিপক্ষ রয় জোন্সও কোনও অংশে কম যান না। সাতটি বেল্ট জয়ের রেকর্ড রয়েছে তাঁর ঝুলিতে। সব মিলিয়ে এক রুদ্ধশ্বাস বক্সিং ম্যাচ দেখার অপেক্ষায় বিশ্ব।












Click it and Unblock the Notifications