ললিত মোদীকে সভাপতি নির্বাচিত করার জন্য আরসিএ-কে সাসপেন্ড করল বিসিসিআই

২০১৩ সালে ডিসেম্বরে নির্বাচন হয়। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী মুখ বন্ধ খামে সংরক্ষিত রাখা হয়েছিল নির্বাচনের ফল। বিস্তর আলাপ আলোচনার পরে মঙ্গলবার শীর্ষ আদালতের নিয়োগ করা পর্যবেক্ষক জয়পুরে নির্বাচনের রায় ঘোষণা করেন।
গত বছর ১৯ ডিসেম্বর সুপ্রিম কোর্টের দুই অবসরপ্রাপ্ত বিচারপতি এনএম কাসলিওয়াল ও এসপি পাঠকের নজরদারিতে ভোটগ্রহণ সম্পন্ন হয়। রাজস্থান স্পোর্টস অ্যাক্ট ২০০৫ অবলম্বনে রামপাল শর্মার বিপরীতে ভোটে দাঁড়ান ললিত মোদী। আশানুযায়ী বিশাল ব্যবধানে নির্বাচিত হন ললিত মোদী। ৩৩টি ভোটের মধ্যে ২৪ টি ভোট পেয়ে জয়ী হন তিনি। রামপাল শর্মা মাত্র ৫টি ভোট পেয়েছেন।
সংবাদসংস্থা পিটিআই সূত্রের খবর অনুযায়ী, সভাপতি হিসাবে ললিত মোদীর পাশাপাশি সচিব হিসাবে সোমেন্দ্র তিওয়ারি, কোষাধ্যক্ষ পদে পবন গোয়েল নির্বাচিত হয়েছেন। রাজস্থান ক্রিকেট অ্য়াসোসিয়েশনের সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ললিত মোদীর পরামর্শদাতা মেহমুদ এম আবদী।
নিয়মশৃঙ্খলার অভাব ও অসৎ আচরণ-সহ মোট ৮টি অভিযোগে কমিটি ললিত মোদীকে দোষী বিবেচিত করে। এর এক বছরের মাথায় ২০১৩ সালের ২৫ সেপ্টেম্বর বিসিসিআই ললিত মোদীকে নিষিদ্ধ করে। শীর্ষ আদালত নির্দেশ দিয়েছিল রাজস্থান ক্রিকেট অ্য়াসোসিয়েশন যেন ললিত মোদীর সঙ্গে সমস্ত সম্পর্ক চুকিয়ে দেয়।
যে আইনকে অবলম্বন করে বোর্ডের নিষেধাজ্ঞা না মেনে রাষ্ট্রপতি নির্বাচনের সাহায্যে ললিত মোদী নির্বাচনে লড়েছেন বিসিসিআই সেই এই রাজস্থান স্পোর্টস অ্যাক্ট ২০০৫ -কে চ্যালেঞ্জ জানিয়েছে। বোর্ডের তরফে জানানো হয়েছে, এই নির্বাচনে মোদীকে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমোতি দেওয়াই উচিত নয় এবং নির্বাচন খারিজ করে দেওয়া হোক।
কিন্তু এপ্রিল মাসে সুপ্রিম কোর্ট রাজস্থান ক্রিকেট অ্য়াসোসিয়েশনের নির্বাচনের ফল ঘোষণার উপর থেকে সমস্ত বাধানিষেধ প্রত্যাহার করে। বিসিসিআই-এর বাধা সত্ত্বেও বিচারপতি এ আর দাভের নেতৃত্বাধীন বেঞ্চ সুপ্রিম কোর্টের পর্যবেক্ষকের হাতে মুখ বন্ধ খামে নির্বাচনের ফল পাঠান। যদিও ফল নিয়ে আপত্তি থাকলে বিচারপতি এ আর দাভের বেঞ্চ বিসিসিআই-এর আবেদন শুনতে রাজি আছে বলেও শীর্ষ আদালত জানিয়েছে।












Click it and Unblock the Notifications