Humpy On Praggnanandha: আনন্দের যোগ্য উত্তরসূরী প্রজ্ঞানন্দই, উচ্ছ্বসিত প্রশংসায় ভরালেন কোনেরু হাম্পি
Humpy On Praggnanandha: দাবা বিশ্বকাপে রানার-আপ হওয়ার পর আজই দেশে ফিরেছেন রমেশবাবু প্রজ্ঞানন্দ। বিশ্বনাথন আনন্দের পর ১৮ বছরের প্রজ্ঞাই প্রথম খেললেন বিশ্ব দাবার ফাইনাল। ভালো টক্কর দেন কিংবদন্তি ম্যাগনাস কার্লসেনকে।
প্রজ্ঞানন্দকেই প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দের যোগ্য উত্তরসূরী হিসেবে বেছে নিলেন বিশ্বে সর্বকনিষ্ঠ মহিলা গ্র্যান্ডমাস্টারের রেকর্ডের মালিক কোনেরু হাম্পি। দাবা নিয়ে দেশে ক্রমবর্ধমান আগ্রহ দেখেও তিনি দারুণ আশাবাদী।

এবারের দাবা বিশ্বকাপের ফাইনালে উঠে প্রজ্ঞানন্দ ক্যান্ডিডেটস টুর্নামেন্ট খেলার ছাড়পত্র আদায় করেছেন। বিশ্ব দাবার কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন ডি গুকেশ, অর্জুন এরিগাইসি, বিদিত গুজরাতি। এশিয়ান গেমসের ভারতীয় দলে থাকা দাবাড়ুদের শিবিরে যোগ দিতে এই গ্র্যান্ডমাস্টাররা কলকাতায় আসছেন। ইতিমধ্যেই শহরে হাজির ভারতীয় দলে থাকা মহিলা দাবাড়ুরা।
কোনেরু হাম্পি বলেন, বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন প্রজ্ঞা। আমরা সকলেই তাঁর খেলা দেখেছি। গুকেশও ভালো খেলছেন। অর্জুন, নিহাল সারিনরাও রয়েছেন। এঁরা সকলেই খুবই প্রতিভাবান। প্রত্যেকের প্রতিভাই আলাদা রকমের। কারও সঙ্গে কারও তুলনা হয় না। উল্লেখ্য, হাম্পি মাত্র ১৫ বছর বয়সে মহিলা গ্র্যান্ডমাস্টার হয়েছিলেন।
এশিয়ান গেমসে দু-বারের সোনাজয়ী হাম্পি গত বছর বিশ্ব ব্লিৎজ দাবায় প্রথম ভারতীয় হিসেবে পদক জিতেছিলেন, দখলে নিয়েছিলেন রুপো। তিনি কলকাতায় রয়েছেন টাটা স্টিল চেস ইন্ডিয়ায় অংশ নেওয়ার জন্য। গত মাসেই আদিত্য সামন্ত ভারতের ৮৩তম গ্র্যান্ডমাস্টার হয়েছেন। হাম্পি আশাবাদী, অদূর ভবিষ্যতেই ভারত থেকে শততম গ্র্যান্ডমাস্টার উঠে আসবেন।

হাম্পির কথায়, আমাদের দেশের মানুষ সব সময় বিশ্বাস করেন ভারত খেলার জগতে বিখ্যাত ক্রিকেটের জন্যই। কিন্তু আমরা তা বদলানোর চেষ্টা করছি। দাবাও এখন সমান গুরুত্বপূর্ণ, আকর্ষণীয় হয়ে উঠেছে। প্রতিটি ঘরেই সেরা দাবাড়ুদের কথা নিয়ে আলোচনা হয়। ফলে আগের চেয়ে পরিস্থিতির ফারাক হয়েছে। বড় ধরনের বদল এসেছে।
কোনেরু হাম্পি আরও বলেন, আগে দাবার ফলাফল সম্পর্কে জানার আগ্রহ খুব বেশি দেখা যেত না। কিন্তু এখন অনেক কর্পোরেট এগিয়ে আসছে। প্রতিভাবান দাবাডুদের পাশে তাঁরা দাঁড়াচ্ছেন। কোনও আন্তর্জাতিক ইভেন্ট হলে বা গ্র্যান্ডমাস্টাররা ভালো খেললে ক্রীড়াপ্রেমীদের মধ্যে উল্লেখযোগ্য আগ্রহ দেখা যাচ্ছে। তাঁরা উৎসাহ দিচ্ছেন। যা খুবই ইতিবাচক দিক।
টাটা স্টিল চেস ইন্ডিয়ায় হাম্পি ছাড়াও অংশ নিচ্ছেন মহিলাদের বিশ্বচ্যাম্পিয়ন জু ওয়েনজুন। ভারতীয় দাবাডুদের মধ্যে রয়েছেন হরিকা দ্রোণাভাল্লি, বন্তিকা আগরওয়ালরা। তবে শারীরিক কারণে সরে দাঁড়িয়েছেন প্রজ্ঞার দিদি আর বৈশালী।












Click it and Unblock the Notifications