জাপানে ব্যর্থ শ্রীকান্ত-প্রণয়রা, সিন্ধু খুশি ভারতে ব্যাডমিন্টনের জনপ্রিয়তায়
কোরিয়ান সুপার ওপেন জেতার পর জাপান ওপেনের কোয়ার্টার ফাইনালেও পৌঁছনো হল না পিভি সিন্ধু
জাপান ওপেন থেকে ছিটকে যাওয়ার পরও ভারতীয় শাটলার সিন্ধু ভেঙে পড়তে রাজি নন। তিনি জানিয়েছেন
যেভাবে ভারতীয়দের মধ্যে ব্যাডমিন্টন জনপ্রিয় হচ্ছে তা শাটলাররা ভাল পারফর্ম করছেন বলেই হচ্ছে।

গ্লাসগোর বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেও হারতে হয়েছিল তাঁকে। কোরিয়া সুপার সিরিজের ফাইনালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে হারের বদলা সিন্ধু ওকুহারাকে হারিয়ে নিয়েছিলেন। কিন্তু জাপান ওপেনে ওকুহারার কাছে হেরেই তাঁকে বিদায় নিতে হল কোয়ার্টার ফাইনালেরও আগে। তবে এতে হতাশ নন পিভি সিন্ধু।
তাঁর মতে ,' ক্রিকেট মজে থাকা ভারতে ইদানীংকালে ব্যাডমিন্টনকে নিয়ে যেরকম মাতামাতি হচ্ছে তাতে তিনি খুশি।' হায়দরাবাদী তারকা শাটলার আরও জানিয়েছেন, 'ক্রিকেটের পর যদি বলেন যে ব্যাডমিন্টনই দেশের দ্বিতীয় জনপ্রিয় খেলা তাহলে তা মেনে নিতে আমার কোনও আপত্তি নেই। এব্যাপারে কোনও সন্দেহ নেই যে ক্রিকেটের পর এদেশে ব্যাডমিন্টন সত্যিই ইদানীং যথেষ্ট সমাদর পাচ্ছে। আরও বেশি করে নতুন প্রজন্ম এই খেলায় আগ্রহী হয়ে উঠছে।'
তবে ভারতে ব্যাডমিন্টনের রূপরেখা নিয়ে সিন্ধু মুখ খুললেও অন্য এক বিতর্কিত প্রশ্নের উত্তর দেননি তিনি। সাইনা হায়দরাবাদে গোপীচাঁদের কাছে ফের ট্রেনিং শুরু করেছেন। এ নিয়ে নিজের কোনও ভাবনার প্রকাশ দেননি সিন্ধু। তিনি জানিয়েছেন,এ বিষয়ে তাঁর কিছু বলার নেই, এটা পুরোপুরি সাইনার নিজের সিদ্ধান্ত।
জাপান ওপেন সুপার সিরিজ থেকে ছিটকে গেলেন কিদাম্বি শ্রীকান্ত এবং এইচএস প্রণয় । শুক্রবার ডেনমার্কের ভিক্টর অ্যাক্সেলসেনের বিরুদ্ধে শ্রীকান্ত হেরে গেলেন স্ট্রেট গেমে। সদ্য বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া প্রতিপক্ষ ভিক্টরের বিরুদ্ধে কিদম্বি শ্রীকান্তের খেলার ফল ১৭-২১,১৭-২১। হেরে গিয়েছেন আরেক ভারতীয় তারকা এইচএস প্রণয়ও। ইউএস ওপেন চ্যাম্পিয়ন প্রণয় হারলেন শি ইউকি -র বিরুদ্ধে। খেলার ফল ১৫-২১, ১৪-২১। তবে সৈয়দ মোদী গ্রাঁ প্রি ওপেন চ্যাম্পিয়ন প্রণব ও সিক্কি ভারতের পতাকা টিকিয়ে রাখলেন জাপান ওপেনে। তাঁরা পৌঁছে গেলেন সেমিফাইনালে।












Click it and Unblock the Notifications