বিশ্ব অ্যাথলেটিক্সে নজির গড়লেন ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার দাভিন্দর সিং কাং
বিরল কৃতিত্ব অর্জন করলেন ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার দাভিন্দর সিং কাং
ইতিহাসে দাভিন্দর সিং কাং। প্রথম ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার হিসেবে বিশ্ব অ্যাথলেটিক্সের ফাইনালে উঠে নজির গড়লেন তিনি। পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে এর আগে আর কোনও ভারতীয় অ্যাথলিটের সর্বোচ্চ স্তরের প্রতিযোগিতায় ফাইনালে উঠতে পারেননি।

এদিকে নীরজ চোপড়া প্রাথমিক রাউন্ডেই বিদায় নিয়েছেন। যদিও, লন্ডনে বিশ্ব চ্যাম্পিয়নশিপের আসর শুরু হওয়ার আগে এই নীরজকে নিয়েই ভারতীয় অ্যাথলেটিক্স মহলের প্রত্যাশা ছিল তুঙ্গে।
বৃহস্পতিবার দাভিন্দর প্রাথমিক রাউন্ডের 'বি' গ্রুপে লড়তে নেমেছিলেন। ফাইনালে ওঠার যোগ্যতামান পেরোনোর জন্য তৃতীয় থ্রোয়ে ৮৩ মিটার দুরত্ব পার করতে হত দাভিন্দরকে। কিন্তু পাঞ্জাবের ২৬ বছরের এই জ্যাভলিন থ্রোয়ার ৮৪.২২ মিটার দুরত্বে জ্যাভলিন ছুঁড়ে ফাইনালের টিকিট যোগাড় করে নেন। এদিন নিজের প্রথম দুটি থ্রোয়ে যথাক্রমে ৮২.২২ মিটার ও ৮২.১৪ মিটার পার করেছিলেন এই পাঞ্জাব পুত্তর। ফাইনালে লড়বেন ১৩ জন প্রতিযোগি তার মধ্যে দাভিন্দরের অবস্থান সাত নম্বরে।

ফাইনালের টিকিট পাওয়ার পর দাভিন্দর জানিয়েছেন , 'নীরজ ছিটকে যাওয়ার পর এমন কিছু করতে চেয়েছিলাম যা এর আগে অন্য কোনও ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার করতে পারেনি। ইশ্বরের আশীর্বাদে সেটা পেরেছি।'
এই প্রতিযোগিতায় অবশ্য দাভিন্দরের কাঁধে চোট রয়েছে। তবে তাতে দমে যেতে রাজি নন এই জ্যাভলিন প্লেয়ার। পোডিয়াম ফিনিশের লক্ষ্যেই ফাইনালে নিজের সেরাটা দিতে চান তিনি।












Click it and Unblock the Notifications