করোনার আবহে আর্থিক ব্যয়ে সোনা জিততে পারল কি টোকিও অলিম্পিক? খরচের কারণই বা কী?
করোনার আবহে আর্থিক ব্যয়ে সোনা জিততে পারল কি টোকিও অলিম্পিক? খরচের কারণই বা কী?
পূর্ব সূচি অনুযায়ী টোকিওয় ২০২০ সালে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল অলিম্পিক। করোনা ভাইরাসের জেরে এক বছরের জন্য স্থগিত করে দেওয়া হয় গেমস। অনেক বাধা ও চ্যালেঞ্জ পেরিয়ে অতিমারীর তীব্র আবহে অবশেষে শুরু হয়েছে দ্য গ্রেটেস্ট শো অন দ্য আর্থ। পরিস্থিতির সঙ্গে যুঝে অলিম্পিক আয়োজনার খরচ যে বাড়তে, সে আর বলার অপেক্ষা রাখে না। সেই নিরিখে কী সর্বকালের রেকর্ড ভাঙল টোকিও অলিম্পিক? কী বলছে পরিসংখ্যান?

টোকিও অলিম্পিকের খরচ
করোনা ভাইরাসের আবহে টোকিওয় অলিম্পিক আয়োজনের খরচ যে আগের থেকে বেড়েছে, তা আগেই জানানো হয়েছে। স্টেডিয়ামগুলির পুনর্নিমাণ, অ্যাথলিটদের থাকার ব্যবস্থা, কোভিড বিধি মেনে চলার নানা উপকরণ ও মার্কেটিং খাতে খরচ অনুমানিক ২০ বিলিয়ন মার্কিন ডলার ধরা হয়েছিল। অলিম্পিক চলাকালীন টোকিওয় করোনা ভাইরাসের সংক্রমণ যেভাবে বাড়ছে, তাতে আর্থিক খরচও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

টোকিও গেমসই কি সবচেয়ে দামী অলিম্পিক
এতটা শোনার পর যাদের মনে হচ্ছে যে খরচের প্রেক্ষিতে টোকিও অলিম্পিকই সর্বকালের সেরা হতে চলেছে, তাদের ভুল ভাঙা প্রয়োজন। কারণ দামী অলিম্পিকের প্রতিযোগিতায় রূপোর পদক জিততে সক্ষম হয়েছে টোকিও গেমস। অর্থাৎ তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে এবারের অলিম্পিক। শীর্ষ স্থানে রয়েছে সোচির শীতকালীন গেমস। যেটি ২০১৪ সালে অনুষ্ঠিত হয়েছিল। ওই ইভেন্ট আয়োজন করতে খরচ হয়েছিল ২১.৯ বিলিয়ন মার্কিন ডলার।

তালিকার অন্যান্য প্রতিযোগীরা
খরচের প্রেক্ষিতে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ২০১২ সালের লন্ডন অলিম্পিক। ওই গেমস আয়োজন করতে ব্যয় হয়েছিল ১৫ বিলিয়ন মার্কিন ডলার। ২০১৬ সালের রিও অলিম্পিক আয়োজন করতে খরচ হয়েছিল ১৩.৭ বিলিয়ন মার্কিন ডলার। ১৯৯২ সালের বার্সেলোনা অলিম্পিকে ৯.৪ বিলিয়ন ডলার ব্যয় হয়েছিল। ২০০৮ সালের বেজিং অলিম্পিক আয়োজনে খরচের পরিমাণ ৬.৮ বিলিয়ন ডলারে গিয়ে থেমেছিল। তবে করোনা ভাইরাসের বাড়বাড়ন্ত না থাকলে টোকিও অলিম্পিকের খরচও এতটা চড়া না বলে মনে করেন বিশেষজ্ঞরা।

খরচ থেকে বাদ কী কী
অলিম্পিকের বিভিন্ন ক্রীড়া ইভেন্টের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত না থাকা বিষয়গুলিকে এই খরচের বাইরে রাখা হয়েছে। অর্থাৎ এতবড় কর্মযজ্ঞ সফল করার ক্ষেত্রে বাইরের যে ব্যবস্থাপনার প্রয়োজন, সেগুলি বাদ দিয়ে খরচের পরিমাণ এই স্তরে এসে পৌঁছেছে। সেই হিসেবগুলি ধরলে সংখ্যা মাত্রা ছাড়িয়ে যাবে বলে মনে করেন বিশেষজ্ঞরা।












Click it and Unblock the Notifications