বিমানবন্দরে গিয়েও টোকিওর বিমানে উঠতে পারলেন না ভারতের কুস্তিগীর ভিনেশ
টোকিও অলিম্পিকে তাঁকে দেশের পদক জয়ের দাবিদার বলে মনে করা হচ্ছে। অথচ অলিম্পিক অভিযানে যাওয়ার আগেই ধাক্কা খেলেন ভারতীয় কুস্তিগীর ভিনেশ ফোগাট। বিমানবন্দরে পৌঁছানোর পরেও তাঁকে উঠতে দেওয়া হল না টোকিওর বিমানে। ৫৩ কেজি ফ্রিস্টাইলে ভিনেশই শীর্ষ বাছাই এবং সোনা জয়ের বড় দাবিদার। ২৬ বছরের এই এশিয়ান ও কমনওয়েলথ গেমসের সোনাজয়ী এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জজয়ী ভিনেশ অলিম্পিক অভিযান শুরু করবেন অগাস্টের ৫ তারিখ।

আজই ভিনেশের টোকিওতে পৌঁছানোর কথা ছিল। সেইমতো বুদাপেস্ট থেকে ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে যান কানেক্টিং ফ্লাইট ধরার জন্য। কিন্তু ভিসাজনিত জটিলতায় তিনি বিমানে ওঠার অনুমতি পাননি। কোচ ওলার আকাসোর তত্ত্বাবধানে হাঙ্গেরিতে অলিম্পিকের জন্য প্রস্তুত হচ্ছিলেন ভিনেশ। কিন্তু তাঁর ইউরোপীয় ইউনিয়নের ভিসার মেয়াদ যে উত্তীর্ণ হয়ে গিয়েছে সেটা খেয়াল করেননি। ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে পৌঁছানোর পর বলা হয়, যেহেতু ভিসার মেয়াদ পেরিয়ে যাওয়ার পরও তিনি এক দিন বেশি কাটিয়েছেন হাঙ্গেরিতে, সে কারণেই টোকিওর কানেক্টিং বিমান ধরতে পারবেন না।

যদিও ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে, ভিসার সমস্যা মিটে গিয়েছে। কাল টোকিও পৌঁছাবেন ভিনেশ। ইচ্ছা করে তিনি একদিন বেশি থাকেননি হাঙ্গেরিতে। হিসেব কষে দেখা গিয়েছে ৯০ দিনের পরিবর্তে ৯১ দিন তিনি হাঙ্গেরিতে ছিলেন। কিন্তু শেহেনজেন ভিসা অনুযায়ী ৯০ দিন থাকার অনুমতি মেলে। বুদাপেস্ট থেকে ফ্রাঙ্কফুর্ট পৌঁছানোর পরই বিষয়টি নজরে আসে। সাইয়ের থেকে বিষয়টি জানতে পেরেই জার্মানির ফ্রাঙ্কফুর্টে ভারতীয় দূতাবাসের প্রতিনিধিরা বিমানবন্দরে গিয়ে যাবতীয় জটিলতার সমাধান করেন।

ভিনেশ গেমসে তাঁর ফিজিও-র অ্যাক্রিডিটেশনের ব্যবস্থার জন্যও অনুরোধ জানিয়েছেন। ফ্রাঙ্কফুর্টে বিমানবন্দর চত্ত্বরের হোটেলেই রাত্রিবাস করে জার্মানির সময় অনুযায়ী বুধবার বেলা ১২টা ১৫ মিনিটে তিনি টোকিওর উদ্দেশ্য়ে রওনা হবেন। রওনা হতে একদিন দেরি হওয়ায় নতুন করে আরটি-পিসিআর পরীক্ষাও করাতে হয়েছে ভিনেশকে। টোকিওতে পৌঁছেও করোনা পরীক্ষা হবে। তাঁর এই দেরির বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়েছে গেমসের আয়োজকদেরও।












Click it and Unblock the Notifications