কেবিসি-র হটসিটে ঝুলন, কী বললেন 'বচ্চন সাব'
ঝুলন-মিতালিরা হটসিটে, সামনে বসে অমিতাভ বচ্চন, কেমন ছিল সেই অভিজ্ঞতা, জানালেন ঝুলন
সময়টা নব্বইয়ের দশক। রাত নটা বাজলেই ঘরে ঘরে টেলিভিশন সেট থেকে একটা জলদগম্ভীর আওয়াজ ভেসে আসত, 'ম্যায় অমিতাভ বচ্চন বোল রাহা হ্যুঁ'- এই আওয়াজটা শুনে অভ্যস্ত ছিলেন কাশ্মীর থেকে কন্যাকুমারী। কেবিসি-তে অংশ নিয়ে ফেরত আসা ঝুলন গোস্বামীর মতে ,সেই কথাটাই সামনে থেকে শুনতে পেয়ে শিহরণ জাগছিল।

গত ১১ অগাস্ট কৌন বানেগা কড়োরপতি-র একটি বিশেষ এপিসোডের জন্য শ্যুটিং করেছেন ঝুলন সহ ভারতীয় মহিলা ক্রিকেটদলের ছ'জন সদস্য। ঝুলন ছাড়াও এই বিশেষ এপিসোডের জন্য ডাক পেয়েছিলেন মিতালি, হরমনপ্রীত, পুনম, ভেদা ও স্মৃতি মন্ধনা। ঝুলন জানাচ্ছেন সিলভার স্ক্রিনের হেভিওয়েট তারকাকে সামনে থেকে দেখতে পাওয়ার মুগ্ধতা এখনও রয়ে গেছে। আসলে ভীষণই বন্ধুত্বপূর্ণ ভাবে সকলের সঙ্গে মেশেন বিগ বি। এর আগে কখনও অমিতাভ বচ্চনের সঙ্গে সাক্ষাতের সুযোগ হয় নি। ফলে বিশ্বকাপের পর নানা সম্বর্ধনা পাওয়ার চেয়ে এটাও কোনও অংশে কম পাওয়া নয়, ঝুলনের কাছে।
বঙ্গ পেস ব্যাটারির মতে ছোট থেকেই অমিতাভ বচ্চনকে বড় পর্দায় দেখে বড় হয়ে ওঠা। তারপর ছোট পর্দায় তিনি যখন এসেছেন তখনও কামাল করে দিয়েছেন। ঝুলন অকপটেই বললেন নব্বইয়ের দশকে যখন কেবিসি শুরু হয়েছিল তখন নিয়মিতভাবেই তা দেখার চেষ্টা করতেন তিনি। ফলে সেই শ্যো গেস্ট হিসেবে হাজির থাকতে পেরে নিঃসন্দেহেই খুবই ভাল লেগেছে।

এর পাশাপাশি ঝুলন এও জানিয়েছেন 'এত বড় তারকা হওয়া সত্বেও কোনও ঔদ্ধত্য নেই অমিতাভ বচ্চনের। আমাদের প্রত্যেকের সঙ্গে অসম্ভব সৌজন্য নিয়ে কথা বলেছেন। জানিয়েছেন বিশ্বকাপে নিয়মিত আমাদের ম্যাচ দেখতেন। ' এরই সঙ্গে ঝুলন এও জানিয়েছেন , ফাইনালে ভারতীয় দল হেরে যাওয়ায় খুবই দুঃখ পেয়েছিলেন তিনি। তবে একইসঙ্গে মেয়েদের এইরকম চমৎকার পারফরম্যান্স ধরে রাখতেও উদ্বুদ্ধ করেছেন তিনি।
এপিসোড প্রাথমিকভাবে সেপ্টেম্বরের ১ তারিখেই দেখানোর কথা, তবে যতক্ষণ না দেখানো হচ্ছে ততক্ষণ যেন নিশ্চিন্ত হতে পারছেন না চাকদার ঝুলন।












Click it and Unblock the Notifications