Paris Olympics 2024: বজরং থেকে ভবানী, শ্রীশঙ্কর থেকে রবি! প্যারিস অলিম্পিক্সে নেই ভারতের একঝাঁক তারকা
Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্স শুরু হচ্ছে ২৬ জুলাই থেকে। চলবে ১১ অগাস্ট পর্যন্ত। এবার ভারত থেকে প্রায় ১২০ জন ক্রীড়াবিদ অংশ নেবেন অলিম্পিক্সে।
প্যারিস অলিম্পিক্সে সর্বকনিষ্ঠ প্রতিযোগীর বয়স ১৪। অনেকের কাছেই এবারের অলিম্পিক্স তাঁদের কেরিয়ারে প্রথম। পিভি সিন্ধু, অদিতি অশোকদের কাছে আবার এটি তৃতীয় অলিম্পিক্স।

ভারত এবার প্যারিস অলিম্পিক্সেই পদক সংখ্যার সর্বকালীন রেকর্ড গড়বে বলে আশা করা হচ্ছে। তবে একইসঙ্গে পদকজয়ের দাবিদার যাঁরা হতে পারতেন, তেমন অনেক ক্রীড়াবিদকেই এবারের অলিম্পিক্সে দেখা যাবে না। কারও ক্ষেত্রে ফর্ম, কারও ক্ষেত্রে আবার অন্তরায় হয়েছে চোট।
ফেন্সিংয়ে ভারতীয় তারকা ভবানী দেবী এশিয়া-ওশেনিয়া জোনাল কোয়ালিফায়ার থেকে প্যারিস অলিম্পিক্সের টিকিট আদায়ে ব্যর্থ হয়েছেন। কমনওয়েলথ গেমসে রুপোজয়ী অ্যাথলিট মুরলী শ্রীশঙ্কর অলিম্পিক্স থেকে চোটের কারণে সরে দাঁড়াতে বাধ্য হয়েছেন। একই অবস্থা ট্রিপল জাম্পার এলধোস পলের।
বক্সার নীতু ঘাঙ্ঘাস অলিম্পিক্সের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে হেরে যাওয়ায় প্যারিসের টিকিট পাননি। বক্সার পরভীন হুডা অলিম্পিক্সে অংশগ্রহণের ছাড়পত্র আদায় করে নিয়েছিলেন। কিন্তু তিনি ডোপ টেস্টের জন্য নিজের অবস্থানের বিস্তারিত তথ্য তিনবার দিতে না পারায় তাঁকে সাসপেন্ড করে আইটিএফ। যে কারণে হুডার অলিম্পিক্সে নামা হচ্ছে না।
টোকিও অলিম্পিক্সে রুপো জিতেছিলেন কুস্তিগীর রবি কুমার দাহিয়া। তিনিও ট্রায়ালে ব্যর্থতার কারণে অলিম্পিক্সের যোগ্যচা অর্জন করতে পারেননি। বজরং পুনিয়াও ট্রায়ালে ব্যর্থ হন এবং পরে নাডার সাসপেনশনের মুখে পড়ে অলিম্পিক্সে অংশ নিতে পারবেন না।
ভারতের পুরুষ হকি দল প্যারিস অলিম্পিকে থাকলেও নেই মহিলাদের দল। এফআইএইচ মহিলাদের কোয়ালিফায়ারে জাপানের কাছে হেরে যাওয়ায় ভারতের মহিলা হকি দল প্যারিস অলিম্পিক্সে অংশগ্রহণের ছাড়পত্র আদায় করতে পারেনি।












Click it and Unblock the Notifications