টোকিও অলিম্পিকে সোনাজয়ী নীরজ বিশ্ব র্যাঙ্কিংয়ে উঠলেন ১৪ ধাপ, কোথায় থামলেন ভারতীয় অ্যাথলিট
ভারতের সোনাজয়ী অ্যাথলিট নীরজ চোপড়া বিশ্ব জ্যাভলিন ক্রমতালিকার ২ নম্বর স্থানে উঠে এলেন।
টোকিও অলিম্পিকে সোনা জিতে অ্যাথলেটিক্স জগতে সাড়া ফেলে দেওয়া নীরজ চোপড়া এবার বিশ্ব র্যাঙ্কিংও ওলোট-পালোট করে দিলেন। বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়াযজ্ঞের অ্যাথলেটিক্স থেকে ভারতকে প্রথম সোনা দিয়ে জ্যাভলিনের ক্রমতালিকায় একলাফে ১৪ ধাপ উঠে এলেন ২৩ বছরের ক্রীড়াবিদ। যদিও এখানেই থামতে রাজি নন নীরজ। ইতিমধ্যে তিনি ঠিক করে ফেলেছেন নিজের পরবর্তী লক্ষ্যও।

বিশ্ব ক্রমতালিকার দ্বিতীয় স্থানে নীরজ
টোকিও অলিম্পিকে সোনাজয়ী নীরজ চোপড়া বিশ্ব অ্যাথলেটিক্সের জ্যাভলিন ক্রমতালিকায় একলাফে ১৪ ধাপ উঠে এসেছেন। টোকিও গেমসের আগে ১৬তম স্থানে অবস্থান করছিলেন ভারতের জ্যাভলিন থ্রোয়ার। সদ্য প্রকাশিত বিশ্ব ক্রমতালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছেন ভারতের হয়ে ইতিহাস রচনাকারী অ্যাথলিট। নতুন ক্রমতালিকায় ১৩১৫ পয়েন্ট অর্জন করতে সক্ষম হয়েছেন নীরজ। অন্যদিকে টোকিও গেমসের ফাইনালে শোচনীয় পরাজয়ের পরেও বিশ্ব ক্রমতালিকার প্রথম স্থান ধরে রাখতে সক্ষম হয়েছেন জার্মানি ইয়োহানাস ভেটের। ১৩৯৬ পয়েন্ট রয়েছে তাঁর ঝুলিতে। ১৩০২ পয়েন্ট নিয়ে ক্রমতালিকার তৃতীয় স্থানে রয়েছেন পোল্যান্ডের মার্চিন ক্রুকোস্কি।

নীরজের পারফরম্যান্স ও রেকর্ড
টোকিও অলিম্পিকের পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টের ফাইনালে ৮৭.৫৮ মিটার দূরত্ব বর্শা নিক্ষেপ সক্ষম হন নীরজ চোপড়া। টোকিও অলিম্পিকের ওই ইভেন্টের যোগ্যতা অর্জন পর্বেও প্রথম হয়েছিলেন নীরজ। ওই রাউন্ডে ৮৬.৫৯ দূরত্বে বর্শা ছুঁড়েছিলেন ভারতের গর্ব। চলতি বছরই পাতিয়ালায় হওয়া ইন্ডিয়ন গ্রাঁ পি-তে ৮৮.০৭ মিটার দূরত্বে জ্যাভলিন ছুঁড়েছিলেন নীরজ। যা জাতীয় রেকর্ডও বটে। টোকিও গেমসের এই ইভেন্টের যোগ্যতা অর্জন পর্বেই নিজের উপস্থিতি বুঝিয়েছিলেন নীরজ চোপড়া। প্রথম প্রচেষ্টাতেই বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন ভারতীয়। ৮৬.৬৫ মিটার দূরত্বে জ্যাভেলিন ছুঁড়ে প্রথম হয়েছিলেন এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমসে সোনাজয়ী অ্যাথলিট। ২০১২ সালে মাত্র ১৪ বছর বয়সে জাতীয় জুনিয়র চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন নীরজ চোপড়া। ৬৮.৪৬ মিটার দূরত্বে বর্শা নিক্ষেপ করেছিলেন তিনি। ২০১৪ সালে প্রথম ৭০ মিটারের গণ্ডী পেরিয়েছিলেন নীরজ। ২০১৫ সালে ৮০ মিটারের গণ্ডী পেরিয়েছিলেন ভারতীয় অ্যাথলিট। পাতিয়ালায় অনুষ্ঠিত হওয়া ভার্সিটি চ্যাম্পিয়নশিপে ৮১.০৪ মিটার দূরত্বে বর্শা নিক্ষেপ করে সোনা জিতেছিলেন পানিপথের তরুণ। ২০১৬ সালে পোল্যান্ডে হওয়া অনূর্ধ্ব ২০ বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৮৬.৪৮ মিটার দূরত্বে তিনি বর্শা নিক্ষেপ করে সোনা জিতেছিলেন ভারতীয়।

নীরজের পরবর্তী লক্ষ্য
কেরিয়ারের কার্যত সূচনা লগ্নে অলিম্পিক থেকে সোনা জিতে অন্য স্তরে পৌঁছে গিয়েছেন নীরজ চোপড়া। এরপরই ঠিক করে ফেললেন নিজের পরবর্তী লক্ষ্য। জানিয়ে দিয়েছেন, এবার ৯০ মিটার দূরত্বে বর্শা ছোঁড়াই তাঁর পরিকল্পনা। উল্লেখ্য অলিম্পিকের জ্যাভলিন থ্রো ইভেন্টে সর্বাধিক ৯০.৫৭ মিটার দূরত্বে জ্যাভলিন ছোঁড়ার রেকর্ড রয়েছে। টোকিও গেমসে সেই রেকর্ড ভাঙতে চেয়েও পারেননি নীরজ চোপড়া। তবে আগামী বছরগুলিতে আরও পরিশ্রম করে নিজেকে ওই উচ্চতায় নিয়ে যেতে তিনি বদ্ধপরিকর বলে জানিয়েছেন ২৩ বছরের ভারতীয় অ্যাথলিট।

বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে সোনা
চোটের কারণে ২০১৯ সালে দোহায় অনুষ্ঠিত হওয়া বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে অংশ নিতে পারেননি নীরজ চোপড়া। প্রতিযোগিতার ২০২২ সালের সংস্করণ আমেরিকায় অনুষ্ঠিত হতে চলেছে। সেখানে অংশ নেওয়া শুধু নয়, দেশের হয়ে সোনা জেতাও যে তাঁর লক্ষ্য তাও জানাতে ভোলেননি চোপড়া। ইতিমধ্যেই এশিয়ান চ্যাম্পিয়নশিপেও সোনা জেতা নীরজ বিশ্ব চ্যাম্পিয়নশিপে সেরা হতে পারলে এক বৃত্ত সম্পন্ন হবে।












Click it and Unblock the Notifications