পাখির চোখ অলিম্পিক্স, কোর্টে ফিরেই জয় সাইনার, এগোলেন শ্রীকান্তও
চোটের কারণে প্রথম রাউন্ডের মাঝপথেই ছিটকে গিয়েছিলেন অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ থেকে। তবে প্যারিসে কোর্টে ফিরে জয় দিয়েই অভিযান শুরু করলেন সাইনা নেহওয়াল। অরলিন্স মাস্টার্সের প্রথম রাউন্ডেই পেলেন সহজ জয়।

লন্ডন অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী সাইনা নেহওয়ালের কাছে এখনও অধরা টোকিও অলিম্পিক্সের টিকিট। চতুর্থ অলিম্পিক্সে নামার জন্য প্রয়োজনীয় পয়েন্ট সংগ্রহে তাই মরিয়া হয়ে উঠেছেন ভারতের তারকা শাটলার। আজ অরলিন্স মাস্টার্সে নিজের প্রথম রাউন্ডের ম্যাচে স্ট্রেট গেমে জিতলেন সাইনা। আয়ারল্যান্ডের রাচেল দারাঘকে হারালেন মাত্র ২১ মিনিটেই। খেলার ফল ২১-৯, ২১-৫। পরের রাউন্ডে চতুর্থ বাছাই সাইনার সামনে ফ্রান্সের মেরি বাতোমেন।
এই টুর্নামেন্টে ভারতের কিদাম্বি শ্রীকান্ত পুরুষদের সিঙ্গলসে শীর্ষ বাছাই। প্রথম রাউন্ডে বাই পাওয়ার পর দ্বিতীয় রাউন্ডে শ্রীকান্ত ২১-১৫, ২১-১০ ফলে হারালেন ভারতের অজয় জয়রামকে, সময় নিলেন ২৫ মিনিট। মিক্সড ডাবলসে জয় পেয়েছে প্রণব জেরি ও এন সিক্কি রেড্ডির জুটি।
মহিলাদের সিঙ্গলসে যোগ্যতা অর্জন পর্ব থেকে মূলপর্বে আসা ইরা শর্মা ফরাসি প্রতিপক্ষের বিরুদ্ধে জয় পেয়েছেন। গতকাল ভারতের কিরণ জর্জ নেদারল্যান্ডের মার্ক কালজৌকে হারিয়ে অঘটন ঘটিয়েছেন। মার্ক অল ইংল্যান্ড ওপেনের সেমিফাইনালিস্ট। জয় পেয়েছেন মিঠুন মঞ্জুনাথও। তবে প্রথম রাউন্ডে ডেনমার্কের প্রতিপক্ষর কাছে হেরে গিয়েছেন শুভঙ্কর দে।












Click it and Unblock the Notifications