অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টনে ভারতীয় শাটলারদের অবশেষে স্বস্তি

যাবতীয় উৎকণ্ঠার অবসান। করোনা পরীক্ষার জেরে প্রস্তুতিতে ব্যাঘাত ঘটলেও আজ থেকে শুরু হতে চলা অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে অংশ নিতে কোনও ভারতীয় শাটলারের আর বাধা রইল না।

অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টনে ভারতীয় শাটলারদের স্বস্তি

করোনা পরীক্ষার রিপোর্ট নিয়ে উৎকণ্ঠা শুরু হয়েছিল ভারতীয় শিবিরে। গতকাল জানা গিয়েছিল, তিনজন ভারতীয় শাটলার ও একজন কোচিং স্টাফের করোনা পজিটিভ এসেছে। কয়েকজনের রিপোর্ট অসম্পূর্ণ ছিল। এর জেরে প্রস্তুতি নিতে পারেননি ভারতীয় শাটলাররা। করোনা পরীক্ষার পরিকাঠামো নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন সাইনা নেহওয়াল ও তাঁর স্বামী পারুপল্লী কাশ্যপ। তাঁদের অভিযোগ ছিল, ৩০-৩১ ঘণ্টা পেরিয়ে গেলেও রিপোর্ট অসম্পূর্ণ, আবার পরীক্ষা হবে, এ কেমন পরীক্ষা চলছে? কোর্টে নামা দূর অস্ত, জিমেও যেতে না পেরে প্রস্তুতি ব্যাহত হওয়ার কথা জানিয়েছিলেন সাইনাও।

ভারতীয় শিবিরের তরফে করোনা রিপোর্টের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হয়। কেন না, সুইস ওপেনের আগে থেকে জুরিখে ভারতীয় শাটলাররা আইসোলেশনে ছিলেন। বাইরের কারও সঙ্গে মেলামেশা করেননি। তারপরও কীভাবে সংক্রমিত হতে পারেন কেউ সেই প্রশ্ন তোলা হয়েছিল। যদিও আজ ভারতীয় ড্যানিশ কোচ মার্টিন বো ইনস্টাগ্রামে সুখবর দিয়ে জানিয়েছেন, আমাদের দলের কেউ করোনা পজিটিভ নন। সকলেই অল ইংল্যান্ডের জন্য প্রস্তুত।

ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন ও ব্যাডমিন্টন ইংল্যান্ডও টিম ম্যানেজারদের ই মেল করে জানিয়েছে, প্রাথমিকভাবে বেশ কিছু রিপোর্ট অসম্পূর্ণ আসার জেরে তড়িঘড়ি যুদ্ধকালীন তৎপরতায় ফের নমুনা পরীক্ষা চালানো হয়। তাতেই নিশ্চিত হওয়া গিয়েছে অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণকারীদের কেউ করোনা পজিটিভ নন। এর আগে তাইল্যান্ড ওপেনের সময়ও একই অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছিল সাইনা নেহওয়াল ও এইচ এস প্রণয়কে। প্রথমে তাঁদের রিপোর্ট পজিটিভ এলেও ফের পরীক্ষা করলে রিপোর্ট নেগেটিভ এসেছিল। করোনা পরীক্ষা নিয়ে জটিলতার জেরে অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ আজ শুরু হলেও নির্ধারিত সময়ের পাঁচ ঘণ্টা দেরিতে শুরু হবে বলে জানিয়েছেন আয়োজকরা। ইংল্যান্ডের সময় অনুযায়ী সকাল ৯টার পরিবর্তে টুর্নামেন্ট শুরু বেলা ২টোয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+