Gold In World Archery: বিশ্ব তিরন্দাজিতে ইতিহাস ভারতের, মহিলাদের কম্পাউন্ড ইভেন্টে সোনা, উচ্ছ্বসিত অনুরাগ
Gold In World Archery: বিশ্ব তিরন্দাজি প্রতিযোগিতায় ইতিহাস। ভারতের মহিলা কম্পাউন্ড দল জিতে নিল সোনা। জার্মানির বার্লিনে। চলতি বিশ্ব তিরন্দাজি প্রতিযোগিতায় যে কোনও বিভাগে এটিই ভারতের প্রথম সোনা।
ভারতীয় দলে ছিলেন জ্যোতি সুরেখা ভেন্নম, পরণীত কৌর ও অদিতি গোপীচাঁদ স্বামী। তাঁদের সাফল্যে উচ্ছ্বসিত কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর।

ফাইনালে ভারত হারিয়ে দিয়েছে মেক্সিকোকে। সেই দলে ছিলেন দাফনে কুইনতেরো, আনা সোফিয়া হার্নান্দেজ জিওন ও আন্দ্রেয়া বেসেরা। জার্মানিতে শুক্রবার অনুষ্ঠিত ফাইনালে ভারত জয় ছিনিয়ে নিয়েছে ২৩৫-২২৯ ব্যবধানে। দেশকে মহিলা কম্পাউন্ড দলের হয়ে সোনা জেতাতে পেরে খুশি অদিতি। ওয়ার্ল্ড আর্চারিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, শ্যুটিংয়ে ফোকাস রেখেছিল। সোনা জেতার আত্মবিশ্বাস ছিল।
ভারতীয় দলের সোনা জয়ের যাত্রাপথও উল্লেখযোগ্য। প্রথম রাউন্ডে বাই পাওয়ার পর প্রি কোয়ার্টার ফাইনালে তুরস্ক ও কোয়ার্টার ফাইনালে ভারতীয় তিরন্দাজরা পরাস্ত করেন শক্তিশালী চাইনিজ তাইপেকে। গতবারের চ্যাম্পিয়ন কলম্বিয়ার মুখোমুখি হতে হয়েছিল সেমিফাইনালে। ২২০-২১৬ ব্যবধানে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে মেলে ফাইনালের টিকিট।

বিশ্ব তিরন্দাজি প্রতিযোগিতায় ভারতের সর্বমোট পদকের সংখ্যা বেড়ে হলো ১১। তার মধ্যে ৬টি সোনা, ১টি রুপো ও চারটি ব্রোঞ্জ রয়েছে। জ্যোতি, পরণীত ও অদিতি কম্পাউন্ড ইভেন্টে ব্যক্তিগত বিভাগেও নামবেন। ফলে দেশের পদক সংখ্যা আরও বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
যে আত্মবিশ্বাস ও দক্ষতার মাধ্যমে আবহাওয়া-সহ নানা প্রতিকূলতাকে জয় করে তিরন্দাজরা এই সাফল্য নিয়ে এলেন তা অনুপ্রেরণা জোগানোর মতো বলে টুইটে লেখেন অনুরাগ ঠাকুর। আগামী দিনের জন্য শুভেচ্ছাও জানিয়েছেন।












Click it and Unblock the Notifications