তিন দিনেই অপ্রত্যাশিত জয় ভারতের, সচিনের বিদায়লগ্নে বিষাদে ইডেন

পাঁচ দিনের টেস্ট ম্যাচে তৃতীয় দিনেই জয় ছিনিয়ে নিল ভারত। ৫১ রানে জিতে ইনিংসেও ওয়েস্ট ইন্ডিজবাহিনীকে পরাস্ত করল ভারতীয় দল। ইডেন ম্যাচের প্রতি ছত্রে তারুণ্যের আভাস স্পষ্ট পাওয়া গেল।
মহম্মদ সামিক দুর্দান্ত বোলিংয়ের ঠেলায় ভারতের ৪৫৩ রানের জবাবে মাত্র ১৬৮ রানেই ইতি টানতে হয় ক্যারেবিয়ান দলকে।গত বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের ২৩৪ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই সচিন-সহ গুরুত্বপূর্ণ উইকেট খুইয়ে মুখ থুবড়ে পড়ে ভারত। সেখান থেকে ম্যাচের রাশ টেনে ধরেন রোহিত শর্মা। যোগ্য সঙ্গত দেন রবীচন্দ্রন অশ্বিন। অভিষেক ম্যাচেই ১৭৭ করে সবাইকে তাক লাগিয়ে দেন রোহিত। অশ্বিনের ব্যাট থেকে মূল্যবান ১২৪ রান পাওয়া যায়। শুক্রবার ৪৫৩ রানে শেষ করে ২১৯ রানের লিড নেয় ভারত। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভেঙে পড়ে ক্যারিবিয়ানদের ব্যাটিং লাইন আপ।
এদিন বল হাতে আরও একবার সচিন তেন্ডুলকরকে দেখা গেলেও ব্যাট হাতে নেওয়ার আর সুযোগ পেলেন না তিনি। সেইসঙ্গে ক্রিকেটের এই মহাতারকার ব্যাটের জাদুভেল্কি দেখার শেষ সুযোগটাও হারালেন ইডেন গার্ডেনে উপস্থিত দর্শক। আর কখনও এই বাইশ গজে দেখা যাবে না তাঁকে। ম্যাচে জয়ের পর ক্রিকেটের জাদুকরকে সংবর্ধনা দিতে মাঠে হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরীয় পরিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে সম্মান জানান সচিনকে। হাতে তুলে দেন নিজের আঁকা একটি ছবিও। তিন দিনের মাথায় খেলা শেষ হয়ে যাবে একথা আঁচ করতে পারেনি সিএবি কর্তৃপক্ষও। তাই সচিন সংবর্ধনায় হাজারো পরিকল্পনা থাকলেও এদিন প্রস্তুত না থাকায় তা কার্যকর করতে পারা যায়নি। তাই সাধারণই থেকে গেল সচিনের বিদায়লগ্ন।












Click it and Unblock the Notifications