৭৫তম স্বাধীনতা দিবসে অলিম্পিক আয়োজন নিয়ে বড় ঘোষণা দিল্লি মুখ্যমন্ত্রীর
৭৫তম স্বাধীনতা দিবসে অলিম্পিক আয়োজন নিয়ে বড় ঘোষণা দিল্লি মুখ্যমন্ত্রীর
৭৫তম স্বাধীনতা দিবসের গর্বে মুখরিত ভারত। বিশেষ করে টোকিও অলিম্পিকে ভারতীয় অ্যাথলিটদের দুর্দান্ত পারফরম্যান্সের পরের এই ১৫ অগাস্টের মাহাত্ম্য যে অন্যান্য বারের থেকে অন্যরকম, তা মেনে নিচ্ছেন দেশের প্রতিটি নাগরিক। সেই আবহেই এবার অলিম্পিক আয়োজন নিয়ে বড় ঘোষণা দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। শুভেচ্ছা জানালেন টোকিও গেমসে পদকজয়ী ভারতীয় অ্যাথলিটদের।

কী বললেন কেজরিওয়াল
৭৫তম স্বাধীনতা দিবসের প্রেক্ষাপটে অলিম্পিক আয়োজন নিয়ে বড় ঘোষণা দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। জানালেন, ২০৪৭ সালের পর দেশের রাজধানীতে বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়াযজ্ঞের আসর বসানোর জন্য ঝাঁপাবেন তাঁরা। ভারতের স্বাধীনতার ১০০ বছর পূর্তি উপলক্ষ্যে ওই অলিম্পিক অন্য মাত্রা পাবে বলে বলে জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। ততদিনে পরিকাঠামো ও ব্যবস্থপনার দিকে থেকে তাঁরা আরও এগিয়ে যাবেন বলে আশা করেছেন অরবিন্দ কেজরিওয়াল।

২০৪৮ সালের অলিম্পিকই লক্ষ্য
গত মার্চে দিল্লি সরকারের তরফে জানানো হয়েছিল যে তারা ২০৪৮ সালের অলিম্পিক আয়োজন করতে চায়। নিয়ম অনুযায়ী যে কোনও অলিম্পিক আয়োজনের জন্য কোনও দেশ বা শহরকে ১০ বছর আগে বিড করতে হয়। সেই প্রক্রিয়ার জন্য তাদের ভাবনাচিন্তা শুরু হয়েছে বলে জানিয়েছিল দিল্লি সরকার। আগামী ১৬ থেকে ১৭ বছরের মধ্যে দিল্লির ক্রীড়া পরিকাঠামো ও পরিবেশ অলিম্পিক সহায়ক করে তোলা হবে বলে জানিয়েছিলেন উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া। রবিবার একই সুর শোনা গিয়েছে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গলায়।

দিল্লিতে বিশ্বমানের প্রতিযোগিতা
১৯৫১ সালে প্রথম বিশ্বমানের প্রতিযোগিতা হয়েছিল দিল্লিতে। সে বছর দেশের রাজধানীতে এশিয়ান গেমসের আসর বসেছিল। ১৯৮২ সালের এশিয়ান গেমসের সংস্করণও অনুষ্ঠিত হয়েছিল দিল্লিতে। ২০১০ সালে কমনওয়েলথ গেমস আয়োজিত হয়েছিল রাজধানীতে। সেই প্রতিযোগিতাকে ঘিরে মোটা টাকার দুর্নীতির অভিযোগও উঠেছিল। অর্থাৎ দেশের বিশ্বমানের প্রতিযোগিতা আয়োজন করার যে সক্ষমতা রয়েছে, তা প্রমাণিত। তবে অলিম্পিকের জন্য যে আরও পরিকাঠামোগত উন্নয়ন প্রয়োজন, তা মেনে নিচ্ছে দিল্লি সরকার।

টোকিও গেমসের সফলতা নিয়ে মুখ খুললেন কেজরিওয়াল
টোকিও অলিম্পিকে সফল হওয়া ভারতীয় অ্যাথলিটদের শুভেচ্ছা জানিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। সদ্য শেষ হওয়া গেমসে সাতটি পদক জিতে ইতিহাস রচনা করেছেন নীরজ চোপড়ারা। এই সংখ্যাকে আগামী দিনে ৭০-এ পরিণত করতে হবে বলে জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। একই দেশে অলিম্পিকের আসর বসাতেও যে তিনি বদ্ধপরিকর, তাও জানাতে ভোলেননি কেজরি। উল্লেখ্য ২০২৪ সালের অলিম্পিক অনুষ্ঠিত হবে প্যারিসে। ২০২৮ সালের গেমস আয়োজনের সুযোগ পেয়েছে আমেরিকার লস অ্যাঞ্জেলেস। ২০৩২ সালে অস্ট্রেলিয়ার ব্রিসবনে অলিম্পিকে আসর বসতে চলেছে।












Click it and Unblock the Notifications