টোকিও অলিম্পিকের আগে তারকা কুস্তিগীরের চোটে ভারতীয় শিবিরে চিন্তার মেঘ
তারকা কুস্তিগীরের চোটে ভারতীয় শিবিরে চিন্তা
টোকিও অলিম্পিকে আগে চোট পেলেন ভারতীয় কুস্তি তারকা তথা পদক জয়ের অন্যতম আশা বজরং পুনিয়া। রাশিয়ার আলি আলেভ টুর্নামেন্টে খেলতে গিয়ে তিনি কনুইয়ে চোট পেয়েছেন বলে জানানো হয়েছে। চোট কতটা গুরুতর, তা জানতে অবশ্য আরও কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হবে। তার আগেই বজরং-কে নিয়ে বিশেষ বার্তা দিয়েছেন তাঁর কোচ শাকো বেনটিনিডিস।

রাশিয়ার আলি আলেভ টুর্নামেন্টের সেমিফাইনালে স্থানীয় তারকা আব্দুলমাজিদ কুদিয়েভের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন ভারতীয় কুস্তিগীর। প্রতিপক্ষের ডান পায় ধরে প্যাঁচ দেওয়ার চেষ্টা করেছিলেন বজরং। পাল্টা হিসেবে ভারতীয় তারকার ডান পা ধরেই টান দেন আব্দুলমাজিদ। সেখানেই চোট পান পুনিয়া। যন্ত্রণায় তিনি ছটফট শুরু করেন। ০-৪ পয়েন্টে পিছিয়ে থাকা ম্যাচে হারও স্বীকার করেন ভারতীয় কুস্তিগীর।
আঘাত পাওয়ার পর সোজা হয়ে দাঁড়াতে পারছিলেন না বজরং। ফিজিও-র কাঁধে ভর করে তাঁকে কোর্ট ছাড়তে হয়। সঙ্গে সঙ্গে তাঁর চিকিৎসাও শুরু হয়। যদিও ভারতীয় তারকার চোট ততটা গুরুতর নয় বলে জানিয়ে ভারতীয় ক্রীড়া প্রেমীদের কিছুটা আস্বস্ত করেছেন বজরংয়ের জর্জিয়ান কোচ শাকো বেনটিনিডিসের। জানিয়েছেন, ভারতীয় কুস্তিগীরকে ব্যাথা কমানোর ইঞ্জেকশন দেওয়া হয়েছে। বজরং এখন আগের থেকে অনেক সুস্থ বলেও জানিয়েছেন শাকো। বলেছেন, খুব দ্রুত স্বমহিমায় ফিরতে দেখা যাবে ভারতের আশাকে। তিনি সুস্থ আছেন বলে নিজেও জানিয়েছেন বজরং। বলেছেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাঁর চোটের আসল পরিস্থিতি বোঝা যাবে।

২০১৮ সালের জাকার্তা এশিয়ান গেমসের ৬৫ কেজি কুস্তি বিভাগে সোনা জিতেছিলেন বজরং পুনিয়া। ২০১৮ সালের গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমস, ২০১৭ ও ২০১৯ সালের এশিয়ান চ্যাম্পিয়নশিপ থেকে দেশকে সোনা এনে দেওয়া তারকা টোকিও অলিম্পিকে সফল বলে আশা ক্রীড়া প্রেমীদের। ২০১৫ ও ২০১৯ সালের যথাক্রমে অর্জুন, পদ্মশ্রী ও রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার জেতা পুনিয়ার আরোগ্য কামনায় সামিল গোটা দেশ।












Click it and Unblock the Notifications