India Open: সিন্ধু ও কিরণ ইন্ডিয়া ওপেনের কোয়ার্টার ফাইনালে, শেষ আটে পৌঁছে গেল চিরাগ-সাত্ত্বিক জুটিও
India Open: ইন্ডিয়া ওপেনে আজ ভারতের মিশ্র দিন। মহিলাদের সিঙ্গলসে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন পিভি সিন্ধু। পুরুষদের সিঙ্গলসে কিরণ জর্জও।
প্রথম গেম হেরেও শেষ আটে যেতে অসুবিধা হলো না চিরাগ শেট্টি ও সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি জুটিরও। যদিও ভারতের বেশ কয়েকটি জুটির অভিযান এদিনই শেষ হয়ে গেল।

ইন্ডিয়া ওপেন সুপার ৭৫০ টুর্নামেন্টে আজ দিল্লির ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়ামে সিন্ধু হারালেন বিশ্বের ৪৬ নম্বর জাপানের মানামি সুইজুকে। খেলার ফল ২১-১৫, ২১-১৩। কোয়ার্টার ফাইনালে জায়গা পাকা করতে এদিন সিন্ধুর লাগল মাত্র ৪৬ মিনিট।
সিন্ধু এদিনের জয়ে স্বভাবতই খুশি। বিয়ের পর প্রথম টুর্নামেন্টে ছন্দে থাকা সিন্ধু বলেন, আমি খুশি। সুইজুর বিরুদ্ধে এদিনই প্রথম খেললাম। কয়েকটি লম্বা র্যালি হয়েছে। নিজের সেরাটা দিতে পেরে ভালো লাগছে। পরের ম্যাচে সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখতে চান সিন্ধু।
গত নভেম্বরে সৈয়দ মোদী ইন্টারন্যাশনাল খেতাব জেতেন সিন্ধু। যদিও খেলতে পারেননি মালয়েশিয়ান ওপেনে। কোয়ার্টার ফাইনালে সিন্ধুর সামনে বেশ শক্ত প্রতিপক্ষ। সেমিফাইনালে উঠতে সিন্ধুকে জয় পেতে হবে চতুর্থ বাছাই ইন্দোনেশিয়ার গ্রেগরিয়া মারিসকা তুনজুংয়ের বিরুদ্ধে।
পারস্পরিক দ্বৈরথে গ্রেগরিয়াকে ১৩ বারের মধ্যে ১০ বারই হারিয়েছেন সিন্ধু। তবে গত বছর ডেমমার্ক ওপেনের কোয়ার্টার ফাইনালে সিন্ধুকে তিন গেমের লড়াইয়ে হারান বর্তমানে বিশ্বের পাঁচ নম্বরে থাকা গ্রেগরিয়া। কালও নিজের সেরাটা দিতে চান সিন্ধু। প্রতিপক্ষকে সহজে পয়েন্ট পেতে দেবেন না বলেও জানালেন। ভাবছেন একেকটি গেম নিয়েই।
পুরুষদের ডাবলসে শেষ আটে পৌঁছে গেল স্যাট-চি জুটি। চিরাগ শেট্টি ও সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি এদিন খেললেন কেনিয়া মিৎসুহাশি ও হিরোকি ওকামুরার বিরুদ্ধে। প্রথম গেমে ২০-২২ ব্যবধানে হেরে যান। দ্বিতীয় ও তৃতীয় গেম অবশ্য ভারতের তারকা জুটি জিতে নেয় ২১-১৪, ২১-১৬ ব্যবধানে।
পুরুষদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে গেলেন কিরণ জর্জ। তিনি ফরাসি আলেক্স লাইনারকে হারালেন ২২-২০, ২১-১৩ ব্যবধানে। যদিও মিক্সড ডাবলসে হেরে গেল তানিশা ক্রাস্টো ও ধ্রুব কপিলার জুটি। অসিত সূর্য ও অম্রুতা প্রমুতেশের জুটিও ছিটকে গেল। মহিলাদের ডাবলসে হতাশ করল ঋতুপর্ণা পাণ্ডা ও শ্বেতাপর্ণা পাণ্ডার জুটি। তানিশা ক্রাস্টো ও অশ্বিনী পোনাপ্পার জুটিও এদিনই বিদায় নিল। হেরে গিয়েছে শিকা গৌতম ও অশ্বিনী ভাটের জুটি। মহিলাদের সিঙ্গলসে হেরে যান অনুপমা উপাধ্যায়।












Click it and Unblock the Notifications