মহিলা অ্যাথলিট সংখ্যা থেকে অংশগ্রহণকারী দেশ, ১৮৯৬ থেকে অলিম্পিকের বিবর্তন এক নজরে
১৮৯৬ থেকে এ পর্যন্ত অলিম্পিকের ক্রমবিবর্তনের ধাপগুলি দেখে নিন, পরিবর্তন হয়েছে ফর্ম্যাট
১৮৯৬ থেকে শুরু হওয়া আধুনিক যুগের অলিম্পিক ১২৫ বছর পার করে ফেলেছে। গুটি গুটি পায়ে পথচলা শুরু করা এই গেমস বর্তমানে দ্য গ্রেটেস্ট শো অন দ্য আর্থ। টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য হাপিত্যেসে বসে থাকেন বিভিন্ন দেশের অ্যাখলিটরা। চার বছর ধরে চলে নিবিড় অনুশীলন। কোন কোন ধাপ পেরিয়ে অবশেষে এই কলেবরে পৌঁছেছে অলিম্পিক, তা একনজরে দেখে নেওয়া যাক।

টোকিও অলিম্পিকে সবচেয়ে বেশি ইভেন্ট
২৩ জুলাই থেকে শুরু হতে চলা টোকিও অলিম্পিকে সবচেয়ে বেশি ক্রীড়া ইভেন্ট অনুষ্ঠিত হতে চলেছে। এবার মোট ৩৩টি ক্রীড়ার ৫৫টি ডিসিপ্লিনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন বিশ্বের ১১ হাজারেরও বেশি অ্যাথলিট। টোকিওয় মোট ৩৩৯টি ক্রীড়া ইভেন্ট অনুষ্ঠিত হতে চলেছে। তার মধ্য ১৬৫টি পুরুষ ও ১৫৬টি মহিলাদের ইভেন্ট। টোকিও অলিম্পিকে মোট ১৮টি মিক্সড ইভেন্ট অনুষ্ঠিত হতে চলেছে।

মহিলা অ্যাথলিটের সংখ্যা বৃদ্ধি
১৮৯৬ সালে গ্রিসের এথেন্সে আধুনিক যুগের প্রথম গ্রীষ্মকালীন অলিম্পিকের আসর বসেছিল। মাত্র ২৪১ জন অ্যাথলিট তাতে অংশ নিয়েছিলেন। প্রত্যেকেই ছিলেন পুরুষ। ১৯০০ সালের অলিম্পিক হয়েছিল ফ্রান্সের প্যারিসে। সেবারই প্রথম গেমসে মহিলা অ্যাথলিটদের অন্তর্ভূক্তি ঘটেছিল। সেবার মোট ২২ জন মহিলা অ্যাথলিট অলিম্পিকে খেলার সুযোগ পেয়েছিলেন। ২০১৬ সালের রিও গেমসে মহিলা অ্যাথলিটদের সংখ্যা ৫ হাজার ছাড়িয়ে গিয়েছিল। এবার টোকিও অলিম্পিকে তো ইতিহাস রচনা হতে চলেছে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী ২৩ জুলাই থেকে শুরু হতে চলা গেমসে পুরুষদের থেকে বেশি মহিলা অ্যাথলিট পাঠাচ্ছে চিন, আমেরিকা, ইংল্যান্ড। প্রথম দেশের মহিলা অ্যাথলিট সংখ্যা যেখানে ২৯৮, সেখানে পুরুষ অ্যাথলিটের সংখ্যা মাত্র ১৩৩। আমেরিকার টোকিওগামী অ্যাথলিটদের মধ্যে ৩২৯ জন মহিলা ও ২৮৪ জন পুরুষ বলে জানানো হয়েছে। ইংল্যান্ডের অলিম্পিকগামী মহিলা ও পুরুষ অ্যাথলিটের সংখ্যা যথাক্রমে ২০১ ও ১৭৫।

অলিম্পিকে অংশ নেওয়া দেশের সংখ্যা বৃদ্ধি
১৮৯৬ সালের অলিম্পিকে আমন্ত্রিত ১৪টি দেশের অ্যাথলিটরা অংশ নিয়েছিলেন। ধাপে ধাপে সেই সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ১৯১২ সালের অলিম্পিকে অংশগ্রহণকারী দেশের সংখ্যা বেড়ে হয়েছিল ২৮। এরপর আরও দীর্ঘ যাত্রা অতিক্রম করে দ্য গ্রেটেস্ট শো অন দ্য আর্থ। বাড়তে থাকে গেমসে অংশগ্রহণকারী দেশের সংখ্যা। ১৯৬৮ সালের অলিম্পিকে দেশের সংখ্যা ১০০ পেরিয়ে গিয়েছিল। ২০১৬ সালের রিও অলিম্পিকে অংশ নিয়েছিল মোট ২০৭টি দেশ। এবার সেই সংখ্যা খানিক কমেছে। উদ্বাস্তু দল ধরে টোকিও অলিম্পিকে মোট ২০৭টি দেশ অংশ নিতে চলেছে। ডোপ কেলেঙ্কারিতে জড়িয়ে পড়া রাশিয়ার অ্যাথলিটরা নিজের দেশের নাম ও পতাকা ছাড়াই অংশ নিতে চলেছেন।

সবচেয়ে বেশি পদক জিতেছে কোন দেশ
১৮৯৬ থেকে এখনও পর্যন্ত মোট ২৯টি অলিম্পিক অনুষ্ঠিত হয়েছে। তিনটি গেমস বাতিল করা হয়েছে। অলিম্পিকের মোট ২৭টি সংস্করণে অংশ নিয়েছে আমেরিকা। প্রায় ২৩০০ পদক জিতেছেন সেদেশের অ্যাথলিটরা। যা এখনও পর্যন্ত সর্বাধিক। মোট ১৭ বার অলিম্পিকের মেডেল তালিকার শীর্ষ স্থান দখল করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। অলিম্পিক থেকে মোট পদক জয়ের নিরিখে তালিকার দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে সোভিয়েত ইউনিয়ন, ইংল্যান্ড ও চিন।












Click it and Unblock the Notifications