টোকিও অলিম্পিকে অভিষেক চারটি নতুন খেলার, সঙ্গে জানুন কোন ২টি খেলা ফিরছে
২৩ জুলাই থেকে শুরু হতে চলেছে টোকিও অলিম্পিক। ভারতীয়দের পাশাপাশি বিভিন্ন দেশ থেকে খেলোয়াড়, কোচ, সাপোর্ট স্টাফরা পৌঁছাতে শুরু করেছেন গেমস ভিলেজে। টোকিও অলিম্পিকে থাকছে ৩৩৯টি মেডেল ইভেন্ট, যে কারণে অলিম্পিকের ইতিহাসে বৃহত্তম হিসেবে চিহ্নিত হয়েছে এবারের গেমস। বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছেন, ২০২৮-এর অলিম্পিকে থাকতে পারে ক্রিকেট, তার আগে নয়। তবে এবারের অলিম্পিকে যোগ হচ্ছে চারটি নতুন খেলা। দুটি খেলা আবার ফিরছে অনেক বছর পর।

সার্ফিং ও স্কেটবোর্ডিং
এবারের অলিম্পিকে যে চারটি নতুন খেলা যোগ হতে চলেছে সেগুলি হলো সার্ফিং, স্কেটবোর্ডিং, স্পোর্টক্লাইম্বিং ও কারাটে। সার্ফিং ও স্কেটবোর্ডিং শুধু এবারের অলিম্পিকেই নয়, থাকবে ২০২৪ সালের প্যারিস অলিম্পিকেও। অ্যাকশন স্পোর্ট হিসেবে পরিচিত সার্ফিংয়ে থাকছে পুরুষ ও মহিলাদের বিভাগ। প্রাথমিক হিটের পর হবে হেড-টু-হেড রাউন্ড। ব্রাজিলের গ্যাব্রিয়েল মেদিনা, প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন তথা মার্কিন যুক্তরাষ্ট্রের জন জন ফ্লোরেন্স, ক্যারিসা মুর, অস্ট্রেলিয়ার সাতবারের বিশ্বচ্যাম্পিয়ন স্টেফানি গিলমোর ও জাপানের কানোয়া ইগারাশিই পদক জয়ের দৌড়ে এগিয়ে বলে মনে করা হচ্ছে। পার্ক এবং স্ট্রিট দুরকমের স্কেটবোর্ডিং থাকছে টোকিও অলিম্পিকে। গম্বুজাকে কতটা কঠিন প্রতিবন্ধতা জয় করতে পারছেন দক্ষতা দেখানোর ফাঁকে পদক পাওয়ার নিরিখে তা ফারাক গড়ে দেবে। ১২ বছরের ব্রিটিশ স্কাই ব্রাউনের পাশাপাশি যে স্কেটারদের দিকে থাকবে নজর তাঁরা হলেন মার্কিন যুক্তরাষ্ট্রের নাইজা হুস্টন, ব্রাজিলের পেদ্রো ব্যারোস ও লেতিসিয়া বুফোনি, অস্ট্রেলিয়ার শেন ও'নিল, ইতালির অ্যালেক্স সরেন্তে, জাপানের ইউতো হরিগমে ও আওরি নিশিমুরা।

কারাটে ও স্পোর্ট ক্লাইম্বিং
১৮৬৮ সালে জাপানের ওকিনাওয়ায় আবির্ভাব ট্র্যাডিশনাল মার্শাল আর্ট কারাটের। অলিম্পিকে আত্মপ্রকাশও হচ্ছে এবারই টোকিওতে। জাপানের ঐতিহ্যশালী এই খেলার বিপুল জনপ্রিয়তার কারণেই কারাটেকে অলিম্পিকের অঙ্গ করেছেন আয়োজকরা। তবে প্যারিস অলিম্পিকে আর কারাটে থাকছে না। কাতা ও কুমিতে এই দুই বিভাগে কারাটে থাকছে ৩২তম অলিম্পিকে। পুরুষ ও মহিলাদের জন্য থাকছে তিনটি ওয়েট ক্লাস এবং হেড-টু-হেড পরিসংখ্যানের বিচারেই জয়ীকে বেছে নেওয়া হবে। স্পেনের সান্দ্রা স্যাঞ্চেজ, জাপানের রাইও কিউনা ও কিইউ শিমিজু, ইরানের হামিদে আব্বাসালি, চাইনিজ তাইপে-র জু-ইউন ওয়েন টোকিও অলিম্পিকে কারাটেতে অংশগ্রহণকারীদের মধ্যে উল্লেখযোগ্য নাম। কারাটের পাশাপাশি ১৯৮০ সাল থেকে স্বীকৃত স্পোর্ট ক্লাইম্বিংও এবারই প্রথম অলিম্পিকে যোগ হতে চলেছে। যুব সম্প্রদায়ের কাছে এই খেলাটি বিশেষ জনপ্রিয়তা লাভ করেছে। একটিই ইভেন্ট থাকছে, হবে আওমি আরবান স্পোর্টস পার্কে। স্পিড, বোল্ডারিং ও লিড মিলিয়ে পুরুষ ও মহিলাদের বিভাগে চ্যাম্পিয়ন নির্ধারিত হবে। চেক প্রজাতন্ত্রের অ্যাডাম ওন্দ্রা, স্লোভেনিয়ার জাঁজা গার্নব্রেট, জাপানের মিহো নোনাকা, ফ্রান্সের মাওয়েম ব্রাদার- মাইকেল ও বাসা, ব্রিটেনের শনা কক্সের মতো ক্লাইম্বাররা অংশ নেবেন টোকিও অলিম্পিকে।

বেসবল, সফটবল
১৯৯২ সালের বার্সেলোনা অলিম্পিক গেমস থেকে ২০০৮ সালের বেজিং অলিম্পিক পর্যন্ত বেসবল ছিল অলিম্পিকে। যদিও তার পরের দুটি অলিম্পিকে বেসবল বাদ পড়ে অলিম্পিকের আসর থেকে, যার কামব্যাক হতে চলেছে টোকিওতে। ১৯৯৬ সালের আটলান্টা অলিম্পিক থেকে সফটবলও ছিল ২০০৮ সালের অলিম্পিক অবধি। বেসবলের মতো সফটবলও ফিরছে টোকিও অলিম্পিকের আসরে। ২০২৪ সালের প্যারিস অলিম্পিকে আবার এই দুটি খেলার জায়গা হচ্ছে না। বেসবল ইভেন্ট থাকছে পুরুষদের জন্য, সফটবল মহিলাদের জন্য। দুটি খেলাতেই অংশ নেবে ৬টি দেশ- অস্ট্রেলিয়া, জাপান, ইতালি, মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা।

নতুন চেহারায়
১৯৩৬ সাল থেকে অলিম্পিকে বাস্কেটবল থাকে, তবে এবার থাকবে নতুন চেহারায়। পুরুষ ও মহিলাদের থ্রি ইনটু থ্রি ফরম্যাটের মেডেল ইভেন্ট যোগ হচ্ছে টোকিওতে। সাইক্লিংয়েও ফ্রিস্টাইল বিএমএক্স যোগ হচ্ছে। বিশেষভাবে তৈরি পার্কে সাইক্লিস্ট কতটা কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করছেন নিজের কৌশল ও দক্ষতা দিয়ে তা গুরুত্ব পাবে চ্যাম্পিয়ন নির্ধারণে।












Click it and Unblock the Notifications