CWG 2022: কমনওয়েলথ গেমস ২০২২-এ ভারতের পাঁচ চরম হতাশাজনক পারফরম্যান্স
CWG 2022: কমনওয়েলথ গেমসে ২০২২-এ ভারতের পাঁচ চরম হতাশাজনক পারফরম্যান্স
প্রত্যাশা মতোই কমনওয়েলথ গেমস ২০২২-এ সাফল্য পেয়েছে ভারতীয় ক্রীড়াবীদরা। একাধিক পদক এসেছে ভারতের ঝুলিতে। লাগাতার সাফল্যের মধ্যেও কিছু অপ্রত্যাশিত ব্যর্থতা রয়ে গিয়েছে যা ভারতীয় ক্রীড়াপ্রেমীদের হতাশ করেছে। এমন পাঁচ জন তারকা প্রতিযোগীকে দেখে নিন যাঁদের ব্যর্থতা চরম হতাশ করেছে দেশবাসীকে।

হিমা দাস:
মহিলাদের ২০০ মিটার দৌড়ে সহজেই সেমিফাইনাল পর্যন্ত জায়গা করে নিয়েছিলেন তারকা দৌড়বীদ হিমা দাস। কিন্তু অকল্পনীয় ভাবে মাত্র ০.০১ সেকেন্ডে পিছিয়ে পড়ে ফাইনালসে জায়গা করতে ব্যর্থ হন হিমা। তাঁর উপর অনেকটা আশা থাকলেও বড় ইভেন্টে প্রত্যাশিত সাফল্য এনে দিতে ব্যর্থ হয়েছেন হিমা।

পূর্ণিমা পাণ্ডে:
কমনওয়েলথ গেমস ২০২২-এ ভারতের ভরোত্তোন দল রেকর্ড ১০টি পদক অর্জন করেছে। কমনওয়েলথ গেমসে পদক প্রাপকদের মধ্যে অন্যতম ধরা হয়েছিল পূর্ণিমা পাণ্ডেকে। কিন্তু মহিলাদের +৮৭ কেজি বিভাগে ষষ্ঠ স্থানে শেষ করেন তিনি।

মনিকা বাত্রা:
কমনওয়েলথ গেমসে একেবারেই প্রত্যাশা পূরণ করতে পারেননি তারকা মহিলা প্যাডলার মনিকা বাত্রা। তাঁকে পদক জয়ের অন্যতম দাবিদার ধরা হলেও একেবারেই প্রত্যাশা পূরণ করতে পারেননি। বরং তাঁর ব্যর্থতা ভারতীয় ক্রীড়াপ্রেমীদের অত্যন্ত হতাশ করেছে। মহিলা দলে, সিঙ্গলসে এবং মিক্সড ডবলসে পরাজিত হন মনিকা। ২০১৮ সালে গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে ভারতকে চারটি পদক এনে দিয়েছিলেন মনিকা।

শিবা থাপা:
কমনওয়েলথ গেমস ২০২২-এ পদক জয়ের ক্ষেত্রে ভারতের অন্যতম আশা ছিল শিবা থাপার উপর। কিন্তু তরুণ বক্সার নিজের যোগ্যতা অনুযায়ী পারফর্ম করতে পারেননি বার্মিংহ্যামে। প্রি-কোয়ার্টার ফাইনালে ৬৩.৫ কেজি বিভাগে স্কটল্যান্ডের রেসি লিচের কাছে হেরে বিদায় নেন তিনি।

লভলিনা বৰগোহাঁই:
কমনওয়েলথ গেমস ২০২২ শুরুর আগে থেকেই একাধিক বার খবরের শিরোনামে উঠে এসেছেন লভলিনা। তিনি সোশ্যাল মিডিয়ায় অভিযোগ জানিয়েছিলেন তাঁর প্রশিক্ষককে গেমস ভিলেজে ঢুকতে না দেওয়ার কারণে। এর পরই তাঁর প্রশিক্ষককে গেমস ভিলেজে প্রবেশ করার ছাড়পত্র জোগাড় করে দেওয়া হয়। পরবর্তীতে কমনওয়েলথ গেমস ২০২২-এর উদ্বোধনী অনুষ্ঠানের মাঝ পথে বেড়িয়ে আসেন লভলিনা এবং গাড়ির জন্য দীর্ঘ সময় অপেক্ষা করেও গাড়ি না পাওয়ায় প্রায় এক ঘণ্টার কাছাকাছি দাঁড়িয়ে থেকে গেমস ভিলেজে পৌঁছন তিনি। অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী অসমের এই কন্যা মহিলা বক্সিং-এর লাইট মিডলওয়েট বিভাগে ওয়েলসের রসি একলেসের কাছে হেরে ছিটকে যান। তাঁকে ঘিরে পদকের আশা ছিল।












Click it and Unblock the Notifications