করোনার আতঙ্ক ঠেলে টোকিওর মাটি ছুঁলেন ভারতীয় অ্যাথলিটরা, ভাইরাল ছবি ও ভিডিও
টোকিও অলিম্পিক শুরু হওয়ার মুখে করোনা ভাইরাস থাবা বসিয়েছে গেমস ভিলেজে। সেই আবহে জাপান পৌঁছলেন ভারতীয় অ্যাথলিটরা। সেই ছবি এবং ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
করোনা ভাইরাসের বাড়বাড়ন্তের মধ্যেই অলিম্পিকে অংশ নিতে টোকিওর মাটি ছুঁল ভারতীয় অ্যাথলিটদের প্রথম ব্যাচ। ব্যাডমিন্টন, টেবিল টেনিস, তিরন্দাজি, হকি, জুডো, জিমন্যাস্টিক, সাঁতার এবং ভারোত্তোলক বিভাগের ভারতীয় অ্যাথলিটরা রবিবার সকালে গেমস শহরে পৌঁছেছেন। ভাইরাল হয়েছে সেই ছবি এবং ভিডিও।
|
টোকিও পৌঁছল ৮৮ জনের দল
শনিবার রাজধানী দিল্লি থেকে টোকিওগামী বিমান ধরেছিল ভারতীয় অ্যাথলিট ও সাপোর্ট স্টাফের ৮৮ জনের দল। তাদের বিদায় সম্ভাষণ ও সফলতার শুভেচ্ছা জানিয়েছিলেন দেশের ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। সেই চাটার্ড বিমান রবিবার সকালে টোকিওর মাটি স্পর্শ করেছে। প্রথম পর্বে ৫৪ জন ভারতীয় অ্যাথলিট, তাঁদের কোচ ও সাপোর্ট স্টাফরা গেমস শহরে পৌঁছে গিয়েছেন। কোভিড ১৯ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ প্রোটোকল মেনে তাঁরা নিজ নিজ গন্তব্যে রওনা হয়ে যান। যার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
|
প্রথম পর্বে কোন কোন বিভাগ
রবিবার সকালে ভারত থেকে টোকিও পৌঁছনো প্রথম পর্বের দলে রয়েছেন বেশকিছু গুরুত্বপূর্ণ বিভাগের অ্যাথলিটরা। আসন্ন অলিম্পিকে পদক জয়ের আশা তৈরি করা বক্সিং, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, তিরন্দাজি, হকি, জুডো, জিমন্যাস্টিক, ভারোত্তোলক বিভাগের অ্যাথলিটরা গেমস শহরে পৌঁছেছেন। তাঁদের সাদর অভ্যর্থনা জানিয়েছেন জাপানের প্রবাসী ভারতীয়রা। পিভি সিন্ধু, মনিকা বাত্রা, দীপিকা কুমারী, মেরি কমদের সঙ্গে টোকিও পৌঁছেছেন ভারতের হয়ে প্রথমবার সাঁতার ইভেন্টে অংশ নিতে চলা মানা প্যাটেল, সজন প্রকাশরা।
|
আগেই পৌঁছে গিয়েছেন শুটাররা
আসন্ন অলিম্পিকে অংশ নিতে শনিবার অর্থাৎ ১৭ জুলাই টোকিও পৌঁছে যান ভারতীয় শুটাররা। ক্রোয়েশিয়া থেকে জাপানের রাজধানীতে পৌঁছন সৌরভ চৌধুরী, মনু ভাকররা। করোনা ভাইরাসের প্রভাবমুক্ত দেশ থেকে টোকিও পৌঁছনো এই ভারতীয় অ্যাথলিটদের অবশ্য খুব বেশি কড়াকড়ির মধ্যে পড়তে হয়নি। ভারতীয় শুটারদের কোয়ারেন্টাইন বিধিও শিথিল করা হয়েছে। তবে ভারত থেকে টোকিও পৌঁছনো অ্যাথলিটদের কড়া কোভিড ১৯ বিধি মেনে চলতে হবে।

পদক জয়ের আশা
এবার ভারত থেকে টোকিও অলিম্পিকে অংশ নিতে চলেছেন ১১৯ জনেরও বেশি অ্যাথলিট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ২০১৬ সালের রিও গেমস পর্যন্ত অলিম্পিকে এত সংখ্যক অ্যাথলিট পাঠাতে পারেনি ভারত। তাই এবার পদকের সংখ্যাও বাড়তে পারে বলে আশা করা হচ্ছে। সেদিকে তাকিয়ে রয়েছেন ভারতীয় ক্রীড়া প্রেমীরা।
ছবি সৌজন্যে সাই মিডিয়া












Click it and Unblock the Notifications