ডোপ কেলেঙ্কারিতে জড়িয়ে টোকিও অলিম্পিক্সে নো এন্ট্রি ইউরোপীয় চ্যাম্পিয়ন চুমাকের
ভারোত্তোলনে ইউরোপীয় চ্যাম্পিয়ন দিমিত্রো চুমাক ডোপ কেলেঙ্কারিতে জড়়িয়ে সাসপেন্ড হলেন। সাসপেন্ড হয়েছেন তাঁর কোচও। গত এপ্রিলেই ১০৯ কেজি বিভাগে ইউরোপের সেরা হওয়ায় তাঁকে টোকিও অলিম্পিক্সে পদক জয়ের অন্যতম দাবিদার বলে মনে করা হচ্ছিল।

ইউক্রেনের এই ভারোত্তোলক তাঁর কেরিয়ারে ইউরোপে তৃতীয়বার সোনা জেতেন। টোকিও অলিম্পিক্সের জন্য প্রস্তুতির মধ্যেই তিনি জড়ালেন ডোপ কেলেঙ্কারির মারাত্মক অভিযোগে। ইন্টারন্যাশনাল টেস্টিং এজেন্সি আজ জানিয়েছে, ৬ মে চুমাককে ডোপ পরীক্ষার জন্য নমুনা দিতে বলা হয়। কিন্তু তিনি তা দিতে অস্বীকার করেন। শুধু তাই নয়, ডোপ পরীক্ষার জাল রিপোর্ট বের করতে তিনি ডোপ কন্ট্রোল অফিসারকে ঘুষ দিতেও চান বলে অভিযোগ।

এই অভিযোগের পরই চুমাককে প্রাথমিকভাবে সাসপেন্ড করা হয়েছে। শুনানিতে নিজেকে নির্দোষ প্রমাণ করতে না পারা অবধি এই সাসপেনশন বহাল থাকবে। ফলে টোকিও অলিম্পিক্স থেকে তিনি যে ছিটকে গেলেন সেটা বলাই যায়। ২৩ জুলাই থেকে টোকিও অলিম্পিক্স শুরুর কথা। এই ঘটনার জেরে চুমাকের কোচ মিখাইলো মাতসোখাকেও সাসপেন্ড করা হয়েছে।

ইউরোপীয় খেতাবজয়ী চুমাকের বিভিন্ন পদক্ষেপ থেকে এটা পরিষ্কার তিনি নিষিদ্ধ বস্তু সেবন করেছেন জেনেবুঝেই এবং সেই কারণেই নমুনা দিতে অস্বীকার করেন। ভারোত্তোলনে অবশ্য এমন ঘটনা এই প্রথম নয়। দশকের পর দশক ধরে স্টেরয়েড নিয়ে ভারোত্তোলকদের অলিম্পিক্স বা অন্যান্য গুরুত্বপূর্ণ ইভেন্ট থেকে ছিটকে যাওয়ার নজির রয়েছে। সেই তালিকায় নবতম সংযোজন চুমাক।
ছবি- ইনস্টাগ্রাম












Click it and Unblock the Notifications