Hockey India: হকি ইন্ডিয়ায় গোষ্ঠীদ্বন্দ্ব! শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে পদত্যাগ ১৩ বছর সিইও থাকা নরম্যানের
Hockey India: হকি ইন্ডিয়ায় শ্বাসরুদ্ধকর পরিস্থিতি। কাজের পরিবেশ না থাকায় বীতশ্রদ্ধ হয়ে এবার পদত্যাগ করলেন ১৩ বছর ধরে সিইও পদে থাকা এলেনা নরম্যান।
কয়েকদিনের মধ্যেই ভারতীয় হকি জোড়া ধাক্কা খেল, এলেনার আগেই পদত্যাগ করেছেন ভারতীয় মহিলা হকি দলের কোচ জান্নেক শোপম্যান (Janneke Schopman)।

অস্ট্রেলীয় নরম্যান ২০০৭ সালে ভারতে এসেছিলেন স্পোর্টস মার্কেটিং সংস্থায় যোগদান করতে। ২০১১ সালে তিনি হকি ইন্ডিয়ার সিইও হন। তিনিই হকির সর্বোচ্চ নিয়ামক সংস্থার প্রথম সিইও। এলেনা বেশিরভাগ সময় কাটিয়েছেন নরিন্দর বাত্রা সভাপতি থাকাকালীন।
২০১৮ ও ২০২৩ সালে পরপর দুটি এফআইএইচ পুরুষদের হকি বিশ্বকাপ, ২০১৬ ও ২০২১-এ পুরুষদের জুনিয়র বিশ্বকাপের দুটি সংস্করণ ও হকি ইন্ডিয়া লিগের পাঁচটি সংস্করণ হয়েছে ভারতে, যা সফলভাবে আয়োজনে এলেনা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। হকির বেশ কিছু আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনেও তাঁর অবদান ছিল অনেক।
ভারতীয় মহিলা হকি দলের কোচ হিসেবে সোয়ার্ড মারিন কিংবা জান্নেক শোপম্যানকে নিয়োগের ক্ষেত্রেও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। মারিনের কোচিংয়ে টোকিও অলিম্পিকে ভারতীয় মহিলা হকি দল ঐতিহাসিক চতুর্থ স্থান লাভ করেছিল।
ভারতীয় পুরুষ হকি দলের কোচ হিসেবে গ্রাহাম রিডকে ২০১৯ সালে নিয়োগের ক্ষেত্রেও অগ্রণী ভূমিকা নেন নরম্যান। রিডের প্রশিক্ষণাধীন ভারত টোকিও অলিম্পিকে ৪১ বছরের খরা মিটিয়ে ব্রোঞ্জ জেতে। এত কিছুর পরও শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতেই তাঁকে পদত্যাগ করতে হলো বলে জানান নরম্যান।
নরম্যান অবশ্য প্রশংসা করেছেন হকি ইন্ডিয়ার সভাপতি দিলীপ তিরকের। পদত্যাগের আগে হকি ইন্ডিয়ার বোর্ডের কাছে নিজের ইনপুট সব দিয়ে গেলেন নরম্যান। তাঁর পদত্যাগের কারণ জানালেও কী কারণে পদত্যাগ তা জানায়নি হকি ইন্ডিয়া। যদিও হকি ইন্ডিয়ার গোষ্ঠীদ্বন্দ্বে কাজের পরিবেশ নষ্ট হচ্ছে বলে দাবি নরম্যানের।
এলেনা নরম্যানের ইঙ্গিত মূলত সচিব ভোলানাথ সিং, আর কে শ্রীবাস্তব ও কোষাধ্যক্ষ শেকর জে মনোহরণের দিকেই। কেন না, সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে নরম্যান বলেছেন, একদিকে আমি ও তিরকে, অন্যদিকে এই তিনজন। হকি ইন্ডিয়ায় অনেকেই ক্ষমতা চান বলে এই পরিস্থিতি।
যদিও পদত্যাগী এলেনা জানান, তিরকে ভালো মানুষ। ভারতীয় হকির উন্নতিতে সংকল্পবদ্ধ। তিন মাস ধরে বেতন পাচ্ছিলেন না এলেনা। বারবার তদ্বিরের পর গত সপ্তাহে সেই সপ্তাহ মেটে। আপাতত মাস তিনেকের বিরতি নিয়ে নতুন কাজে নামবেন এলেনা। তার আগে মাছ ধরা, ট্রেকের পাশাপাশি পরিবারকে সময় দেবেন।
শোপম্যানও কাজের পরিবেশ না থাকায় সরে দাঁড়িয়েছিলেন ভারতীয় মহিলা হকি দলের কোচের পদ থেকে। এবার সরে দাঁড়ালেন ১৩ বছরের সিইও। ফলে ধোঁয়া দেখতে পাওয়া যাচ্ছে। হকি ইন্ডিয়ার গোষ্ঠীদ্বন্দ্বের আগুনে যাতে ভারতীয় হকি ক্ষতির মুখে না পড়ে, তা যত দ্রুত সুনিশ্চিত করা যাবে ততই মঙ্গল, মত ওয়াকিবহাল মহলের।












Click it and Unblock the Notifications