Dhyan Chand: শহরে সংবর্ধিত ক্রীড়া জগতের তারকারা, ধ্যানচাঁদ ভারত রত্নে ভূষিত না হওয়ায় হতাশ পুত্র
দেশের সর্বোচ্চ ক্রীড়া সম্মান রাজীব গান্ধী খেলরত্নের নাম বদলে করা হয়েছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। কিন্তু দীর্ঘদিনের দাবিতে কর্ণপাত করেনি কেন্দ্রীয় সরকার। নানা মহল থেকে হকির জাদুকর ধ্যানচাঁদকে ভারত রত্নে ভূষিত করার দাবি উঠছে।
১৯০৫ সালের ২৯ অগাস্ট জন্মগ্রহণ করেছিলেন ধ্যানচাঁদ। কয়েক দিন পরেই তাঁর জন্মদিন দেশব্যাপী উদযাপিতও হবে। কিন্তু তারই মধ্যে ঘুরেফিরে আসছে ভারত রত্নের প্রসঙ্গ।

আজ কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাব এবং স্কাই ব্রিজের যৌথ উদ্যোগে রঘুনাথপুরে সংবর্ধিত করা হলো বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত তারকাদের। একই মঞ্চ আলোকিত করে রইলেন গৌতম সরকার, অরুণ লাল, অশোক কুমার, বুলা চৌধুরী, দিব্যেন্দু বড়ুয়া, টুম্পা দেবনাথ, জ্যোতির্ময়ী শিকদার, রাহুল বন্দ্যোপাধ্যায়, সঞ্জীব চক্রবর্তী, নীলাশ সাহা, আবদুল মোনায়েমরা।
ছিলেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত। এই বিশেষ অনুষ্ঠানে দুই উদীয়মান ক্রীড়া ব্যক্তিত্ব নীলাশ সাহা এবং মোহর মুখোপাধ্যাকে সংবর্ধিত করা হয়। তাঁদের হাতে তুলে দেওয়া হয় আর্থিক পুরস্কারও। এই অনুষ্ঠানে যোগ দিতে শহরে এসেছিলেন ধ্যানচাঁদের পুত্র। অনুষ্ঠান চলাকালীনই উঠল ধ্যানচাঁদকে ভারত রত্ন প্রদানের দাবির বিষয়টি।

ধ্যাঁনচাঁদের ভারত রত্ন না পাওয়ার প্রসঙ্গ উঠলে বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারতীয় হকি দলের প্রাক্তন সদস্য তথা ধ্যানচাঁদ-পুত্র অশোক কুমার বলেন, এর বিচার তো মানুষ করবে, আমি করার কে! বোঝাই গেল, এই বিষয়ে মোটেই সন্তুষ্ট নয় হকির জাদুকরের পরিবার।
অনুষ্ঠানে উপস্থিত প্রাক্তন ফুটবলার গৌতম সরকার বলেন, বাংলার ফুটবলাররাই ভবিষ্যতে ভারতীয় ফুটবলের মুখ হয়ে উঠবেব আবার। এ ব্যাপারে আমি নিশ্চিত। পদ্মশ্রী বুলা চৌধুরী বলেন, বাংলায় একটা ভালো মানের সাঁতার আকাদেমি গড়া হোক। স্কাই ব্রিজের অন্যতম ডিরেক্টর প্রবীর রায় চৌধুরী জানান,ভারতের গর্ব এই তারকা ক্রীড়াবিদদের সম্মান জানাতে পেরে তাঁর সংস্থা গর্বিত।












Click it and Unblock the Notifications