Denmark Open Super 750: পিভি সিন্ধু পৌঁছে গেলেন দ্বিতীয় রাউন্ডে, শুরুতেই অভিযান শেষ লক্ষ্য ও মালবিকার
Denmark Open Super 750: ডেনমার্ক ওপেনে আজ ভারতের দিনটা মোটেই ভালো গেল না। সুপার ৭৫০ টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেলেন পিভি সিন্ধু।
যদিও প্রথম রাউন্ডে ভালো লড়াই চালিয়েও হেরে গেলেন লক্ষ্য সেন। প্রথম রাউন্ড থেকে বিদায় নিতে হলো মালবিকা বাঁসোড়ের।

দু-বারের অলিম্পিক্স পদকজয়ী সিন্ধু এবার প্যারিস অলিম্পিক্সে হতাশ করেছেন। ডেনমার্ক ওপেনে তাঁর প্রথম রাউন্ডে খেলা ছিল চাইনিজ তাইপের পাই ইউ পো-র বিরুদ্ধে। দ্বিতীয় গেম চলাকালীন চোটের কারণে সরে দাঁড়ান সিন্ধুর প্রতিপক্ষ। সেই সময় সিন্ধু এগিয়ে ছিলেন ২১-৮, ১৩-৭ ফলে।
মালবিকা বাঁসোড় ( Malvika Bansod) চিন ওপেনের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিলেন। তিনি ডেনমার্ক ওপেনে প্রথম রাউন্ডের বাধাই টপকাতে পারলেন না। ভিয়েতনামের নিগুয়েন থুই লিনের কাছে ১৩-২১, ১২-২১ ব্যবধানে হারলেন মালবিকা। সপ্তম বাছাই তাইল্যান্ডের সুপানিদা কেটথংয়ের কাছে ১৩-২১, ১২-২১ ফলে হেরে বিদায় নেন আকর্ষি কাশ্যপ।
২০২১ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রো়ঞ্জ জেতা লক্ষ্য সেন প্যারিস অলিম্পিক্সে চতুর্থ হয়েছিলেন। অলিম্পিক্সের পর দ্বিতীয় ইভেন্টে নেমেছিলেন তিনি। গত সপ্তাহে আর্কটিক ওপেনের দ্বিতীয় রাউন্ড অবধি গিয়েছিলেন। কিন্তু ৭০ মিনিট ধরে জমজমাট লড়াই শেষে এদিন তিনি ডেনমার্ক ওপেন থেকে বিদায় নিলেন।
লক্ষ্যর প্রতিপক্ষ ছিলেন চিনের লু গুয়াংজু। তাঁর বিরুদ্ধে প্রথম গেম লক্ষ্য জিতে নেন ২১-১২ ব্যবধানে। যদিও পরের দুটি গেমে তিনি পরাস্ত হন ১৯-২১, ১৪-২১ ব্যবধানে। দ্বিতীয় গেমে লক্ষ্য একটা সময় ৮-২-এ এগিয়ে ছিলেন। যদিও লু ব্যবধান কমিয়ে ১১-১২ করে ফেলেন বিরতিতে। লক্ষ্য ফের ১৬-১১-র লিড নেন। যদিও এরপর দারুণ কামব্য়াক করে লু ১৯-১৮ ব্যবধানে এগিয়ে যান ও এই গেমটি জিতে নেন। তৃতীয় গেমে লক্ষ্য সেভাবে লড়াই চালাতে পারেননি।












Click it and Unblock the Notifications