মনিকা বাত্রা বিতর্কে দিল্লি হাইকোর্টে ভারতীয় টেবিল ফেডারেশনের সাময়িক ধাক্কা
মনিকা বাত্রা বিতর্কে দিল্লি হাইকোর্টে ভারতীয় টেবিল ফেডারেশনের সাময়িক ধাক্কা
মনিকা বাত্রা বিতর্কে দিল্লি হাইকোর্টে সাময়িক ধাক্কা খেল ভারতের টেবিল টেনিস ফেডারেশন বা টিটিএফআই (TTFI)। দেশের হয়ে আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিতে হলে জাতীয় শিবিরে যোগ দেওয়া শীর্ষক ফেডারেশনের যে বাধ্যতামূলক বিধি চালু রয়েছে, তার ওপর সাময়িক স্থগিতাদেশ দিল আদালত। ভারতীয় টেবিল টেনিস তারকা মনিকা বাত্রার দায়ের করা আবেদন সংক্রান্ত মামলায় বৃহস্পতিবার দিল্লির উচ্চ আদালতের তরফে উক্ত নির্দেশ দেওয়া হয়েছে।

আগামী ২৮ সেপ্টেম্বর থেকে দোহায় শুরু হতে চলা এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের জন্য গত ১৫ সেপ্টেম্বর ঘোষিত ভারতীয় দল থেকে মনিকা বাত্রাকে বাদ দেওয়া হয়েছে। পরিবর্তে বঙ্গ তনয়া সুতীর্থা মুখোপাধ্যায়কে দলের নেতৃত্বের ব্যাটন তুলে দেওয়া হয়েছে। সদ্য শেষ হওয়া টোকিও অলিম্পিকে দেশকে প্রতিনিধিত্ব করা সুতীর্থা বর্তমানে বিশ্ব ক্রমতালিকার ৯৭ নম্বর স্থানে অবস্থান করছেন। আসন্ন টুর্নামেন্টে তাঁকে যোগ্য সঙ্গত দেওয়ার জন্য ভারতীয় দলে আইহিকা মুখোপাধ্যায়, অর্চনা কামাথের মতো তরুণ তুর্কিদের রাখা হয়েছে।
এদিকে অভিজ্ঞতায় এগিয়ে থাকা মনিকা বাত্রাকে জাতীয় দল থেকে বাদ দেওয়া নিয়ে বিতর্ক তৈরি হয়। খেলোয়াড় নিজে এই ইস্যুতে গর্জে ওঠেন। ১৭ সেপ্টেম্বর প্রথমে ভারতীয় টেবিল টেনিস ফেডারেশনকে এই ইস্যুতে চিঠি লেখেন মনিকা। তাতে কাজ না হওয়ায় তিনি সরাসরি দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন। দোহায় অনুষ্ঠিত হতে চলা টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে ভারতীয় দলের সদস্য হতে চান মনিকা। সেই আশা নিয়েই তিনি আদালতে নিজের আবেদন দাখিল করেন। তারই প্রেক্ষিতে বৃহস্পতিবার মামলার প্রাথমিক নির্দেশ দেন বিচারক।
উল্লেখ্য দোহাতে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টের জন্য হরিয়ানার সোনিপথে একটি অনুশীলন শিবির আয়োজন করেছিল ভারতীয় টেবিল টেনিস ফেডারেশন। তাতে যোগ দেননি মনিকা বাত্রা। সে কারণেই তাঁকে ভারতীয় দল থেকে বাদ দেওয়া হয়েছে বলে ফেডারেশেনের তরফে জানানো হয়েছে। সংস্থার নিয়ম অনুযায়ী, কোনও খেলোয়াড় জাতীয় শিবিরে যোগ না দিলে তাঁকে আন্তর্জাতিক টুর্নামেন্টে পাঠানো হবে না। বৃহস্পতিবার সেই নিয়মেই সাময়িক স্থগিতাদেশ জারি করেছে দিল্লি হাইকোর্ট।
২৮ সেপ্টেম্বর থেকে দোহায় অনুষ্ঠিত হতে চলা এশিয়ান টেবিল টেনিস চ্য়াম্পিয়নশিপে চিন অংশ না নেওয়ায় ভারতের পদক জয়ের সম্ভাবনা বেড়ে গিয়েছে। তবে তার আগে মনিকা বাত্রা ইস্যুতে পরিবেশ যে কিছুটা হলেও উত্তপ্ত হয়েছে, তা বলা যায়। টোকিও অলিম্পিক শেষ হওয়ার পর ভারতীয় টেবিল টেনিস দলের কোচ সৌম্যদীপ রায়ের বিরুদ্ধে সরাসরি অনিয়মের অভিযোগ এনেছিলেন মনিকা। এই কোচের অধীনে তিনি অনুশীলন করবেন না বলেও জানিয়ে দিয়েছিলেন। ফেডারেশনকে চিঠি লিখে মনিকা বলেছিলেন যে তিনি ব্যক্তিগত কোচের সঙ্গে পুনেতে অনুশীলন করবেন। তা মেনে না নেওয়ায় টিটিএফআই-র সঙ্গে তারকার দ্বন্দ্ব আরও চওড়া হয়েছে।












Click it and Unblock the Notifications