'দঙ্গল' খ্যাত ফোগাট পরিবারে শোক, ব্যর্থতার হতাশায় আত্মঘাতী ১৭ বছরের সদস্য
'দঙ্গল' খ্যাত ফোগাট পরিবারে শোক, ব্যর্থতার জ্বালায় আত্মঘাতী ১৭ বছরের সদস্য
আমির খান অভিনীত 'দঙ্গল' সিনেমা খ্যাত ফোগাট পরিবারে শোকের ছায়া। কুস্তি টুর্নামেন্টের ফাইনালে ব্যর্থতার জ্বালায় আত্মঘাতী হল এক ১৭ বছরের সদস্য। বৃহস্পতিবার সকালের যে খবর কার্যত নাড়িয়ে দিয়েছে দেশের ক্রীড়া মহলকে। শুধুই কি হার, না কি এর পিছনে রয়েছে অন্য কোনও কারণ, তা খতিয়ে দেখার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। ঘটনার তদন্তও শুরু হয়েছে।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে মৃত কিশোরীর নাম রিতিকা ফোগাত। তিনি 'দঙ্গল' সিনেমা খ্যাত ভারতীয় কুস্তিগীর গীতা ও ববিতার চাচাতো বোন বলে জানানো হয়েছে। হরিয়ানার অতি সম্মানীয় ফোগাট পরিবারের অন্যতম সদস্য রিতিকা, ভরতপুরে রাজ্য স্তরের কুস্তি টুর্নামেন্টে অংশ নিয়েছিল। মাত্র ১ পয়েন্টে টুর্নামেন্টের ফাইনাল হেরে যায় রিতিকা। হারের হতাশা সহ্য করতে না পেরে বাড়িতেই গলায় ফাঁস লাগিয়ে ১৭ বছরের কিশোরী আত্মঘাতী হয় বলে প্রাথমিক ভাবে জানতে পেরেছে পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, 'দঙ্গল' সিনেমা খ্যাত তথা দ্রোণাচার্য পুরস্কারজয়ী তথা গীতা ও ববিতা ফোগাটের বাবা মহাবীর সিং ফোগাটের অ্যাকাডেমিতে কুস্তির প্রশিক্ষণ নিয়েছে রিতিকা। ওই পরিবারের সদস্য হয়েও অন্যান্যদের সঙ্গেই কুস্তির তালিম নিত রিতিকা। স্থানীয় স্তরে বেশ কয়েকটি টুর্নামেন্ট থেকে পুরস্কার আনা রিতিকা এই প্রথমবার রাজ্য স্তরের প্রতিযোগিতায় অংশ নিয়েছিল বলে জানা যায়।
রাজ্য স্তরের টুর্নামেন্টের ফাইনালে মাত্র ১ পয়েন্টে হার হজম করতে না পেরে ১৭ বছরের কুস্তিগীর আত্মঘাতী হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। ঘটনার পিছনে অন্য কোনও কারণ আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। বোনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশ্বব্যাপী সাড়া জাগানো কুস্তিগীর গীতা ও ঋতু ফোগাট।












Click it and Unblock the Notifications