কমনওয়েলথ গেমসে নিরাপত্তা বিঘ্নিত হওয়ায় দেরি কুস্তিতে, বজরং-দীপকের জয়, ভাবিনার পদক নিশ্চিত
কমনওয়েলথ গেমসে কুস্তির ইভেন্ট চলাকালীন বিপত্তি। আচমকাই ভেঙে পড়ল ফল ঘোষণার জন্য ব্যবহৃত স্পিকার। এতে কেউ আহত না হলেও নিরাপত্তার খামতি নিয়ে তুঙ্গে জোরালো চর্চা। যেখানে কুস্তির ইভেন্টগুলি হচ্ছিল সেখান থেকে সকলকেই বের করে দেওয়া হয়। সিকিউরিটি অ্যালার্ট জারি করে চলতে থাকে নিরাপত্তাব্যবস্থা খতিয়ে দেখার ব্যবস্থা।
|
কুস্তিতে বিপত্তি
কুস্তির ইভেন্ট যে হলে চলছিল সেখানকার সিলিং থেকে একটি স্পিকার নীচে পড়ে যায়। স্বাভাবিকভাবেই তা হতচকিত করে দেয় সকলকে। স্থানীয় সময় সকাল ১১টা ২২ মিনিটে এই বিপত্তি ঘটে। এরপর কুস্তিগীর, অফিসিয়াল ও দর্শকদের বাইরে বের করে দিয়ে চলতে থাকে নিরাপত্তাব্যবস্থা খতিয়ে দেখার পালা। এরই মধ্যে জানানো হয়, বেলা ১২টা ১৫ মিনিটে ইভেন্টগুলি শুরু হবে। যদিও সেই সময়ে ইভেন্ট শুরু তো করা যায়নি, বার তিনেক বদল করা হয় সেই সময়। ঘণ্টা দুয়েকেরও বেশি সময় বন্ধ থাকে কুস্তির ইভেন্টগুলি। ঠিক কী হয়েছে তা নিয়ে মুখে কুলুপ সকলের। তবে ভারত ও পাকিস্তানের প্রতিনিধিরা জানান, উপর থেকে ম্যাটে কিছু পড়ে। শোনা যাচ্ছে তা অডিও ইক্যুইপমেন্ট বা স্পিকার।

ভারতীয় কুস্তিগীরদের ভালো শুরু
এই বিপত্তি ঘটার আগে ৯টি বাউট সম্পন্ন হয়েছিল। ভারতের বজরং পুনিয়া ও দীপক পুনিয়া প্রি কোয়ার্টার ফাইনাল বাউট জিতে শেষ আটে পৌঁছে যান। বজরং পুনিয়া মরিশাসের প্রতিপক্ষকে হারিয়ে ৬৫ কেজির সেমিফাইনালে পৌঁছে গিয়েছেন। ১২৫ কেজি বিভাগের সেমিফাইনালে উঠেছেন মোহিত গ্রেওয়াল। তিনি হারান সাইপ্রাসের প্রতিপক্ষকে।ইংল্যান্ডের কেলসি বার্নেসকে হারিয়ে মহিলাদের ফ্রিস্টাইল কুস্তির ৬২ কেজি সেমিফাইনালে উঠেছেন সাক্ষী মালিক। ৫৭ কেজি বিভাগের সেমিফাইনালে উঠেছেন অংশু মালিক। অস্ট্রেলিয়ার ইরেন সিমিওনিডিসকে তিনি হারান ১০-০ ব্যবধানে। এক মিনিটও পুরো সময় নেননি জেতার জন্য। শেষ পাওয়া খবরে ফাইনালে পৌঁছে গিয়েছেন অংশু, সাক্ষী, দীপক ও বজরং।

ভাবিনার পদক নিশ্চিত
আজ গেমসের অষ্টম দিনে ভারতের প্রথম পদকটি নিশ্চিত করে ফেলেছেন ভাবিনাবেন প্যাটেল। টোকিও অলিম্পিকের পর এবার কমনওয়েলথ গেমস থেকেও সোনা কিংবা রুপো জিতেই ফিরবেন ভারতের এই তারকা প্যারা টিটি খেলোয়াড়। মহিলাদের সিঙ্গলস সেমিফাইনালে তিনি ইংল্যান্ডের সু বেইলিকে হারালেন ১১-৬, ১১-৬, ১১-৬ ব্যবধানে। তবে প্যারা টিটির সেমিফাইনালে হেরে গিয়েছেন রাজ অরবিন্দন ও সোনালবেন প্যাটেল।
|
রিলে রেসের ফাইনালে
পুরুষদের ফোর ইনটু ফোর হান্ড্রেড মিটার রিলে রেসের ফাইনালে পৌঁছে গিয়েছে ভারত। ৩ মিনিট ৬.৯৭ সেকেন্ড সময় নিয়ে হিট ২-র দ্বিতীয় স্থানে থেকে ফাইনালের ছাড়পত্র পেয়েছেন ভারতীয় অ্যাথলিটরা। এই দলে রয়েছেন মহম্মদ আনাস, নোয়া নির্মল টম, মহম্মদ আজমল ও অমল জ্যাকব।

টিটিতে দাপট
টেবিল টেনিসে ভারতীয় খেলোয়াড়রা দাপট দেখাচ্ছেন। মহিলাদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছেন সৃজা আকুলা। তিনি ৪-৩ ব্যবধানে হারিয়ে দেন ওয়েলসের শার্লটি ক্যারিকে। শেষ আটে গিয়েছেন মনিকা বাত্রাও। তিনি রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে হারিয়ে দেন অস্ট্রেলিয়ার মিনহিউং জি-কে। খেলার ফল ১১-৪, ১১-৮, ১১-৬, ১২-১০। অচন্ত শরথ কমল অস্ট্রেলিয়ার ফিন লু-কে হারিয়ে পৌঁছে গিয়েছেন পুরুষদের সিঙ্গলসের প্রি কোয়ার্টার ফাইনালে। জি সাথিয়ান প্রি কোয়ার্টারে উঠেছেন নর্দার্ন আয়ারল্যান্ডের পল ম্যাকক্রিরিকে ১১-৯, ১১-৯, ১২-১০, ১৩-১১ ব্যবধানে হারিয়ে।

ব্যাডমিন্টনে পদকের দিকে
ব্যাডমিন্টনে জয় পেয়েছেন ভারতের তৃষা জলি ও গায়ত্রী গোপীচাঁদ। মরিশাসের সাং জেমাইমা ও মুনগ্রাহ গণেশার জুটিকে তাঁরা হারান ২১-২, ২১-৪ ব্যবধানে। কিদাম্বি শ্রীকান্ত পুরুষদের সিঙ্গলসে শ্রীলঙ্কার দুমিন্দু আবেবিক্রমাকে ২১-৯, ২১-১২ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন।

পারলেন না সোজান
মহিলাদের লং জাম্পে ভারতের অ্যান্সি সোজান ফাইনালে উঠতে পারেননি। যোগ্যতা অর্জন পর্বে তিনি নেমেছিলেন গ্রুপ এ-তে। এই গ্রুপে সপ্তম তথা সবমিলিয়ে ত্রয়োদশ স্থান দখল করায় তাঁর বিদায় নিশ্চিত হয়ে যায়।












Click it and Unblock the Notifications