Commonwealth Games 2026: আয়োজনের দায়িত্ব থেকে সরে দাঁড়াল অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া প্রদেশ, নেপথ্য কারণ কী?
Commonwealth Games 2026: আর্থিক ব্যয়ভার আস্বাভাবিকহারে বৃদ্ধি পাওয়ায় ২০২৬ সালের কমনওয়েলথ গেমস আয়োজন থেকে পিছিয়ে এল অস্ট্রেলিয়া। ২০২৬ সালের ১৭ থেকে ২৯ মার্চ অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া প্রদেশে কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ভিক্টোরিয়া প্রশাসনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে গেমস আয়োজনের খরচ মাত্রাতিরিক্তভাবে বৃদ্ধি পেয়েছে। যার ফলে তাঁরা আয়োজক হিসাবে নাম প্রত্যাহার করে নিচ্ছেন।
২০২২ সালে বার্মিংহামে বসেছিল কমনওয়েলথ গেমসের আসর। ঠিক হয়েছিল চার বছর পর ২০২৬ সালে অজি ভূমিতে অনুষ্ঠিত হবে কমনওয়েলথ গেমস। আয়োজক হিসাবে চূড়ান্ত হয় ভিক্টোরিয়া প্রদেশের নাম। কিন্তু এক বছরের মধ্যেই আয়োজকরা আর্থিক কারণ দেখিয়ে পিছিয়ে এলেন।

ভিক্টোরিয়া প্রদেশের প্রিমিয়ার ড্যানিয়েল অ্যান্ড্রু সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন, 'গত বছর আমরা কমনওয়েলথ গেমস আয়োজনের বিষয়ে সম্মতি দিয়েছিলাম কিন্তু যে কোনও মূল্যে সেটা নয়। তাদের বাজেট ছিল ২.৬ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার। কিন্তু বর্তমানে আয়োজনের খরচ দাঁড়িয়েছে ৭ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার।'
একইসঙ্গে ড্যানিয়েল অ্যান্ড্রু উল্লেখ করেছেন, '২০১৬ সালে এই গেমস আয়োজন করতে ২.৬ বিলিয়ন ডলারের কম খরচ হয়েছিল, সেটাই এখন চলে গিয়েছে ৭ বিলিয়ন ডলারে।গতবারের থেকে আয়োজনের খরচ তিনগুণ বৃদ্ধি পেয়েছে।শিক্ষা বা স্বাস্থ্য খাত থেকে টাকা গেমস আয়োজনের জন্য খরচ করা যাবে না। ফলে ২০২৬ সালের কমনওয়েলথ গেমস ভিক্টোরিয়া প্রদেশে আয়োজিত হবে না।'

২০২৬ সালের ১৭ থেকে ২৯ মার্চ অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া প্রদেশের পাঁচটি কেন্দ্রে কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।কমনওয়েলথ গেমস ফেডারেশনের পক্ষ থেকে একটি বিবৃতিতে ভিক্টোরিয়া প্রদেশের এই সিদ্ধান্তকে চূড়ান্ত হতাশা জনক বলেই উল্লেখ করা হয়েছে। বাজেট বৃদ্ধির জন্য ভিক্টোরিয়া প্রদেশের সিদ্ধান্তকেই দায়ী করা হয়েছে গেমস ফেডারেশনের পক্ষ থেক।
কমনওয়েলথ গেমস ফেডারেশনের একটি বিবৃতিতে জানিয়েছে, 'একাধিক শহরে(পাঁচটি) গেমস আয়োজন করার জন্যই গেমস আয়োজনের বাজেট এখ ধাক্কায় অনেকটা বৃদ্ধি পেয়েছে। এটা অত্যন্ত হতাশাজনক সিদ্ধান্ত কমনওয়েলথ গেমস এবং অ্যাথলিটদের জন্য। আয়োজক কমিটির পক্ষ থেকে ইতিমধ্যেই একাধিক পরিকল্পনা চূড়ান্ত হয়ে গিয়েছে।'

একইসঙ্গে বাজেট বৃদ্ধির কারন হিসাবে উল্লেখ করা হয়েছে, '২০২৬ সালে কমনওয়েলথ গেমসে আরও অতিরিক্ত স্পোর্টসের অন্তর্ভুক্তির কথা। ফলে গেমস ভিলেজের সংখ্যা বাড়াতে হচ্ছে, পরিবহনের খরচও বৃদ্ধি পাচ্ছে।' কোথায় এই গেমস আয়োজিত হবে তা আলোচনার মাধ্যমেই সিদ্ধান্ত নেওয়া হবে গেমস কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications