বিশ্ব ব্যাডমিন্টনে ইতিহাস গড়ল চিরাগ-সাত্ত্বিক জুটি, সেমিফাইনালে পৌঁছে নিশ্চিত প্রথম পদক
বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে (BWF World Championships) ইতিহাস গড়ল ভারতের চিরাগ শেট্টি ও সাত্ত্বিক সাইরাজ রাঙ্কিরেড্ডি জুটি। কমনওয়েলথ গেমসে সোনা জয়ের পর এবার পদক নিশ্চিত বিশ্ব ব্য়াডমিন্টনে। এর আগে কখনও বিশ্ব ব্যাডমিন্টনের পুরুষদের ডাবলস থেকে ভারত পদক জিততে পারেনি।

জাপানের ইউগো কোবায়াশি-তাকুরো হোকি জুটির বিরুদ্ধে খেলা ছিল ভারতীয় জুটির। ফয়সালা হলো তিন গেমের লড়াইয়ে। প্রথম গেম জেতার পর দ্বিতীয় গেমে চিরাগ-সাত্ত্বিক পরাস্ত হন। তবে স্নায়ুর চাপ সামলে শেষ গেমটি জিতে নিয়ে ইতিহাস গড়েন তাঁরা। খেলার ফর ২৪-২২, ১৫-২১, ২১-১৪। চিরাগরা এবারের বিশ্ব ব্যাডমিন্টনে খেলছেন সপ্তম বাছাই হিসেবে। কোয়ার্টার ফাইনালে তাঁদের সামনে যে জাপানি জুটি ছিল সেটি বিশ্বের দুই নম্বর তথা গতবারের চ্যাম্পিয়ন। শক্তিশালী জুটিকে হারিয়ে সেমিফাইনালে উঠে পদক নিশ্চিত তাই বিরাট কৃতিত্বের।
প্রথম গেম থেকেই তুল্যমূল্য লড়াই চলছিল। চিরাগের ভুলে একটা সময় প্রথম গেম ২২-২২ হয়ে যায়। তবুও জয় নিশ্চিত করে ভারতীয় জুটি। দ্বিতীয় গেমে ভারতের চ্যালেঞ্জ সামলে সমতা ফেরায় জাপানের জুটি। তবে তৃতীয় তথা নির্ণায়ক গেমে দাপট বজায় রেখে শেষ হাসি হাসেন চিরাগ-সাত্ত্বিক। চলতি বিশ্ব ব্যাডমিন্টনে তাঁরাই ভারতের প্রথম পদকটি নিশ্চিত করে ফেললেন। গত বছর টোকিও অলিম্পিকে হতাশাজনক বিদায়ের পর সেখানেই বিশ্ব ব্যাডমিন্টনের আসরে পদক নিশ্চিত করলেন চিরাগ ও সাত্ত্বিক। চলতি বছরে এই জুটি দারুণ ফর্মে রয়েছে। ইন্ডিয়া ওপেন খেতাব জয়ের পর পৌঁছেছিল অল ইংল্যান্ড ওপেনের কোয়ার্টার ফাইনালে। থমাস কাপে ভারতের সোনা জয়ের পিছনে অবদান রেখে কমনওয়েলথ গেমসেও সোনা জেতেন। এবার বিশ্ব ব্যাডমিন্টনেও সোনার লক্ষ্যেই নামবেন চিরাগ ও সাত্ত্বিক। সেমিফাইনাল অনুষ্ঠিত হবে আগামীকাল।
তবে পুরুষদের অপর ডাবলস কোয়ার্টার ফাইনালে পরাস্ত হয়েছে এমআর অর্জুন ও ধ্রুব কপিলা জুটি। তৃতীয় বাছাই ইন্দোনেশিয়ার মহম্মদ আহসান ও হেন্ড্রা সেটিয়াওয়ান জুটির কাছে ভারতের এই জুটির পরাজয় স্ট্রেট গেমে। ইন্দোনেশীয় জুটি সেমিফাইনালে পৌঁছে গিয়েছে ২১-৮, ২১-১৪ ব্যবধানে জয়লাভ করে। আগের ম্যাচে সিঙ্গাপুরের টেরি হি ও লোহ কিয়ান হিয়ান জুটিকে ১৮-২১, ২১-১৫, ২১-১৬ ব্যবধানে হারিয়ে শেষ আটে পৌঁছেছিলেন ধ্রুব-অর্জুন জুটি। কিন্তু সেই জয়ের ধারা ইন্দোনেশিয়ার বিরুদ্ধে ধরে রাখতে পারলেন না তাঁরা। এই ম্যাচ জিতলে ভারতের আরও একটি পদক নিশ্চিত হতো।












Click it and Unblock the Notifications