Chess Olympiad: চেস অলিম্পিয়াডে ভারতের জোড়া সোনা! পুরুষ দলের পাশাপাশি ইতিহাস মহিলা দাবাড়ুদেরও
Chess Olympiad: ভারতীয় দাবার ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে বুদাপেস্টে চেস অলিম্পিয়াডের নাম। আজ পুরুষদের পাশাপাশি ভারতীয় মহিলা দল জিতে নিল চেস অলিম্পিয়াডের সোনা।
দলগতভাবে ওপেন সেকশনের জোড়া সোনার পাশাপাশি ভারতের চারজন দাবাড়ু ব্যক্তিগত সোনাও জয় করেছেন। নিশ্চিতভাবেই আজকের এই সাফল্য ভারতীয় দাবাকে আরও উচ্চতায় পৌঁছে দিল।

হাঙ্গেরির বুদাপেস্টে এবার বসেছিল ফিডে চেস অলিম্পিয়াডের আসর। ভারতকে প্রথম সোনা এনে দেয় ডি গুকেশ, রমেশবাবু প্রজ্ঞানন্দ, অর্জুন এরিগাইসি, বিদিত গুজরাতি ও পেন্টালা হরিকৃষ্ণদের নিয়ে গঠিত ভারতীয় পুরুষ দল। ওপেন সেকশনে এই সোনা সুনিশ্চিত হওয়ার সামান্য পরেই আসে জোড়া সুখবর।
ভারতের মহিলা দলে ছিলেন হরিকা দ্রোণাভাল্লি, আর বৈশালী, দিব্যা দেশমুখ, বন্তিকা আগরওয়াল ও তানিয়া সচদেভ। ভারতের প্রমীলা বাহিনীও এদিন সোনা জিতল। ভারতের মহিলা দাবাড়ুরা এদিন আজারবাইজানকে হারান ৩.৫-০.৫ পয়েন্টের ব্যবধানে।
যদিও তারপর সোনা জয়ের বিষয়টি নির্ভর করছিল কাজাখস্তান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বৈরথের উপর। যদিও শেষ অবধি ভারতকে কোনও টাইব্রেকারের পরিস্থিতিতে পড়তে হয়নি। চূড়ান্ত রাউন্ডে ভারতীয় দাবাড়ুরা খুব সতর্ক হয়েই খেলছিলেন। কেন না, গতকালের পর থেকে ভারত মহিলাদের বিভাগেও সোনা জয়ের আশা জোরালো করেছিল।
ভারতের পুরুষ দল স্লোভেনিয়ার বিরুদ্ধে ২-০ ব্যবধানে এগিয়ে যেতেই সোনা সুনিশ্চিত করে ফেলে। অর্জুন এরিগাইসি ও ডি গুকেশ জয় ছিনিয়ে নিয়েছিলেন। এই রাউন্ডে ভারতের ড্র প্রয়োজন ছিল। যদিও রমেশবাবু প্রজ্ঞানন্দও জয় পেয়েছেন। বিদিত গুজরাতি ড্র করেন।
করোনা অতিমারীর সময় হওয়া অনলাইন চেস অলিম্পিয়াডে ভারতকে সোনা ভাগ করতে হয়েছিল রাশিয়ার সঙ্গে। ফলে পুরুষ দল এককভাবে সোনা জিতল এদিনই প্রথমবার। ২০২২ সালে চেন্নাইয়ে হওয়া চেস অলিম্পিয়াডে ভারতের মহিলা দল ব্রোঞ্জ জিতেছিল। এই প্রথম মহিলা দলও সোনা জিতল।
ডি গুকেশ ও অর্জুন এরিগাইসি বোর্ড নম্বর ১ ও ৩-এ দুরন্ত পারফরম্যান্স উপহার দিয়ে ব্যক্তিগত সোনাও জিতেছেন। দিব্যা দেশমুখ ও বন্তিকা আগরওয়ালও ব্যক্তিগত সোনা জিতলেন মহিলাদের বিভাগে। তিন ও চার নম্বর বোর্ডে তাঁরা অংশ নিয়েছিলেন।












Click it and Unblock the Notifications