Chess Olympiad: অর্জুনের পর গুকেশ জিততেই সোনা নিশ্চিত, চেস অলিম্পিয়াডে ভারতীয় দলের ঐতিহাসিক কীর্তি
Chess Olympiad: বুদাপেস্টে চেস অলিম্পিয়াডে ঐতিহাসিক কীর্তি ভারতীয় পুরুষ দাবাড়ুদের দলের। সার্বিয়াকে পরাস্ত করতেই এই প্রথম ভারতের ঝুলিতে এলো চেস অলিম্পিয়াডের সোনা।
গতকালই ভারত সোনা জয়ের দোরগোড়ার পৌঁছে গিয়েছিল। আজ অর্জুন এরিগাইসি ও ডি গুকেশ স্লোভেনিয়ার প্রতিপক্ষকে হারিয়ে দিতেই সোনা সুনিশ্চিত হয়ে যায়।

আজ ছিল একাদশ তথা চূড়ান্ত রাউন্ডের খেলা। গুকেশ ইন্ডিয়ান গেমে আস্থা রেখে শুরু থেকেই প্রতিপক্ষের বিরুদ্ধে এগিয়ে ছিলেন। আগাগোড়া আধিপত্য বজায় রেখে তিনি হারিয়ে দেন প্রতিপক্ষ ভ্লাদিমির ফেদোসিভকে। আর প্রজ্ঞানন্দ ও বিদিত গুজরাতির খেলা চলার ফাঁকেই ভারতের সোনা জয় সুনিশ্চিত হয়ে যায়। কেন না, গুকেশ জেতার আগেই জয় ছিনিয়ে নিয়েছিলেন অর্জুন। ফলে ভারতের সোনা জিততে লাগত ১ পয়েন্ট। গুকেশের জয়ে তা নিশ্চিত হয়ে যায়।
অর্জুন এরিগাইসির সামনে ছিলেন জান সুবেলজ। স্ক্যান্ডিনেভিয়ান ডিফেন্স দিয়ে সুবলেজের উপর চাপ তৈরির রণকৌশল নেন অর্জুন। যার মোকাবিলা করতে বেশ বেগ পেতে হচ্ছিল স্লোভেনিয়ার দাবাড়ুকে। ৪৩ চালেই জয় নিশ্চিত করে ফেলেন অর্জুন।
সেই সঙ্গে দ্বিতীয় স্থানে থাকা চিন মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পয়েন্ট খোয়াতেই ভারতের সোনা জয় সুনিশ্চিত হয়ে যায়। এই দুরন্ত জয়ের সৌজন্যে ফিডের র্যাঙ্কিংয়ে বিশ্বের তিন নম্বর জায়গাটিও দখলে নিলেন অর্জুন। তাঁর মোট পয়েন্ট ২৭৯৭.২। ভারতীয় দাবাড়ুদের মধ্যেই আপাতত যা সর্বাধিক।
ভারতীয় সোনাজয়ী দলের সদস্য ডি গুকেশ, আর প্রজ্ঞানন্দ, অর্জুন এরিগাইসি, বিদিত গুজরাতি ও পেন্টাসা হরিকৃষ্ণ। ওপেন সেকশনে ভারতীয় পুরুষ দল সোনা জিতল। গুকেশ ও অর্জুন জিততেই স্লোভেনিয়ার বিরুদ্ধে ভারত ২-০ ব্যবধানের লিড নিয়ে নেয়। এখান থেকে হারার কোনও পরিস্থিতি না থাকাতেই ভারত ইতিহাস গড়ে ফেলে।
ভারত ড্র করলেই সোনা পেয়ে যেত। এই অবস্থায় গুকেশ ও অর্জুনের জয় স্বস্তি এনে দেয়। করোনাকালে অনলাইনে যে চেস অলিম্পিয়ান হয়েছিল সেখানে ভারতকে খেতাব ভাগ করে নিতে হয়েছিল রাশিয়ার সঙ্গে। ফলে চেস অলিম্পিয়াডে এককভাবে সোনা জেতার নজির এবারই প্রথম।
এবারের চেস অলিম্পিয়াডে বোর্ড নম্বর ১ ও ৩-এ গুকেশ ও অর্জুন দারুণ ছন্দে ছিলেন। তাঁরা ব্যক্তিগত সোনাও পেয়েছেন। ভারতের এই সাফল্যে তাঁদের অবদানই বেশি। অর্জুন ১১টি গেমের মধ্যে ৯টি জিতেছেন, ২টি ড্র করেছেন। চেস অলিম্পিয়াডের এই সোনা ভারতীয় দাবা যে ক্রমোন্নতি ঘটিয়ে চলেছে তা স্পষ্ট করে আরও এক ধাপ এগিয়ে দিল।
এবার নজর থাকছে ভারতের মহিলা দলের দিকেও। সেই দলে থাকা হরিকা দ্রোণাভাল্লি, দিব্যা দেশমুখ, বন্তিকা আগরওয়াল ও তানিয়া সচদেভ সোনা জয়ের লড়াই চালাচ্ছেন। শেষ পাওয়া খবরে আজারবাইজানের বিরুদ্ধে ভারত এগিয়ে গিয়েছে ১-০ ব্যবধানে।












Click it and Unblock the Notifications