অল ইংল্যান্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে নয়া ইতিহাস গড়তে পারবেন সাইনা? অপেক্ষায় গোটা ভারত
বার্মিংহাম, ৮ মার্চ : আজ বিশ্ব নারী দিবসে পারবেন কি সাইনা নেহাওয়াল ভারতীয় ব্যাডমিন্টনে নয়া ইতিহাস তৈরি করতে?
গতকাল প্রথম ভারতীয় মহিলা ব্যাডমিন্টন খেলোয়াড় হিসাবে অল ইংল্যান্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে ইতিমধ্যেই ইতিহাস গড়েছেন তিনি। আজ কি পারবেন সেটাকে ছাপিয়ে নয়া ইতিহাস গড়তে। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে প্রকাশ পাডুকোন ও পুল্লেলা গোপীচাঁদের পাশে নিজেকে বসাতে? এর আগে পুরুষ বিভাগে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে প্রকাশ পাডুকোন ও পুল্লেলা গোপীচাঁদ ইতিহাস গড়েন। আজ পারবেন সাইনা নিজেকে ওদের পাশে বসাতে?

আজ ফাইনালে এই মুহূর্তে ব্যাডমিন্টনে বিশ্ব চ্যাম্পিয়ন মহিলা খেলোয়াড় স্পেনের ক্যারোলিনা মারিনের বিরুদ্ধে ইংল্যান্ডের বার্মিংহামে খেলতে নামবেন তিনি।
এর আগে সেমিফাইনালে চিনের সুন ইউকে স্ট্রেট গেমে হারিয়ে দেন অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী সাইনা। ২১-১৩, ২১-১৩ ব্যবধানে ম্যাচ জিতে ফাইনালে ওঠা নিশ্চিত করেন এই ব্যাডমিন্টন তারকা।
এবছর টুর্নামেন্টে শুরু থেকেই দুরন্ত ফর্মে রয়েছেন সাইনা। কোয়ার্টার ফাইনালেও প্রতিপক্ষ চিনের প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন ইহান ওয়াংকে স্ট্রেট গেমে হারিয়ে শেষ চারে ওঠেন।
এখন পর্যন্ত ৮ বার অল ইংল্যান্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেছেন সাইনা। গতবছর সেমিফাইনালেই থামতে হয় তাঁকে। তবে এবার অনেক প্রতিজ্ঞা নিয়ে কোর্টে নেমেছেন সাইনা। খেলাতেও তাঁর প্রভাব পড়েছে। ভারতের প্রথম মহিলা খেলোয়াড় হিসাবে আজ অল ইংল্যান্ড খেতাব জিতুন সাইনা, এটাই এখন প্রার্থনা গোটা দেশের।












Click it and Unblock the Notifications