Kambala Event: ব্রিজ ভূষণকে নিয়ে তুঙ্গে বিতর্ক! পিছু হঠলেন কাম্বালার উদ্যোক্তারা
Kambala Event: যৌন হেনস্থার দায়ে অভিযুক্ত বিজেপি সাংসদ তথা ভারতের কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিংকে নিয়ে ফের বিতর্ক। বেঙ্গালুরুতে হবে কাম্বালা বা মোষের দৌড় প্রতিযোগিতা।
তাতেই আমন্ত্রিতদের তালিকায় ছিল ব্রিজ ভূষণের নাম। বিভিন্ন মহল থেকে এর প্রতিবাদ জানানো হতে থাকে। চাপের মুখে পড়ে অবশেষে পিছু হঠলেন উদ্যোক্তারা।

কর্নাটকে মোষ দৌড়কে বলা হয়ে থাকে কাম্বালা (Kambala)। দক্ষিণ কন্নড় জেলায় প্রতি বছরই সাড়ম্বরে পালিত হয় জনপ্রিয় ও অভিনব এই ক্রীড়া প্রতিযোগিতা। মূলত কৃষক সম্প্রদায়ের মানুষজন এতে মেতে থাকেন। তবে এবার এই ইভেন্ট আয়োজন করা হচ্ছে বেঙ্গালুরুতে। শনিবার সকালে এর উদ্বোধন করবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা বিএস ইয়েদুরাপ্পা।
বিকেলের কাম্বালা ইভেন্টের সূচনায় হাজির থাকবেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। বেঙ্গালুরু কাম্বালা সমিতি যে আমন্ত্রিতদের তালিকা প্রকাশ করেছিল তাতেই কুস্তিগীরদের যৌন নির্যাতনে অভিযুক্ত ব্রিজের নাম নিয়েই আপত্তি ওঠে। বেঙ্গালুরুর প্যালেস গ্রাউন্ডে হবে কাম্বালা ইভেন্ট। দু-দিনে ৬-৭ লক্ষ লোকের জমায়েত পারে। সেখানে ব্রিজকে চাইছেন না সিংহভাগ নাগরিক।
২৬ নভেম্বর কুস্তিগীরদের সংবর্ধনা দিতে ব্রিজ ভূষণকে আনার পরিকল্পনা করেছিলেন উদ্যোক্তারা। তবে তাঁদের পিছু হঠতে হয়েছে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রাক্তন বিবিএমপি কাউন্সিলর তথা বেঙ্গালুরু কাম্বালা কমিটির অরগানাইজিং প্রেসিডেন্ট উমেশ শেঠীর দাবি, উদ্যোক্তারা আমন্ত্রণ জানাননি। ব্রিজ ভূষণকে আমন্ত্রণ জানিয়েছেন কিছু কুস্তিগীরই।
শেঠীর দাবি, উদ্যোক্তাদের অনেকেই ব্রিজ ভূষণকে চেনেন না। তাঁর নাম ব্রশিওরে ছাপা হওয়ায় দুঃখপ্রকাশ করা হয়েছে। ব্রশিওর ছাপানোর দায়িত্বে যাঁরা ছিলেন তাঁরাও বিষয়টি উদ্যোক্তাদের নজরে আনা হয়নি বলে দাবি। অবশ্য আয়োজকদের একজন দাবি করেছেন, ব্রিজকে আমন্ত্রণ করা হয়েছিল। তিনি আসার বিষয়ে সম্মতি দেননি। তবে বিতর্ক এড়াতে তাঁর নাম বাদ দেওয়া হয়েছে।
ওই সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ, সিদ্দি সম্প্রদায়ের কুস্তিগীররা বিজেপির কারও হাতে সংবর্ধিত হওয়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন। সে কারণেই ব্রিজ ভূষণের নাম উঠে আসে। কুস্তিগীরদের জন্য ভিডিও বার্তার মাধ্যমে শুভেচ্ছাবার্তা আনার চেষ্টা চলছে বলে জানান এক উদ্যোক্তা। যদিও তাঁর সেই বার্তা চালানো সম্ভব কিনা তা নিয়েও প্রশ্ন উঠছে।
কেন না, যৌন নির্যাতনের দায়ে অভিযুক্ত ব্রিজ ভূষণকে কোনওভাবেই মানা হবে না বলে জানিয়েছে কংগ্রেস। ব্রিজ ভূষণকে কাম্বালা ইভেন্টে আমন্ত্রণ জানানোর প্রেক্ষিতে নারীবাদীরা সমালোচনা করছেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ারও। স্বাভাবিকভাবেই বিজেপি সাংসদকে নিয়ে অস্বস্তিতে পড়েছে সরকারও।












Click it and Unblock the Notifications