বিশ্বের বৃহত্তম হকি স্টেডিয়ামটিও ভারতে, স্বীকৃতি দিল আন্তর্জাতিক হকি সংস্থা, কেন মুখ পুড়ল বিজেপির?
আমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামটি ক্রিকেটে বিশ্বের সর্ববৃহৎ স্টেডিয়াম। এবার বিশ্বের বৃহত্তম হকি স্টেডিয়ামটিরও স্বীকৃতি পেল ভারতই। বিজেপি বিধায়কের দাবি উড়িয়ে সেই স্বীকৃতি দিয়েছে ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন। হকি বিশ্বকাপের ম্যাচ হচ্ছে ওডিশায়। রৌরকেল্লার বীরসা মুণ্ডা স্টেডিয়ামটিকেই বিশ্বের বৃহত্তম অল-সিটার ফিল্ড হকি-স্পেসিফিক অ্যারেনার স্বীকৃতি দিয়েছে এফআইএইচ। একে বলা হয়েছে ওয়ার্ক অব আর্ট।

বিশ্বের বৃহত্তম হকি স্টেডিয়াম
নবীন পট্টনায়কের নেতৃত্বাধীন ওডিশা সরকার আগেই দাবি করেছিল রৌরকেল্লার নবমির্মিত স্টেডিয়ামটিই বিশ্বের বৃহত্তম হকি স্টেডিয়াম। দর্শকাসনের নিরিখেই এটিকে বৃহত্তম হকি স্টেডিয়াম বলে দাবি করেছিল ওডিশা সরকার। স্টেডিয়ামটি বীরসা মুণ্ডার নামাঙ্কিত। যদিও ওডিশা সরকারের দাবিকে মান্যতা দেননি বিজেপি বিধায়ক শঙ্কর ওরাম। সুন্দরগড় জেলার বীরমিত্রপুরের বিধায়কের দাবি ছিল, এটি বৃহত্তম নয়, বিশ্বের চতুর্থ বৃহত্তম স্টেডিয়াম।

বিজেপি বিধায়কের দাবি খারিজ
যদিও বিজেপি বিধায়কের সেই দাবি খারিজ করেছে খোদ এফআইএইচ। আন্তর্জাতিক হকি সংস্থা জানিয়ে দিয়েছে স্টিল সিটি রৌরকেল্লার কাছেই অবস্থিত স্টেট অব দ্য আর্ট স্টেডিয়ামটি সত্যিই বিশ্বের বৃহত্তম। এফআইএচ এই স্টেডিয়ামের স্থাপত্যশৈলীর প্রশংসা করে জানিয়েছে, এটি বিশ্বের বৃহত্তম অল-সিটার ফিল্ড হকি-স্পেসিফিক অ্যারেনা। উদ্বোধনের কয়েক দিন পর গতকালই এখানে প্রথম বিশ্বকাপের হকি ম্যাচ হলো। ভারতও এখানেই হারিয়ে দিল স্পেনকে। এর আগে কোনও সিনিয়র ইন্টারন্যাশনাল ইভেন্ট বা ম্যাচ এখানে হয়নি। বিশ্বকাপ আয়োজনে হকি ইন্ডিয়া ও ওডিশা সরকারের সঙ্গে লাগাতার যোগাযোগ থাকায় এখানে বিশ্বকাপ ম্যাচ আয়োজন নিয়ে কোনও সংশয় তাদের ছিল না বলে দাবি করেছে এফআইএইচ।

স্বীকৃতি দিল আন্তর্জাতিক হকি সংস্থা
বিশ্বকাপের ৪৪টি ম্যাচের মধ্যে ২০টি ম্যাচ রাখা হয়েছে রৌরকেল্লার বীরসা মুণ্ডা স্টেডিয়ামে। বিজেপি বিধায়কের দাবি ছিল, লাহোরে ন্যাশনাল হকি স্টেডিয়ামে আসন-সংখ্যা ৪৫ হাজার, সেটিই বিশ্বের বৃহত্তম। চণ্ডীগড় হকি স্টেডিয়ামে ৩০ হাজার ও লস অ্যাঞ্জেলেসের ওয়েইনগার্ট স্টেডিয়াম (মাল্টিপারপাস)-এ ২২,৩৫৫ দর্শকাসন রয়েছে। বিজেপি বিধায়ক দাবি করলেও এতদিন বিশ্বের বৃহত্তম হকি স্টেডিয়াম বলে কোনও স্টেডিয়াম চিহ্নিত ছিল না। তবে এফআইএইচ রৌরকেল্লার বীরসা মুণ্ডা স্টেডিয়ামকে সেই স্বীকৃতি দিল।

অত্যাধুনিক ব্যবস্থা, তৈরি রেকর্ড সময়ে
জানা গিয়েছে, বীরসা মুণ্ডা স্টেডিয়ামটি হকি বিশ্বকাপ আয়োজনের জন্য অত্যন্ত তৎপরতার সঙ্গে তৈরি করা হয়েছে। স্টেডিয়াম তৈরিতে সময় লেগেছে ১৫ মাস। রৌরকেক্লার কাছেই বিজু পট্টনায়ক ইউনিভার্সিটি অব টেকনোলজির ১২০ একর ক্যাম্পাসে ৩৫ একর জমির উপর ২০০ কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছে এই স্টেডিয়ামটি। ৮০ কোটি টাকায় এখানে ওয়ার্ল্ড কাপ ভিলেজ তৈরি করা হয়েছে। রয়েছে দুই শতাধিক ঘর। অন্তত ৮টি দলের থাকার ব্যবস্থা রয়েছে। স্টার ফেসিলিটি প্রদান করছে তাজ গ্রুপ। ড্রেসিংরুম থেকে প্র্যাকটিস মাঠে যাওয়ার টানেল রয়েছে। ফিটনেস সেন্টার থেকে সুইমিং পুল সবই রয়েছে। প্রত্যেকেই এখানকার ব্যবস্থাপনায় মুগ্ধ।












Click it and Unblock the Notifications