Exclusive: ৪৯ বছর পর অলিম্পিকে পুরুষদের হকির শেষ চারে ভারত, উচ্ছ্বসিত গুরবক্স সিং
Exclusive: ৪৯ বছর পর অলিম্পিকে পুরুষদের হকির শেষ চারে ভারত, উচ্ছ্বসিত গুরবক্স সিং
পুরুষদের হকিতে ভারত অলিম্পিক থেকে শেষ পদক এনেছিল ১৯৮০ সালে। মস্কো থেকে সেই সোনা জয়ের পর আর ভারতীয় দল পুরুষদের হকিতে শেষ চারেই পৌঁছাতে পারেনি। তবে এবার সেই বাধা কাটিয়ে গ্রেট ব্রিটেনকে উড়িয়ে শেষ চারে পৌঁছে গেল মনপ্রীত সিংয়ের নেতৃত্বাধীন ভারত। মঙ্গলে প্রতিপক্ষ বিশ্বচ্যাম্পিয়ন বেলজিয়াম। ভারতের খেলায় খুশি হলেও বেলজিয়াম ম্যাচ ৫০-৫০ বলেই মনে করছেন অলিম্পিয়ান তথা প্রাক্তন ভারত অধিনায়ক গুরবক্স সিং।

চক দে ইন্ডিয়া
আজ কোয়ার্টার ফাইনালে ভারত গ্রেট ব্রিটেনকে ৩-১ গোলে হারিয়েছে। সাত মিনিটে দিলপ্রীত সিংয়ের ভারতকে এগিয়ে দেয়। ১৬ মিনিটে গুরজন্ত সিংয়ের করা গোলে ব্যবধান বাড়ে। ৫৭ মিনিটে ম্যাচে ভারতের তৃতীয় ফিল্ড গোলটি করেন হার্দিক সিং। ৪৫ মিনিটে ইয়ান স্যামুয়েল ওয়ার্ড গ্রেট ব্রিটেনের একমাত্র গোলটি করেন। এদিনের ম্যাচে ভারতকে কিছুক্ষণ খেলতে হয় দশজনে। অধিনায়ক মনপ্রীত সিং হলুদ কার্ড দেখে বেরিয়ে যাওয়ার পর।

৪৯ বছর পর
১৯৮০ সালের পর ফের অলিম্পিক থেকে পদক আনার আশা জাগিয়েছেন মনপ্রীত সিংরা। ভারতীয় দল যেভাবে অস্ট্রেলিয়ার কাছে সাত গোল হজম করার পরও টানা জিতে পুল এ থেকে দ্বিতীয় স্থান দখলে রেখে কোয়ার্টার ফাইনালে গিয়েছে এবং আজ গ্রেট ব্রিটেনকে পরাস্ত করল, তাতে ভারতের খেলা দেখে খুশি প্রাক্তন জাতীয় অধিনায়ক তথা অলিম্পিয়ান গুরবক্স সিং। ১৯৬৪ সালে টোকিও অলিম্পিকে ভারত সোনা জিতেছিল হকিতে, সেই দলের সদস্য গুরবক্স সিং। ১৯৬৮ সালে ভারত ব্রোঞ্জ জিতেছিল মেক্সিকো অলিম্পিকে, সেই অলিম্পিকে গুরবক্স সিং ছিলেন অন্যতম অধিনায়ক। গুরবক্স ওয়ানইন্ডিয়া বেঙ্গলিকে বলেন, খুব ভালো লাগছে আমাদের দল ভালো খেলছে দেখে। ৪১ বছর পর ফের পদক আসতে পারে। সেমিফাইনালে উঠলে পদকের পথ খুলে যায়। চারটি দলের মধ্যে তিনটি দল যে কোনও একটি পদক জিতবে। আমি আশা করব, ভারত ফাইনালেও উঠবে ভালো খেলে।

মনপ্রীতের অধিনায়কত্বে সন্তুষ্ট
১৯৭৬ সালে মন্টরিয়াল অলিম্পিকে ভারতীয় দলের কোচ গুরবক্স সিং অস্ট্রেলিয়া ম্যাচে ভারতের সাত গোল হজমের প্রসঙ্গে বলেন, এমন খারাপ হারের পরও যেভাবে ভারত ঘুরে দাঁড়িয়েছে তা প্রশংসনীয়। খেলায় এমন হতেই পারে। সিডনি বা লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে মাত্র একটি গোলের জন্য আমরা তো সেমিফাইনালেই উঠতে পারিনি। আজও তৃতীয় ও চতুর্থ কোয়ার্টারে যেভাবে গ্রেট ব্রিটেন চাপ রেখেছিল তাতে যদি গোল হয়ে যেত ফল অন্যরকম হতেই পারত। কিন্তু এখন আমরা সেমিফাইনালে। মনপ্রীত খুব ভালো খেলার পাশাপাশি ভালো নেতৃত্বও দিচ্ছেন। আজ মনপ্রীতকে হলুদ কার্ড দেখানোটা দুর্ভাগ্যজনক সিদ্ধান্ত। নীলকান্ত শর্মার খেলা ভালো লেগেছে। সিমরনজিৎ, গুরজন্ত সিংরাও ভালো পাস খেলেছেন।

সেমিফাইনাল নিয়ে
অলিম্পিকের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে গতবার রিও অলিম্পিকের সোনাজয়ী আর্জেন্তিনাকে ছিটকে দেওয়া জার্মানি। ভারতের সামনে বেলজিয়াম। গুরবক্স সিংয়ের কথায় বেলজিয়াম আর্জেন্তিনার থেকেও ভালো দল। ভারতের লড়াই তাই সহজ হবে না। ম্যাচ ফিফটি-ফিফটি বলেই মনে হচ্ছে। ভালো ম্যাচ হবে। কোন দল কতটা ভালো কতটা শক্তিশালী তা বিচার্য নয়। সংশ্লিষ্ট দিনে কোন দল ভালো খেলছে, কম ভুল করছে টিমগেমের ক্ষেত্রে সেটাই বড় দিক।

অলিম্পিক হকিতে ভারত
আজ প্রথম কোয়ার্টারে ভারত এগিয়ে ছিল ১-০ গোলে। দ্বিতীয় কোয়ার্টারে ২-০ ব্যবধানে এগিয়ে ছিলেন মনপ্রীতরা। তৃতীয় কোয়ার্টারে ব্যবধান কমায় গ্রেট ব্রিটেন। কিন্তু চতুর্থ কোয়ার্টারেও লিড ধরে রেখে খেলা শেষের কিছু আগে ব্যবধান বাড়ায় ১০ জনের ভারত। ১৯৮০ সালের সোনা জয়ের পর থেকে ভারতের পুরুষ হকি দল ক্রমাগত নীচে নেমেছে। ১৯৮৪-তে পঞ্চম, ১৯৮৮-তে ষষ্ঠ, ১৯৯২ সালে সপ্তম, ১৯৯৬-এ অষ্টম, ২০০৪ ও ২০০৬ সালে সপ্তম স্থানে থেকে অলিম্পিক অভিযান শেষ করেছিল ভারত। ২০০৮ সালে যোগ্যতা অর্জনেই ব্যর্থ হয়। ২০১২ সালের অলিম্পিকে ভারত দ্বাদশ স্থানে ছিল। ২০১৬ সালে রিও অলিম্পিকে ভারতের স্থান ছিল অষ্টম। ফলে এবারের টোকিও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে দেশের পতাকাবাহক মনপ্রীতের দল পদক জয়ের আশা জিইয়ে রাখল শেষ চারে পৌঁছে গিয়ে।












Click it and Unblock the Notifications