Bangladesh: আইনশৃঙ্খলা নিয়ে ভারতের দাবিকেই মান্যতা দিলেন ইউনূস! বললেন, 'জঘন্য হামলার খবর আসছে'
Bangladesh: বাংলাদেশজুড়ে প্রশ্নের মুখে মহিলা সুরক্ষা! কার্যত প্রত্যেকদিনই সে দেশে ধর্ষণ, শ্লীলতাহানির ঘটনা ঘটে চলেছে। এই ইস্যুতে অবশেষে মুখ খুললেন প্রধান উপদেষ্টা প্রফেসর মহম্মদ ইউনুস। গত কয়েকদিন ধরে এই ইস্যুতে তীব্র সমালোচনা-বিক্ষোভের ঘটনা ঘটলেও কার্যত চোখ বন্ধ রাখেন। শুক্রবারই বাংলাদেশের আইনশৃঙ্খলা নিয়ে মুখ খোলে ভারতও। পরিস্থিতি ভয়ঙ্কর উদ্বেগজনক জায়গায় পৌঁছে গিয়েছে বলেও বিদেশমন্ত্রকের তরফে দাবি করা হয়।
এরপরেই হুশ ফিরল ইউনূসের। তাঁর দাবি, সম্প্রতি নারীদের ওপর যে জঘন্য হামলার খবর আসছে, তা গভীরভাবে উদ্বেগজনক। এটি 'নতুন বাংলাদেশ' এর যে স্বপ্ন আমরা দেখছি তার সম্পূর্ণ বিপরীত। আমরা এই 'নতুন বাংলাদেশে' নারী-পুরুষ সবার সমান অধিকার প্রতিষ্ঠা করতে অঙ্গীকারাবদ্ধ। আমরা আমাদের সব শক্তি প্রয়োগ করে এই অধিকার প্রতিষ্ঠা করার কাজ চালিয়ে যাব বলেও এদিন মন্তব্য করেন প্রধান উপদেষ্টা (Bangladesh) ।

আজ শনিবার গোটা বিশ্বজুড়েই আন্তজাতিক মহিলা দিবস পালিত হচ্ছে। বাংলাদেশেও এদিন আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানে যোগ দেন মহম্মদ ইউনূস। আর সেখানেই বাংলাদেশে একের পর এক ঘটে যাওয়া মহিলাদের অত্যাচার নিয়ে মুখ খোলেন। প্রধান উপদেষ্টা বলেন, নারী-বিরোধী যে শক্তি মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে, তাকে আমরা দেশের সকল মানুষকে সঙ্গে নিয়ে অবশ্যই মোকাবিলা করবো।
ইউনূসের কথায়, আমাদের সমাজে এখনও এমন বহু মানুষ আছে যারা নিপীড়িত নারীদের পাশে দাঁড়ানোর বদলে তাদের খাটো করে দেখে, অবজ্ঞার চোখে দেখে। অথচ নারীর প্রতি সহিংসতা, নারী নির্যাতন প্রতিরোধ করতে হলে, বৈষম্যহীন, সুন্দর বাংলাদেশ গড়তে হলে নারীর পাশে দাঁড়ানোর, তাদেরকে সমর্থন জানানোর, কোনো বিকল্প নেই। দৃষ্টিভঙ্গি পাল্টানোর কথাও এদিন শোনা যায় নোবেলজয়ীর বক্তব্যে। তাঁর কথায়, এই কাজ না করা হলে জাতি হিসাবে বাংলাদেশ কখনই এগোবে না বলেও এদিন মন্তব্য করেন।
আর এমন হঠাত বোধদয়ে বাংলাদেশেই আরও একবার সমালোচনার মুখে পড়েছেন ইউনূস। অনেকেই বলছেন, গত কয়েকমাস ধরে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ। মহিলা রাস্তায় তো দূর, ক্যাম্পাসে পর্যন্ত নিরাপদ থাকছেন না। নানাভাবে হেনস্তা করা হচ্ছে। পরিস্থিতি এতটাই খারাপ যে সন্ধ্যা নামার আগে বাড়িতে ঢুকে পড়ছেন মহিলারা। এমন পরিস্থিতির জন্য ইউনূসকে কার্যত শুক্রবারই কড়া বার্তা দিয়েছে খালেদা জিয়ার দল বিএনপি। কড়া হাতে পরিস্থিতি যাতে মোকাবিলা করা হয় সেই বার্তাও দেওয়া হয়।












Click it and Unblock the Notifications