টোকিও অলিম্পিকে সিন্ধুর দাপটের দিনই প্রয়াত দেশের ব্যাডমিন্টন লেজেন্ড নাটেকর
টোকিও অলিম্পিকে সিন্ধুর দাপুটে জয়ের দিনই প্রয়াত দেশের ব্যাডমিন্টন লেজেন্ড নাটেকর
টোকিও অলিম্পিকে পিভি সিন্ধুর দাপুটে জয়ের দিনই প্রয়াত হয়েছেন নন্দু নাটেকর। ৮৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন দেশের ব্যাডমিন্টন গ্রেট। বুধবার বাড়িতেই বিশ্বের প্রাক্তন তিন নম্বর ব্যাডমিন্টন তারকার মৃত্যু হয়েছে বলে পরিবারের তরফে জানানো হয়েছে। দেশের ক্রীড়া জগতে শোকের ছায়া।

পরিবারের তরফে বলা হয়েছে যে দীর্ঘদিন ধরে বয়সজনিত অসুস্থতায় ভুগছিলেন ভারতীয় কিংবদন্তি। গত তিন মাস ধরে বাড়িতেই তিনি শয্যাশায়ী ছিলেন বলে পিটিআই-কে জানিয়েছেন নন্দু নাটেকরের পরিবারের সদস্যরা। আজই তাঁর শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা। অতিমারীর আবহে জনসমাগম এড়িয়ে এই ক্রিয়া শেষ করা হবে বলে নাটেকরের পরিবারের তরফে জানানো হয়েছে।
১৫ বছর ধরে ব্যাডমিন্টন সার্কিটে সক্রিয় থাকা নন্দু নাটেকর মোট ১০০টি জাতীয় ও আন্তর্জাতিক খেতাব জিতেছেন। দেশের প্রথম শাটলার হিসেবে বিদেশেও খেতাব জেতা কিংবদন্তিকে ১৯৬১ সালে অর্জুন পুরস্কারে ভূষিত করা হয়েছিল। ১৯৫৬ সালে মালেশিয়ার সিলেনজার ইন্টারন্যাশনাল খেতাব জিতেছিলেন প্রাক্তন ভারতীয় তারকা। ১৯৫৪ সালের অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিলেন কিংবদন্তি শাটলার। নিজের সময়ে বিশ্বের অন্যতম সেরা ব্যাডমিন্টন খেলোয়াড় হয়ে ওঠা নাটেকর সেই সময় বিশ্ব ক্রমতালিকার তৃতীয় স্থান দখল করেছিলেন। যা নিয়ে ভারতের গর্বের অন্ত ছিল না।
১৯৫১ থেকে ১৯৬৩ সালের মধ্যে থমাস কাপের সিঙ্গলস ইভেন্টে ভারতের হয়ে ১৬টির মধ্যে ১২টি ম্যাচ জিতেছিলেন প্রয়াত ভারতীয়। একই টুর্নামেন্টে দেশের হয়ে ডাবলসে ১৬টির মধ্যে আটটি ম্যাচ জিতেছিলেন নাটেকর। টুর্নামেন্টে ১৯৫৯, ১৯৬১, ১৯৬৩ সংস্করণে দেশকে নেতৃত্বও দিয়েছিলেন প্রয়াত শাটলার। ১৯৬৫ সালের জামাইকা কমনওয়েলথ গেমসে ভারতকে প্রতিনিধিত্ব করা নাটেকরের প্রয়াণকে অপূরণীয় ক্ষতি হিসেবে দেখা হচ্ছে। যাঁর পুত্র গৌরব নাটেকর টেনিসে সাত বারের জাতীয় চ্যাম্পিয়ন ছিলেন।












Click it and Unblock the Notifications