Babita Phogat: ‘বই বিক্রির জন্য আত্মসম্মান বিক্রি করে দিচ্ছেন কেন?’ সাক্ষীকে পাল্টা আক্রমণ ববিতার
সাম্প্রতিক সময়ে ভারতীয় কুস্তিতে সাফল্য কম, বিতর্ক বেশি। ২০২৩ সালের এপ্রিল মাস থেকে ব্রিজভূষণ কাণ্ড নিয়ে যার সূত্রপাত। এরপর ভারতীয় কুস্তি সাক্ষী থেকেছে একাধিক বিতর্কের। এবার আত্মজীবনী প্রকাশ করে তাতে একের পর এক বিস্ফোরক কাহিনি লিখেছে নতুন বিতর্ককে নতুন মাত্রা দিয়েছেন সাক্ষী মালিক। এবার পাল্টা মুখ খুললেন বিজেপি নেত্রী তথা কুস্তিগীর ববিতা ফোগাট।
সাক্ষী মালিক সম্প্রতি তাঁর আত্মজীবনী প্রকাশ করেছেন। বইয়ের নাম 'উইটনেস'। যার বাংলা অর্থ সাক্ষী। অত্যন্ত কৌশলের সঙ্গেই নামটিকেই ভিন্ন অর্থে ব্যবহার করে আত্মজীবনী লিখেছেন অলিম্পিক্সে পদকজয়ী কুস্তিগীর নিজের আত্মজীবনীতে সাক্ষী ববিতা ফোগতকে নিয়েও লিখেছেন। বিজেপি নেত্রী ববিতাই তাদের আন্দোলনে নামার বার্তা দেন বলে অভিযোগ করেছেন সাক্ষী।

বুধবার সমাজ মাধ্যমে ববিতা লিখেছেন, 'নিজের আলোয় আলোকিত হওয়ার চেষ্টা করুন। অন্য একজনের আলোয় কতক্ষণ চলতে পারবেন? কেউ পেল বিধানসভার টিকিট, কেউ পেল অন্য কোনও পদ। দিদি, আপনি তো আর কিছুই পেলেন না। তোমার কষ্টটা আমরা সবাই বুঝতে পারছি। নিজের লেখা বই বিক্রি করতে গিয়ে আত্মসম্মান বিক্রি করে দিচ্ছেন কেন।'
ববিতা ফোগতের সমর্থনে বোনের পাশে দাঁড়িয়েছেন দিদি গীতা ফোগত। তিনিও সমাজ মাধ্যম লিখেছেন, 'কিছু খেলোয়াড় ববিতা ফোগতকে ঢাল হিসেবে ব্যবহার করে নিজেদের কার্যসিদ্ধি করতে চাইছে। ববিতা একেবারেই নিজের পরিশ্রম এবং সততার দমে সাফল্য অর্জন করেছে। কুস্তি সংস্থার সভাপতি হওয়ার লোভ কার মধ্যে ছিল, তা আমরা সকলেই জানি। সত্যকে বিভ্রান্ত করা যায়, তাকে কখনই ঢেকে রাখা যায় না।'
৩২ বছরের জীবনে অনেক ঘটনারই 'সাক্ষী' থেকেছেন ভারতীয় তারকা মহিলা কুস্তিগীর। সেইসব ঘটনা তুলে ধরেছেন সাক্ষী নিজের আত্মজীবনীতে। এই বইতে সাক্ষী উল্লেখ করেছেন, ২০১২ সালে ব্রিজভূষণ শরণ সিং কুস্তি সংস্থার প্রধান হওয়ার সময় তিনি জানতেনই না কী ভাবে এই সংস্থা পরিচালিত হয়। শুধু জানতেন চার বছর অন্তর নির্বাচনের কথা। পরে সাক্ষী বুঝতে পারেন কী ভাবে রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে দিনের পর দিন ক্ষমতার অলিন্দে থেকে যাচ্ছেন ব্রিজভূষণ।












Click it and Unblock the Notifications