সিন্ধু থেকে মেরি, টোকিও অলিম্পিকে ভারতকে পদক জয়ের মুখ দেখাতে পারেন কারা?
সিন্ধু থেকে মেরি, টোকিও অলিম্পিকে ভারতকে পদকের মুখ দেখাতে পারেন কারা?
আগামী ২৩ জুলাই থেকে টোকিওয় শুরু হচ্ছে অলিম্পিক। এবার ভারত থেকে মোট ১২৬ জন অ্যাথলিট মেগা গেমসে অংশ নিতে চলেছেন। যা এক রেকর্ড। এত সংখ্যক অ্যাথলিটের অংশগ্রহণের কারণে ভারতের পদক জয়ের সম্ভাবনাও বেড়ে গিয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক দেশের হয়ে এবারও পদক জয় করতে পারেন কোন কোন অ্যাথলিট।

পিভি সিন্ধু
২০১৬ সালের রিও অলিম্পিকে রূপোজয়ী পিভি সিন্ধু টোকিওতেও ভারতের পদক জয়ের অন্যতম আশা। গত অলিম্পিকে সোনা না পাওয়ার জ্বালা এবার মেটাতে চান হায়দরাবাদি শাটলার। ভারতের প্রথম ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়ন করোনা ভাইরাসের জেরে লকডাউনে নিবিড় অনুশীলনে মগ্ন ছিলেন। তার প্রতিফলন টোকিও অলিম্পিকে দেখা যাবে বলে বিশ্বাস ক্রীড়া প্রেমীদের।

মেরি কম
ছয় বারের বিশ্ব চ্যাম্পিয়ন মেরি কম, ২০১২ সালের অলিম্পিকে ব্রোঞ্জ পদক জিতেছেন। মেগা গেমস থেকে সোনা জিততে না পারার জ্বালা তিনি এবার মেটাতে চান বলে আগেই জানিয়েছিলেন ভারতীয় বক্সার। চার সন্তানের মা মেরিকে অলিম্পিকের ৫১ কেজি বিভাগে এবারই হয়তো শেষবার নামতে দেখা যাবে। তাই তাঁর কাছ থেকে সেরাটা আশা করেন ক্রীড়াপ্রেমীরা।

সৌরভ চৌধুরী
১৯ বছরের সৌরভ চৌধুরীকে টোকিও অলিম্পিকে ভারতের হয়ে পদক জয়ের অন্যতম দাবিদার ধরা হচ্ছে। এত অল্প বয়সে বিভিন্ন বিশ্বকাপ থেকে ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্ট থেকে আটটি সোনা, তিনটি রূপো ও দুটি ব্রোঞ্জ জিতেছেন এই ভারতীয় শুটার। এশিয়ান গেমসের সোনা ধরে নিজের সংক্ষিপ্ত কেরিয়ার এখনও পর্যন্ত মোট ২৩টি পদক জিতেছেন সৌরভ। এই প্রথমবার তিনি অলিম্পিকে অংশ নিতে চলেছেন। তাঁর কাছ থেকে ভালটাই আশা করা হচ্ছে। সৌরভ চৌধুরীর সঙ্গে জুটি বেঁধে বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টের ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড ইভেন্ট থেকে একাধিক সোনা জিতেছেন মনু ভাকর। এই জুটির কাছ থেকেও টোকিও অলিম্পিকে পদক আশা করা হচ্ছে।

ভিনেশ ফোগাত
ফোগাত পরিবারের পরম্পরা বহন করা ভিনেশ এবারের অলিম্পিকে ভারতের অন্যতম আশা হতে চলেছেন। টোকিওয় মহিলাদের ৫৩ কেজি ফ্রিস্টাল কুস্তি ইভেন্টে বিশ্বের এক নম্বর তারকা হিসেবে যুদ্ধে অবতীর্ণ হবেন। দিদি গীতা ও ববিতা ফোগাতের পরম্পরা ভিনেশ বজায় রাখতে পারেন কিনা, সেদিকে তাকিয়ে থাকবে বিশ্ব।

বজরং পুনিয়া
কুস্তি বিভাগে টোকিও অলিম্পিক থেকে ভারতের পদক জয়ের আরও এর আশা বজরং পুনিয়া। এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমসে ভারতের হয়ে সোনা জেতা এই কুস্তিগীর টোকিও গেমসে পুরুষদের ৬৫ কেজি ফ্রিস্টাইল বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করতে নামবেন। অর্জুন, পদ্মশ্রী ও রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারজয়ী বজরং টোকিও অলিম্পিক থেকেও সোনা জিতে ফিরতে পারেন কিনা, তা দেখার।

দীপিকা কুমারী
প্যারিসে সদ্য শেষ হওয়া বিশ্বকাপে তিনটি সোনা জেতা দীপিকা কুমারীকে নিয়ে এখন চর্চা চরমে। যে ফর্ম ও ধারাবাহিকতা অব্যাহত রেখে এই ভারতীয় তিরন্দাজ বিশ্ব তালিকার শীর্ষ স্থান দখল করেছেন, তাতে গর্বিত হয়েছে দেশ। এবং টোকিও অলিম্পিকের মহিলাদের রিকার্ভ ইভেন্টে দীপিকার কাছ থেকে পদক আশা করছেন ক্রীড়া প্রেমীরা। স্বামী অতনু দাসের সঙ্গে তাঁর জুটি গেমসের মিক্সড রিকার্ভ ইভেন্টে পদক জিততে পারে বলে মনে করা হচ্ছে।

অমিত পানঘাল
এশিয়ান গেমসে সোনাজয়ী অমিত পানঘাল এই প্রথমবার অলিম্পিকে অংশ নিতে চলেছেন। পুরুষদের ৫২ কেজি বক্সিং বিভাগে তিনি এবার পদক জিততে পারেন বলে মনে করেন বিশেষজ্ঞরা।












Click it and Unblock the Notifications