Asian Games: এশিয়ান গেমসে পদকের লক্ষ্যে বাংলার প্রণতি, পৌঁছে গেলেন ভল্ট ও অল-অ্যারাউন্ড ফাইনালে
Asian Games: এশিয়ান গেমসের ভল্টে ভারতের পদকের আশা জিইয়ে রাখলেন প্রণতি নায়েক। ভারত থেকে প্রণতিই একমাত্র আর্টিস্টিক জিমন্যাস্ট যিনি হাংঝৌ এশিয়াডে অংশগ্রহণ করেছেন।
প্রণতি আজ নেমেছিলেন কোয়ালিফিকেশন সাবডিভিশনে। সেখান থেকেই আদায় করে নিলেন ভল্ট ও অল-অ্যারাউন্ড ফাইনালের ছাড়পত্র।

কোয়ালিফিকেশন সাবডিভিশন ১-এ ভল্টে প্রণতির স্কোর সর্বোচ্চ। যার মধ্যে ডিফিকাল্টি ৪.৪ এবং এক্সিকিউশন ৮.৪৬৬, সর্বমোট ১২.৭১৬। অল অ্যারাউন্ড রেজাল্ট অনুযায়ী প্রণতি থাকেন ২৩ নম্বর স্থানে। অ্যাপারেটাস রেজাল্টের নিরিখে বাংলার এই জিমন্যাস্ট ষষ্ঠ স্থান সুনিশ্চিত করেছেন।
কোরিয়া, জাপান, চিন, উজবেকিস্তানের জিমন্যাস্টদের চ্যালেঞ্জ সামলাতে হবে প্রণতিকে। ২৮ সেপ্টেম্বর মহিলাদের ভল্ট ফাইনাল। এক্সিকিউশনে সামান্য ভুলত্রুটি এড়াতে পারলে প্রণতি ১২.৯০০ স্কোরে পৌঁছে যেতে পারতেন। শীর্ষ স্থানাধিকারী কোরিয়ান জিমন্যাস্টের স্কোর ১৩.৮৩৩। প্রথম চারে থাকা সকলেরই স্কোর ১৩-র উপরে।

প্রণতির প্রথম ভল্টটি ছিল সুকাহারা ব্যাক স্ট্রেট ৩৬০ উইথ সিঙ্গল রোটেশন। বিশ্বকাপে প্রণতি ১৩-র উপর স্কোর করলেও এদিন স্কোর হয় ১২.৮। দ্বিতীয় ভল্ট ছিল ফরওয়ার্ড হ্যান্ডস্প্রিং ৩৬০ টার্ন। এখানেও এক্সিকিউশন ও ল্যান্ডিংয়ে কিছু সমস্যা ছিল। গত জুনে এশিয়ান চ্যাম্পিয়নশিপে প্রণতির গড় স্কোর ছিল ১২.৭৩৩।
প্রণতি ছিলেন প্রথম সাবডিভিশন ফাইনালে। এরপর আরও দুটি সাবডিভিশন ফাইনালের পর প্রণতির ফাইনালে ওঠা নিশ্চিত হয়। প্রণতি সুকাহারা ৭২০ দিয়ে পদক জয়ের চেষ্টা চালাবেন বলে মনে করা হচ্ছে। তিনি বলেছেন, নিজের সেরাটাই দেব। কোচের সঙ্গে কথা বলে যেটা ভালো হয় সেই রণকৌশলই নেব। আমি আত্মবিশ্বাসী। আত্মবিশ্বাস আরও বাড়ানোরই চেষ্টা করছি।
বুধবার অল-অ্যারাউন্ড ফাইনাল রয়েছে। বৃহস্পতিবার রয়েছে মহিলাদের ভল্ট ফাইনাল।












Click it and Unblock the Notifications