Asian Games: মনঃসংযোগে চিড় ধরানোর বিতর্কিত ষড়যন্ত্র ব্যর্থ! এশিয়ান গেমসে জ্যাভলিনে নীরজের সোনা, কিশোরের রুপো
Asian Games: এশিয়ান গেমসে নীরজ চোপড়ার মনঃসংযোগে চিড় ধরানোর প্রয়াস ব্যর্থ। ড্য়াং ড্যাং করে হাংঝৌ এশিয়াডেও জ্যাভলিনে সোনা জিতলেন নীরজ চোপড়া। কিশোর জেনা জিতলেন রুপো।
নীরজের চতুর্থ প্রয়াসটি ছিল ৮৮.৮৮ মিটারের। যা চলতি মরশুমে নীরজের সেরা থ্রো। ৯০ মিটার দূরত্বে বর্শা নিক্ষেপের লক্ষ্য এখনও অপূর্ণ থাকলেও ফের সোনা জিতে নীরজ গর্বিত করলেন দেশকে।

নীরজের প্রথম থ্রো-র পর নজিরবিহীন কাণ্ড ঘটে। নীরজ প্রথমবার বর্শা নিক্ষেপ করে ফেরার সময় দেখেন কতটা দূরত্বে তিনি জ্যাভলিন ছুড়েছেন তা সিস্টেমে দেখা যাচ্ছে না। রেস্ট এরিয়াতে গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করার পরও তিনি যখন জানতে পারেননি তাঁর থ্রো কত মিটারের ছিল, তখন তিনি কার্যত অসন্তুষ্ট হয়েই যান রেফারির কাছে।
দেখা যায়, রেফারিরা নীরজকে বোঝানোর চেষ্টা করছেন। বলা হয়, যে যন্ত্রপাতির সাহায্যে থ্রো-র দূরত্ব পরিমাপ করা হয় তা নাকি কাজই করেনি। যার জেরে নীরজকে ফের বর্শা নিক্ষেপ করতে বলা হয়। সমস্যা এখানেই শেষ হয়নি। ভারতের কিশোর জেনার দ্বিতীয় প্রয়াসটি ফাউল বলে চিহ্নিত হয়। যদিও তাঁর পা লাইন স্পর্শ করেনি।
কিশোর গিয়ে রেফারিকে জানালে পরে সেটি বৈধ থ্রো বলে বিবেচিত হয়। ভারতীয়দের ক্ষেত্রেই এই ঘটনা ঘটে। যা অনেকেই মনে করছেন, জ্যাভলিন থ্রোয়ারদের মনঃসংযোগে চিড় ধরাতে এমনটা করা হয়ে থাকতে পারে। যদিও এইসব প্রতিবন্ধকতা পেরিয়ে এশিয়াড জ্যাভলিনের একটি ইভেন্টেই সোনা ও রুপো জিতে ইতিহাস গড়ল ভারত।

নীরজের প্রথম থ্রো ছিল ৮২.৩৮ মিটারের, দ্বিতীয় থ্রো ৮৪.৪৯ মিটারের। চতুর্থ থ্রো ছিল ৮৮.৮৮ মিটারের। পঞ্চম থ্রো ৮০.৮০ মিটারের। ষষ্ঠ থ্রো-র আগেই কে কোন পদক পাবেন নিশ্চিত হয়ে যায়। কিশোর জেনা ৮৭.৫৪ মিটার থ্রো-র দৌলতে রুপো জিতলেন। এটি তাঁর ব্যক্তিগত সেরা পারফরম্যান্স।
জাপানের জেনকি রডেরিক ডিন ৮২.৬৮ মিটারের থ্রো-র সৌজন্যে ব্রোঞ্জ পেয়েছেন। চলতি বছর ডায়মন্ড লিগ ও বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপেও দাপুটে পারফরম্যান্স উপহার দিয়েছেন। ডায়মন্ড লিগের ফাইনালে অবশ্য ট্রফি হাতছাড়া হয়েছিল নীরজের। ইউজিনে ডায়মন্ড লিগে নীরজের সেরা থ্রো ছিল ৮৩.৮০ মিটারের।
৩১ অগাস্ট জুরিখ ডায়মন্ড লিগে নীরজ দ্বিতীয় হয়েছিলেন, সেই থ্রো ছিল ৮৫.৭১ মিটারের। বুদাপেস্টে বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রথম ভারতীয় হিসেবে বিশ্বচ্যাম্পিয়ন হন ৮৮.১৭ মিটার থ্রো-র দৌলতে। সেই নজিরকে এশিয়াডে ছাপিয়ে গেলেন টোকিও অলিম্পিক্সে জ্যাভলিনে সোনাজয়ী নীরজ।












Click it and Unblock the Notifications