Asian Games: এশিয়ান গেমসে চিনের চুরি ধরা পড়তেই রুপো জিতলেন জ্যোতি, হেপ্টাথলনে ব্রোঞ্জ হাতছাড়া স্বপ্নার
Asian Games: এশিয়ান গেমসের অ্যাথলেটিক্সে আজ ধরা পড়ল চিনের চুরি। আর তাতে নাটকীয় পরিস্থিতিতে মহিলাদের ১০০ মিটার হার্ডলসে রুপো জিতলেন ভারতের জ্যোতি ইয়ারাজি।
ফল্স স্টার্টের কারণ দেখিয়ে প্রথমে বাদই দেওয়া হয়েছিল জ্যোতিকে। এমনকী বলা হয়, দৌড়ালেও তাঁর পারফরম্যান্স ধরা হবে না। এই পরিস্থিতিতেও মনের অসম্ভব জোর নিয়ে ট্র্যাকে নামেন জ্যোতি এবং জেতেন পদক।

হাংঝৌয়ে ১০০ মিটার হার্ডলস ইভেন্টের ফাইনালের আগে লেন ৫ থেকে জ্যোতিকে সরে দাঁড়াতে বলেন অফিসিয়ালরা। এবারের এশিয়ান গেমসে জ্যোতি পদক জিতবেন, সেটা অনেক আগে থেকেই মনে করা হচ্ছিল। তাঁকে ট্র্যাকে নামতে অফিসিয়ালরা বাধা দিতেই তিনি আর্জি জানান ফাইনালে অংশগ্রহণের অনুমতির জন্য।
জ্যোতির সঙ্গে চিনের উ ইয়ান্নিকেও ফাইনালে নামার ক্ষেত্রে বাধা দেওয়া হয়েছিল। অভিযোগ, তাঁরা বন্দুকের শব্দের আগেই নিজেদের পজিশন পরিবর্তন করেছিলেন। অনুনয়-বিনয়ের পরও তাঁদের বলা হয় দৌড়ালেও তাঁদের পারফরম্য়ান্স পদকের ক্ষেত্রে বিচার্য হবে না। এরপর দুই অ্যাথলিটই ট্র্যাকে যান এবং দৌড় শুরু করেন।
ইয়ান্নি প্রথম স্থান অধিকার করেন। চিনের লিন ইউওয়েই পান দ্বিতীয় স্থান। জ্যোতি ইয়ারাজ্জি দখল করেন তৃতীয় স্থান। এরই মধ্যে রিপ্লেতে দেখা যায় জ্যোতিকে অন্যায়ভাবে ফাইনালে নামার ক্ষেত্রে বাধা দেওয়া হয়েছিল। কেন না, যখন দৌড় শুরুর সংকেত দেওয়া হয় তখনও মাটিতেই হাত ছিল জ্যোতির। অর্থাৎ সঠিক পজিশনেই ছিলেন।
এরপরই ভারতীয় অ্যাথলেটিক্স টিম সরব হয়। অঞ্জু ববি জর্জরা গিয়ে প্রতিবাদ জানান এশিয়ান গেমসের আধিকারিকদের কাছে। কেন ফাইনালের দৌড় শুরুর আগে এমন পরিস্থিতিতে জ্যোতিকে পড়তে হলো তা নিয়ে প্রশ্ন তোলা হয়। এই পরিস্থিতিতে পদক-প্রাপকের তালিকাও সরকারিভাবে জানানো হয়নি। পরে অবশ্য জানানো হয় চিনের অ্যাথলিটই ভুল করেছিলেন, জ্যোতি নন।
যার ফলে ফাইনালে সকলের চেয়ে এগিয়ে থেকেও ইয়ান্নির পদক হাতছাড়া হয়। এক ধাপ উঠে রুপো জেতেন জ্যোতি।

এদিকে, বাংলার মেয়ে স্বপ্না বর্মনও পদক পেলেন না এশিয়ান গেমসে। অল্পের জন্য ব্রোঞ্জের লড়াই থেকে ছিটকে যান। মহিলাদের হেপ্টাথলনে ব্রোঞ্জ জিতেছেন নন্দিনী আগাসারা। ৮০০ মিটার রেসে বাজিমাতের ফলে ব্রোঞ্জ পদক নিশ্চিত হয় তাঁর। ২০০ মিটার রেসেও তিনি এগিয়ে ছিলেন। ৮০০ মিটার রেসে তৃতীয় স্থান পান স্বপ্না।
হেপ্টাথলনে নন্দিনীর মোট পয়েন্ট দাঁড়ায় ৫৭১২। স্বপ্নাকে থামতে হয় ৫৭০৮ পয়েন্ট নিয়ে।












Click it and Unblock the Notifications